চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

0
16

দ্রোহ অনলাইন ডেস্ক

বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে।

পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো কিছু সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। আবার কিছু সবজির দাম কমেছে। তবে তেল, চিনি, ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আটাশ চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৩-৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।

তবে বাড়েনি গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে কেনা যাচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। সঙ্গে বেড়েছে ধানের দাম, আছে মৌসুমি প্রভাবও। সব মিলিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় চালের দাম বেড়েছে।

মালিবাগ বাজারে চাল ব্যবসায়ী চিশতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে। পরিবহন খরচ বেশি হওয়ায় চালের দামেও এর প্রভাব পড়ছে। এতে কয়েক ধরনের চাল প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

এদিকে সবজির বাজারে বেগুন ৭০-৮০ টাকা, শিম ১২০-১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পটোল ও ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

তবে বাজারে বেশ কমেছে পেঁপের দাম। পেঁপে ২০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১২০ টাকা।

সবজি বিক্রেতা এনামুল হক বলেন, দুই-একটা পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম তেমন বাড়েনি। কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে। সামনে শীতে নতুন সবজি উঠবে। তখন দাম আরও কিছুটা কমবে।
অন্যদিকে, বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৮২০ থেকে ৮৫০ টাকা।

মাছের বাজারে রুই মাছের দাম ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি। কই মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা, পাঙ্গাস ২৩০ টাকা, পাবদা ৩৫০ টাকা কেজি দরে।

Share this news as a Photo Card