শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলামের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বড় ভাই এর বিরোধের সূত্রপাত হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে মজিবুল ইসলাম এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিপদজনক যাত্রা

0

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের চাকার মাট ঘাটের উপর বসেছে। দ্রুত গতি সম্পন্য নছিমন গাড়ি নিয়ন্ত্রন জটিলতা দেখা দিলেই ঘটতে পারে বয়াবহ দুর্ঘটনা। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা থেকে শুক্রবার দুপুরে ছবিটি তোলা।

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা।

শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত উপস্থিত থেকে বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় শ্মশানের নির্দিষ্ট জায়গাটি বুঝিয়ে দেন।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি মাধবপুরে অবস্থিত তাদের একমাত্র শ্মশান ঘাট গত বছর পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এই ইউনিয়নের ঠাকুর দৌলতপুর এলাকায় দাস সম্প্রদায়ের প্রায় ৩৫-৪০টি পরিবারের বসবাস। তারা আগেও কয়েকবার শ্মশান ঘাটের জন্য আবেদন করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাধার সৃষ্টি হয়।

শ্মশান বিলীন হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী কাছে তারা দুই মাস আগে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় অবশেষে তাদের জমির ব্যবস্থা হয়। বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় প্রায় এক বিঘা খাসজমি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দাস সম্প্রদায়ের লোকদের বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সুধীর দাস বলেন, গত এক বছরে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ছিল শ্মশান ঘাট নিয়ে। আমাদের কেউ মারা গেলে তাকে মাটিচাপা দেওয়ার মতো এক টুকরো জমিও এই পৃথিবীতে ছিল না।

তিনি বলেন, বড় পূজার আগে উপজেলা প্রশাসন শ্মশানের ব্যবস্থা করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ভাগ্য ভালো, গত এক বছরে আমাদের কেউ মারা যায়নি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত জানান, দুই মাস আগে দাস সম্প্রদায়ের শ্মশান ঘাট নেই জেনে তখন থেকেই উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছি। জেলা প্রশাসকও সাহায্য করেছেন। সৃষ্টিকর্তার এই জমিনে মানুষের শেষ আশ্রয়স্থল থাকবে না—এটা হতে পারে না।

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

0

যশোর সংবাদদাতা

যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের দিকে শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালান বাহিনীর সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এগুলো জব্দ করে পরবর্তী আইনগত নিতে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দূর্গাপূজা উপলক্ষে কোথাও নাশকতা করার পরিকল্পনা করছিল। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে।

পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো কিছু সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। আবার কিছু সবজির দাম কমেছে। তবে তেল, চিনি, ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আটাশ চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৩-৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।

তবে বাড়েনি গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে কেনা যাচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। সঙ্গে বেড়েছে ধানের দাম, আছে মৌসুমি প্রভাবও। সব মিলিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় চালের দাম বেড়েছে।

মালিবাগ বাজারে চাল ব্যবসায়ী চিশতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে। পরিবহন খরচ বেশি হওয়ায় চালের দামেও এর প্রভাব পড়ছে। এতে কয়েক ধরনের চাল প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

এদিকে সবজির বাজারে বেগুন ৭০-৮০ টাকা, শিম ১২০-১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পটোল ও ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

তবে বাজারে বেশ কমেছে পেঁপের দাম। পেঁপে ২০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১২০ টাকা।

সবজি বিক্রেতা এনামুল হক বলেন, দুই-একটা পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম তেমন বাড়েনি। কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে। সামনে শীতে নতুন সবজি উঠবে। তখন দাম আরও কিছুটা কমবে।
অন্যদিকে, বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৮২০ থেকে ৮৫০ টাকা।

মাছের বাজারে রুই মাছের দাম ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি। কই মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা, পাঙ্গাস ২৩০ টাকা, পাবদা ৩৫০ টাকা কেজি দরে।

প্রশ্নফাঁস : গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করেছে এসআরবি-৩। গ্রেফতার সাতজনের মধ্যে পাঁচজনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর, এনবিআরের কম্পিউটার অপারেটর, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক রয়েছেন।

গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প, ব্যাংক চেক, সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ চক্র পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে তদন্তসংশ্লিষ্ট দল।

তবে প্রশ্নপত্রের মূল উৎস এখনো শনাক্ত করা যায়নি। গ্রেফতার ব্যক্তিরা প্রশ্নপত্র ফেসবুকের মাধ্যমে পাওয়ার দাবি করলেও এ বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে পারেননি। প্রশ্নফাঁসের মূল উৎস খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি বলেন, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় মোট ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেন। বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ওইদিন সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়।

ঢাক ও দুর্গাউৎসব

0

ঢাকের বাদ্য দুর্গাপূজা গুরুত্বপূর্ণ অংশ। মহাষষ্ঠীর বিহিত পূজা থেকে বিজয়া পর্যন্ত পূজার প্রতিটি পর্বে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর প্রদীপের আলোয় পূজা অর্চনা চলে। ঢাকের বাদ্যে মুখর করে তোলে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আঙ্গিনা। মহাষষ্ঠী পূজার আগেই ঢাক মন্দিরে পৌচ্ছাতে হবে। তাই ঢাক নিয়ে ঢাকিরা দলবেঁধে মন্দিরে মন্দিরে যাত্রা করেছে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসার জানিপুর বাজার থেকে তোলা ঢাকিদের ছবি।

সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমদ খান।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসা ছিলেন। এসময় মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান বলেন, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে। এসময় তার সঙ্গে থাকা তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। তিনি মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতেন।

রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

‎কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৪) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১২টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।
‎
‎নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা থানার দাঙ্গাপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে। তিনি গাজীপুরে একটি অফিস থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১৬ দাগ মুন্সিপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোকলুকুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
‎
‎পুলিশ জানায়, পুলিশের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ট্রেন থেকে পড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, রাতে ১২ টার পরে যেকোনো সময় ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।

শারদীয় দুর্গোৎসবে বিশেষ নিরাপত্তার দায়িত্ব নিলো বিজিবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সাত দিন রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

এ লক্ষ্যে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এরই ধারাবাহিকতায়, যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ণ চারটি জেলার মোট ৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৭০০ বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ৫ প্লাটুন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গত ১০ থেকে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলো একাধিকবার রেকি ও পরিদর্শন করা হয়েছে।

পাশাপাশি, পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখবেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হবে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, কু্ষ্িটয়া ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ দুইটি জেলার প্রায় ৮১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর।

এ লক্ষ্যে সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...