মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 607

বুধবার অক্সফোড্রের ২০ লাখ ডোজ করোনার টিকার চালান দেশে আসছে

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া ভারতের উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকার ২০ লাখ ডোজের প্রথম চালানটি বুধবার দেশে আসছে।

সোমবার রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত সরকার উপহারস্বরূপ ২০ লাখ ডোজ টিকা দিচ্ছে এবং সে চালান ২০ জানুয়ারি দেশে আসবে এই মর্মে সরকারের উচ্চ মহলের একটি চিঠি পেয়েছি।

বাণিজ্যিকভাবে বেক্সিমকো ফার্মা এ টিকা আমদানি করছে। তাদের চালানটি ২৬ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান আসবে। এ টিকা ১৮ বছরের নিচের কাউকে দেয়া হবে না। ইতোমধ্যেই কারা টিকা পাবেন তার তালিকা তৈরি হয়েছে। বিশেষভাবে তৈরি সফটওয়্যারে নাম লিপিবদ্ধ করে টিকা পেতে হবে।

গাংনী পৌর নির্বাচনে হারা প্রার্থীর ভিডিও ভাইরাল

0
পরাজিত কাউন্সিলর প্রার্থী মোকলেছুর রহমান -ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত প্রার্থী খালের পানিতে ডুব দিয়ে কান ধরে তওবা করেছেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠান্ডা মধ্যে উদম শরীরে কান ধরে খালের পানিতে ডুব দিচ্ছেন প্রার্থী মোকলেছুর রহমান।

এ সময় তিনি ওয়াদা করেন, বেঁচে থাকা পর্যন্ত জীবনে কমিশনার ভোট আর করবো না, করবো না, করবো না।’

পরাজিত কাউন্সিলর প্রার্থী মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে যায়। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।

উল্লেখ্য, গাংনী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দীন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।

সন্ত্রাস ও জঙ্গি দমনে ঐক্যবদ্ধ হতে হবে : রাষ্ট্রপতি

0
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের (শীতকালীন) ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলে সশস্ত্র বাহিনীর একটি বাদক দল বিউগলে ‘ফ্যানফেয়ার’ বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানান। সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশের পর জাতীয় সংগীত বাজানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভায় অনুমোদিত লিখিত ভাষণের সংক্ষিপ্ত অংশ পাঠ করেন। সংবিধানের বিধান অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরে ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন, দল-মত-পথের পার্থক্য ভুলে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি।

তিনি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাক্সক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।

রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ-জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। এছাড়া দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সব ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন হলো সাফল্যের সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ। করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৫২৫টি সাধারণ বেড, ৬৬৬টি আইসিইউ এবং ৭৩টি ডায়ালাইসিস বেড, ৫৫৪টি ভেন্টিলেটর, ১৩ হাজার ৫১৬টি অক্সিজেন সিলিন্ডার, ৬৭৮ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা এবং ৬৩৯টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

করোনা টিকা সরকার দ্রুত দিতে পারবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, করোনা মহামারি মোকাবিলায় বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড এবং ভারতের সেরাম ইনস্টিটিউট অব লাইফ সাইনসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে তিন কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় সিএমএসডি’র মাধ্যমে জরুরিভিত্তিতে ভ্যাকসিন ক্রয় বাবদ ৬০ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া হয়। আমি আশা করছি, সরকার খুব শিগগিরই দেশের জনগণকে করোনা টিকা দিতে পারবে।

আবদুল হামিদ বলেন, আমরা আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দারপ্রান্তে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথেই আমাদের আরও এগিয়ে যেতে হবে। এ বছর মধ্য-আয়ের দেশ হিসেবে আমরা ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ পালন করবো। তবে, আমাদের লক্ষ্য ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্ষম হবো।

পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : তথ্যমন্ত্রী

0
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, পৌর নির্বাচনে দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটা কাক্সিক্ষত নয়। অতীতে আমাদের দেশে স্থানীয় নির্বাচনে এমন সহিংসতা সংঘটিত হয়েছে। আমরা যদি ভারতের দিকে তাকাই, তাহলে দেখা যাবেÑ ২০১৮ সালের দেশটির পঞ্চায়েত নির্বাচনে ১৯ জন প্রাণ হারিয়েছিলেন। সেই তুলনায় আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। কোথাও কোথাও ৬০ শতাংশের বেশি ভোটার কেন্দ্রে এসেছিল। সার্বিকভাবে ৬১ শতাংশের বেশি ভোটার ছিল। ইভিএম পদ্ধতিতেও ৫৭ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন ।

তিনি আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগ ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছে। বিএনপি পেয়েছে প্রায় ১৮ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থীরা ৪৬টি পৌরসভায় বিপুল ভোটে জয়লাভ করেছেন। চারজন বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। তার মধ্যে আবার একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। এ ছাড়া জাসদ, জাতীয় পার্টির একজন করে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের পর বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে প্রথম দফার নির্বাচনে ও দ্বিতীয় দফার নির্বাচনে পরাজয়ের দুর্বলতা ঢাকতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ ধরনের বক্তব্য দিয়েছেন। তাদের অনুরোধ জানাবো বাস্তবতা অনুধাবন করুন। সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই বাস্তবতা মেনে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করলে বিএনপি লাভবান হবে।

বিএনপি-জামায়াত দোয়া মাহফিলের আয়োজন করে সেখানেও সরকারবিরোধী ষড়যন্ত্র করে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময় বলে আসছিÑ বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এবং বাংলাদেশে আরও কিছু শক্তি ও গোষ্ঠী আছে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শেষ পর্যন্ত আমরা দেখলাম দোয়া মাহফিলকেও ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করছে তারা। এটি আসলেই দুঃখজনক।

আওয়ামী লীগের দলীয় কোন্দল বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীতেও যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

পৌর নির্বাচনে জনগণের সাড়া নেই : ফখরুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলমান পৌর নির্বাচনে জনগণের কোনো সাড়া নেই। কারণ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে জনগণ বিশ্বাসযোগ্য মনে করে না। এই সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তাদের সরকারি যন্ত্রকে যত্রতত্র ব্যবহার করছে। বিএনপিসহ বিরোধীদলকে নিশ্চিহ্নকরণের যাবতীয় উদ্যোগ আয়োজনে কোনো কমতি নেই।

তিনি বলেন, গণতন্ত্রহীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিনা ভোটে স্থানীয় ক্ষমতা আয়ত্তে নিতে বিরোধী নেতাকর্মীদের রক্তে হাত রঞ্জিত করা হচ্ছে। ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালটবাক্স ভর্তি করে ক্ষমতা দখলের ধারাবাহিকতায় এখন পৌর নির্বাচনগুলোতেও সহিংস সন্ত্রাসে উদ্বুদ্ধ হয়েছে সরকারের মদতপুষ্ট দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, বরিশালে পৌর নির্বাচনী সভা চলাকালে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা এবং নেতাকর্মীদের আহত করা আওয়ামী সন্ত্রাসের আরও একটি ন্যক্কারজনক উদাহরণ।

বিএনপি মহাসচিব বলেন, সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ। জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনা নিঃসন্দেহে সুপরিকল্পিত আক্রমণ। আমি এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আহতদের আশুসুস্থতা কামনা করছি। এই সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

ইবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশন গঠন

0
ইসলামী বিশ্ববিদ্যালয় -ফাইল ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) নির্বাচন কমিশন গঠনে গঠনতন্ত্র লঙ্ঘন করার অভিযোগ ওঠেছে।

রবিবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের মূলতবি সভায় অধ্যাপক ড. কে এম আব্দুস সুবহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এই কমিশন। একটি পক্ষের নোট অব ডিসেন্টের পরেও গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি এক সভায় নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার প্রস্তাব তোলা হয়। কিন্তু সদস্যরা এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলে সভা মুলতবি করা হয়। সর্বশেষ রবিবার আবারো সভা ডেকে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান সভাপতি। এ সময় শিক্ষকদের একটি পক্ষ বন্ধ ক্যাম্পাসে কমিশন গঠন ও নির্বাচনী কার্যক্রম গঠনতন্ত্রের পরিপন্থি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষুদ্ধ শিক্ষকরা বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার পরামর্শ দেন। এছাড়া সাধারণ সভা ডেকে বিষয়টি সমাধান করার প্রস্তাব করেন বিরোধিতা কারীরা। এক পর্যায়ে বেশ কয়েকজন শিক্ষক নোট অব ডিসেন্ট দিয়ে সভাস্থল ত্যাগ করেন। তবে নোট অব ডিসেন্টের পরেও সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়।

এ বিষয়ে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, নোট অব ডিসেন্টের পরেও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন গঠন হলো। সমিতিকে ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অন্যান্য শিক্ষকদের দাবিকে অগ্রাহ্য করে সভাপতির এমন আচরণ মোটেই কামনা করিনা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ডিসেম্বরে নির্বাচন হয়নি। তবে এখন বিভিন্ন বিভাগে পরীক্ষা শুরু হয়েছে, একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন সভা হচ্ছে এবং ক্যাম্পাসে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।

উল্লেখ্য, শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুসারে, ১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে হবে। ১০ কার্যদিবসের আগে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ এর ২ (খ) দফায় বলা হয়েছে, যদি ডিসেম্বরে ক্যাম্পাস বন্ধ থাকে তবে ক্যাম্পাস খোলার ৩০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পরবর্তী ১০ দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

হাসানুল হক ইনু করোনায় আক্রান্ত

0
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১৬ জানুয়ারি দিনগত রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে ইনুর গানম্যান করোনা আক্রান্ত হন।

করোনাভাইরাসের আক্রান্ত সন্দেহ তিনি নিজে ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে টেস্ট করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শে দ্বিতীয় দফাই একটি বেসরকারি হাসপাতালে করোনার টেস্ট করান। কিন্তু সেই রিপোর্টে নেগেটিভ আসে। পরে চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করতে বলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক তথ্যমন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে।

খুলনার সাংবাদিক বালু হত্যা মামলায় ৫ আসামীর যাবজ্জীবন

0
সাংবাদিক হুমায়ুন কবীর বালু -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দৈনিক জন্মভূমির সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকা- মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

সোমবার দুপুরে অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এ মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। হত্যাকা-ের পরদিন (২৮ জুন, ২০০৪) খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুটি মামলা করেন।

রাজবাড়ীতে মায়ের ইচ্ছা পূরণে প্রার্থী হলেন ছেলে

0
rajbai-DROHO-18P1

রাজবাড়ী প্রতিনিধি

মৃত মা’র ইচ্ছা পূরণে রাজবাড়ী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করলেন ছেলে মাহবুবুর রহমান পলাশ।

রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র দাখিলের পর রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ওই কাউন্সিল প্রার্থী।

তিনি আরো জনান, করোনায় আক্রান্ত হয়ে তার মা সম্প্রতি মারা যান। মায়ের স্বপ্ন ছিলো ছেলে যেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে মানুষের সেবা করে। মায়ের কথা ছিলো, একজন কাউন্সিলরের দায়িত্ব কি ? সেটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। তিনি নির্বাচিত হতে পারলে সেটাই করবেন। নিজের নির্বাচনী ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর প্রার্থীর বড় ভাই ব্যবসায়ী রুহুল পারভেজ বলেন, মায়ের খুব ইচ্ছা ছিলো পলাশকে পৌর কাউন্সিলর হিসেবে দেখার।

এসময় সাবেক কাউন্সিলর আরবান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম রেজা লিটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লাসহ পরিবারের সদস্য ও কর্মী সমর্থকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে পরীক্ষা বাতিলের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ক্লাস বাদে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত সহ ৪ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোব ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে।

রবিবার সকালে কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভ কালে শিক্ষার্থীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে কোন ধরনের ক্লাস, ব্যবহারিক পরীক্ষা না নিয়ে আগামী ফেব্রুয়ারী মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় সূচি দিয়েছে। এতে আামাদের দুই সেমিস্টার যেমন গ্যাপ হয়েছে তেমনি আমরাও অনেক কিছু শিখতে পারিনি। অন্যদিকে অনেক দরিদ্র শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না। তাই এই সকল সমস্যা সমাধান ব্যাতীত যেন পরীক্ষা না নেওয়া হয় সেই দাবিতেই এই আন্দোলন। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে দুপুর ১২ টার দিকে সমস্যা সমাধাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...