রবিবার, নভেম্বর ১৫, ২০২৬.
Home Blog Page 2

লালনের আখড়ায় মাদকবিরোধী অভিযান দুই হাজার কলকে জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। প্রতিবছর এ অনুষ্ঠানে অংশ নিতে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে সমবেত হন দেশ-বিদেশের লাখো বাউল, সাধক ও লালনভক্ত। এবারের আয়োজনকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমারখালীর লালন আখড়াবাড়ির মেলারমাঠ থেকে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের কলকে উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। যার দাম প্রায় দুই লক্ষাধিক টাকা। উদ্ধারকৃত এসব কলকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

পুলিশ জানায়, গত রউববার থেকে শুরু হওয়া অভিযান বৃহস্পতিবারও চলে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় প্রায় ২০০ পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ছেঁউড়িয়া এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সারাদেশের মানুষ মনে করেন, লালন মেলা মানেই মাদকের আড্ডা। প্রতিবারই দেখা যায়, আলোচনা মঞ্চের আশপাশে সারারাত মাদক সেবন ও কেনাবেচা চলে। আবার প্রশাসন তা পাহারা দেয়। এটা খুবই লজ্জাজনক। এবার মেলায় যেন মাদক না থাকে।

কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান জানান, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে সারাদেশ থেকে নানা বয়সী অসংখ্য ভক্ত আসেন। তাদের অনেকেই উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় ছোট ছোট দলে বসে মাদক সেবন করেন। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীও থাকেন। তবে মাদক সেবনে কেউ বাধা দেন না। এতে সচেতন নাগরিক ও প্রকৃত বাউলসাধকরা ক্ষুব্ধ। এবার যেন মাদকমুক্ত উৎসব হয়।

চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ বছর ধরে আখড়াবাড়িতে আসেন শান্ত ফকির। তিনি বলেন, ‘গাঁজার সঙ্গে ফকির লালনের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সাধুভক্তরা কখনোই মাদকের ওখানে যান না। আমরাও চাই মাদকমুক্ত অনুষ্ঠান হোক।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এবার লালন উৎসব মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। আজ দুপুরে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের কলকে জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে প্রতিদিনই এমন অভিযান অব্যাহত থাকবে।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, এবার মাদকমুক্ত লালন উৎসব করতে পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।

সুন্দরবন এক্সপ্রেস যাত্রাবিরতি শুরু করলো কুমারখালীতে

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির শুরু করেছেন। ট্রেনটির আপ-ডাউনে দুই মিনিটর সময় বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় যাত্রা সাধারণ ওঠা-নামার সুযোগ পাবে।

রাজধানী ঢাকাগামী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির কুমারখালী রেলস্টেশন যাত্রা বিরতির দাবিতে ২০২৩ সালে আন্দোলন শুরুকরে। দলমত নিবিশেষে সব শ্রেণি পেশার মানুষ এ আন্দোলনে শরিক হন। চলতি বছরের জুনমাস পর্যন্ত অন্তত ৬বার স্টেশন চত্বরে আন্দোলন – সংগ্রাম ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে অবশেষে স্টেশনে ৭২৫/৭২৬ নম্বর আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি শুরু হলো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ১৩ মিনিটে মাত্র দুই মিনিটের যাত্রাবিরতি ছিল ট্রেনটির। এতেই ব্যাপক খুশি সর্বস্তরের মানুষ।

কুমারখালী স্টেশন চত্বরে গিয়ে দেখা যায়, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক – শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার হাজারো মানুষের ভিড়। কারো হাতে ফুলের মালা – স্ট্রিক, আবার কারো হাতে আতজবাজি। ট্রেনটিকে স্বাগত জানিয়ে কয়েকটি স্কাউট দলের কোনোটি বাজাচ্ছে ড্রামসেট, কেউ দিচ্ছে স্কাউট তালি। প্রথমবার ট্রেনটির যাত্রাবিরতিতে স্টেশন চত্বরে যেন ব্যাপক উৎসাহ – উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিতরণ করা হচ্ছে মিষ্টি। এসব দৃশ্য আবার অনেকেই মুঠোফোনে ধারণ করছেন।

এ সময় কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় স্কাউট দলের লিডার সানজিদা আজিজ বলেন, বহুল কাঙ্খিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রথমবার থামছে। সেজন্য ট্রেনটিকে স্বাগত জানাতে তার দল স্কাউট তালি দিচ্ছে। অন্যতল বাজাচ্ছে ড্রামসেট।

কুমারখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, ট্রেন থামার খবরে শত শত মানুষ ছুটে এসেছে। স্টেশন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এখন থেকে মাত্র তিন ঘণ্টায় মানুষ ঢাকা চলাচল করতে পারবে। এতে সকলেই খুশি।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সকাল ১১টা ২০ মিনিটে থামবে এবং খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে রাত একটা ৩৭ মিনিটে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়ার কথা জানালের কুমারখালী রেলস্টেশনের মাস্টার জাহিদুর রহমান।

ইতিহাস – ঐতিহ্য, ব্যবসা – বাণিজ্য ও সংস্কৃতির নগরী কুমারখালীতে এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি চালু হয়েছে। এতে এখানকার মানুষের জীবনমান আরও উন্নত হবে বলে মন্তব্য করলেন কুমারখালী ছালপট্টি বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।

এ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য তিনবছরে ৬ বার আন্দোলন করা হয়েছে। অবশেষে সুন্দরবন ট্রেনটির যাত্রাবিরতিতে সকলেই খুশি। অনুভূতি অবর্ণনীয়।

জাসদ সভাপতি ইনুকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।

চাকরির লোভে পাচার: ২০ বাংলাদেশির ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মৃত্যু : এসআরবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে পাচার করে একটি চক্র। পরে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি ইতোমধ্যে মারা গেছেন।

এ ঘটনায় মানব পাচার চক্রটির মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)।

গ্রেফতারকৃতরা হলেন— মিজানুর রহমান (৫৫) ও মো. আবু তাহের লেন্টু (৫০)।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগীরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হতো। মূলত প্রতিপক্ষের অবস্থান শনাক্তে যুদ্ধের ময়দানে শিকার হিসেবে পাঠানো হতো তাদের। এরপর তাদের উপর প্রতিপক্ষ ড্রোন হামলা করলে হামলাকারীদের আবস্থান ও দূরত্ব শনাক্তের জন্যই তাদের শিকার হিসেবে পাঠানো হতো।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে ফরিদপুর জেলার নগরকান্দার আটাইল এলাকায় অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমান (৫৫) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. আবু তাহের লেন্টুকে (৫০) গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ভুক্তভোগী রাজন হোসেনকে (২১) কনস্ট্রাকশন সাইটের কাজের কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠায়। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। টানা ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাকেসহ বাংলাদেশী ৩০জনকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন তিনি। চার দিন কষ্ট করে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন রাজন। একপর্যায়ে আহত অবস্থায় তিনি পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফিরে আসেন।

তিনি বলেন, এরপর ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান ভুক্তভোগীর পরিবারের লোকজনকে গালমন্দ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

এসআরবি কর্মকর্তা বলেন, এই চক্রের হোতারা প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাচার করে। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি ইতিমধ্যে মৃত্যু বরণ করেছে এবং ২ জন কোন রকমে পালিয়ে দেশে ফেরৎ আসে।

এছাড়া বাকি ৮ জনের মধ্যে ২ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২জন। বাকি ৬ জন এখনও যুদ্ধের ময়দানে রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের অবস্থান শনাক্তকরণের জন্য তাদেরকে পাঠানো হয় এক ধরনের শিকার হিসেবে। যখন প্রতিপক্ষ এদের উপরে আক্রমণ করে, ড্রোন হামলা করে, তখন তারা যেন বুঝতে পারে কতদূর-কোন জায়গা থেকে তাদের উপর আক্রমণটা হলো। ড্রোন দিয়ে অ্যাটাক করা হলো। অর্থাৎ প্রতিপক্ষের অবস্থান শনাক্তকরণ বা লোকেট করার জন্যই মূলত এদেরকে শিকার হিসেবে সেখানে পাঠানো হয়।

এসআরবি জানায়, পাচার চক্রের মূলহোতা মিজান জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল এজেন্সির চেয়ারম্যান।
মিজানের জাবাল-ই-নূর ইন্টারন্যাশনালের মাধ্যমে ২১ জন ভুক্তভোগীকে রাশিয়ায় পাঠানো হয়।

আসাদুজ্জামান বলেন, বাকিদের ওই দেশে পাঠানোর পেছনে মোস্তাফিজুর রহমান ও আলী নামের আরও দুজনের সম্পৃক্ততা পেয়েছি। পাশাপাশি পাচার চক্রে হারেস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানে সম্পৃক্ততা পাওয়া গেছে।

তিনি বলেন, ভুক্তভোগী ৩০ জনকেই পাসপোর্ট থেকে শুরু করে, প্লেনে উঠিয়ে দেওয়া পর্যন্ত সব কাজ করেছিল মূলহোতা মিজান। ভুক্তভোগীরা রাশিয়া গিয়ে যখন তাদের কর্মক্ষেত্র সম্পর্কে জানতে পারে তখন ওই ৩০ জন মিজানকে অনুরোধ করেছিল যে আমাদেরকে ভুল জায়গায় আপনারা পাঠিয়েছেন। আমাদেরকে রক্ষা করেন, ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু তারা ভুক্তভোগীদের কোন কথা শোনেননি। এই বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে রাশিয়ায় দুই ব্যাক্তির জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

হুথি হামলায় বিপর্যস্ত সৌদি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চাপে পড়েছে সৌদি আরব। বিমানবন্দর, তেল স্থাপনা ও আবাসিক এলাকায় হামলায় প্রাণহানি, হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নিরাপত্তাঝুঁকিতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় হুথিরা। এতে ভবনটির একাংশে আগুন ধরে যায়। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রিয়াদে দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন।

এদিকে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত চার দফা হামলায় ১৩ জন নিহত ও চার শতাধিক আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর বিমানবন্দরটিতে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও ফ্লাইট স্থগিত করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার আশঙ্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি জনসমক্ষে আসা বন্ধ করেছেন এবং তাকে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে।

হুথিদের হামলার কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন আল-সাবাহ তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও রাজকীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয় হুথিরা।

অন্যদিকে, হুথিরা জ্বালানি ডিপো ও প্রশাসনিক ভবনকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে সৌদি জোট। পাল্টা হুঁশিয়ারিতে সানার আল-সাবাহ থেকে হোদেইদাহ ও রাস ইসা বন্দর পর্যন্ত হুথিদের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

পাল্টাপাল্টি হামলায় সৌদি আরবের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার চ্যালেঞ্জ আরও বেড়েছে। তেল সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করাই এখন দেশটির বড় উদ্বেগ।

সূত্র : আল-জাজিরা

অপারেশন ক্লিন হার্ট করার মত পরিকল্পনা নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই।

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে বুধবার চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করে তিনি কথা বলছিলেন।

চাঁদাবাজ-সন্ত্রাসীদের তৎপরতা রুখতে সরকার ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে বলে কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে। ওই অভিযান চালানো হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তবে সে খবর উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ধরনের কোনো অভিযানের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের অপারেশন ক্লিন হার্টের মত কোনো পরিকল্পনা নাই।”

আরেক সাংবাদিক এ সময় বলেন, খুলনায় পুলিশ যেখানে নিজেই রাতে চলাচলে ভয় পাচ্ছে তাহলে তারা কিভাবে মানুষের নিরাপত্তা দেবে?

জবাবে স্বারষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ অপরাধ দমন করতে গেলে, মাঝে মধ্যে আক্রমণের শিকার হয়। এটা নতুন কোন বিষয় নয়। আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।”

স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা, ডিসেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা এবং বিরোধী দলের আন্দোলন সবমিলিয়ে কোন চ্যালেঞ্জ অনুভব করছেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।”

চট্টগ্রাম সিআইডিনর সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রথম থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। আমরা সেটা গঠন করেছি। যাত্রা শুরু হয়েছে, পুলিশ সাইবার ইউনিট নামে গত ১ অক্টোবর থেকে।
“বাংলাদেশে ৮টি ডিভিশনার হেড কোয়ার্টারে আমরা খুব দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করব ইনশাল্লাহ। এই ডিজিটাল ফরেনসিক ল্যাবগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি। কোরিয়ান সরকারের সহযোগিতাও আজকে আমরা চেয়েছি।”

তিনি বলেন, “বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টেছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। স্ক্যাম হচ্ছে। এমনকি স্টক মার্কেট ম্যানিপুলেশনও সাইবার স্পেসের মাধ্যমে হচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোন বিকল্প নাই।

“আমরা সেজন্য আমাদের সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে এই ডিজিটাল অ্যানালাইসিস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেব। তাছাড়া সিআইডি প্রতিষ্ঠা লগ্ন থেকেই ক্যামিকেল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে। যেটা আমরা ভিসেরা রিপোর্ট ইত্যাদি করে থাকি।”

এর সম্প্রসারণও জরুরি হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, “কারণ জাস্টিস সিস্টেমে যদি মানুষের বিচার প্রাপ্তি তরাণ্বিত করতে চাই তাহলে এ সমস্ত অ্যানালাইসিসের প্রয়োজন হয়। এগুলো সাক্ষ্য প্রমাণের এবং সেটার সার্টিফিকেশনের প্রয়োজন হয়।

“সেহেতু আমরা যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যেহেতু অপরাধের ধরণ পাল্টেছে এখন আমাদের প্রয়োজনও এসমস্ত ক্ষেত্রে মিটাতে হবে। সেই প্রয়োজন মাথায় রেখেই আধুনিক ডিজিটাল জগতে সমস্ত ক্রাইম যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ ও প্রতিরোধ করার জন্য ওয়েল ইক্যুইপড আমরা হব। ল্যাবরেটরি ফ্যাসিলিটিজ, লজিস্টিকস এবং অন্যান্য ফেসিলিটিজ সবকিছু নিয়ে প্রস্তুত হব।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জোন ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। আরও ছিলেন অ্যাডিশনাল আইজিপি (পুলিশ হেডকোয়ার্টার্স) সরদার নুরুল আমিন এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি (সিআইডি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এলপিজি ব্যবসায়ীদের বৃহস্পতি ও শুক্রবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

গত সোমবার (১২ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার।

এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সার ডিলার নিয়োগের কোন অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে – প্রতিমন্ত্রী শাহে আলম

0

কুষ্টিয়া প্রতিনিধি

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপি’র এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোন সমস্যা হয়নি।

বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোন অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে গড়াই নদীর পাড়ে ঘোড়াইঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত ৮ অক্টোবর শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পারিবারিক বিষয় ছাড়াও এলাকার মসজিদ ও সেতু নির্মাণ নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে সেতু বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ কারণেই আজ কুষ্টিয়ায় এসেছি। শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্দেশ্যে এখানে এসেছি। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের সব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। হাতাহাতি বেধে যায় বিএনপি-ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে। সেই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজ এর সাংবাদিকসহ দুইজন। পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন।

মতবিনিময় সভায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহাম্মেদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক আবাইপুর দিবস

0

ঝিনাইদহ প্রতিনিধি

১৪ অক্টোবর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধূর দিন, ঐতিহাসিক ‘আবাইপুর দিবস’।

১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ যুদ্ধ হয়। দেশের স্বাধীনতার জন্য সেদিন পাকি হায়েনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৪ জন সাধারণ গ্রামবাসী শহীদ হন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও ত্যাগগাথার স্মারক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

৭১-এর এই দিনে শৈলকুপার আবাইপুর এলাকায় অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এই অসম ও তুমুল সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মুক্তিযোদ্ধাসহ ১৮ জন।

তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা শৈলকুপার শেখপাড়ার নজরুল ইসলাম, বন্দেখালী গ্রামের আবুল হোসেন, সিদ্ধি গ্রামের আবু জাফর, দহকোলা গ্রামের ইসমাইল হোসেন, জালশুকা গ্রামের চেতন জোয়ারদার, সুবিদাহ গোবিন্দপুর গ্রামের ইউসুফ আলী, দোহারো গ্রামের আলিমুদ্দিন, বরিয়া গ্রামের সিমার, বগুড়া গ্রামের আবু সুফিয়ান, মিনগ্রামের সিরাজুল, বরিয়া গ্রামের কাসেম আলী, খাসবগদিয়া গ্রামের আজিবর হোসেন, বরিয়া গ্রামের শাহাদত হোসেন ও কাজীপাড়ার বাবর আলী। এছাড়া পাক বাহিনী গ্রাম ছাড়ার সময় তাদের সামনে পড়ে গেলে বরিয়া গ্রামের মকছেদ আলী, মিনগ্রামের শরীফুল ইসলাম, মাধবপুর গ্রামের রুস্তম আলী ও আবাইপুর গ্রামের সৈয়দ আলীকে হত্যা করে। যুদ্ধ শেষে স্থানীয় বাসিন্দারা পরম শ্রদ্ধায় শহীদদের মরদেহ আবাইপুর সমাহিত করেন, যা আজ মুক্তিকামী মানুষের কাছে লড়াই সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আবাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক স্মরণসভা।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শৈলকুপার আবাইপুর যুদ্ধ ঝিনাইদহবাসীর জন্য এক পরম আত্মত্যাগের প্রতীক। নজরুল, আবুল, আবু জাফরদের মতো অকুতোভয় বীরদের রক্তেই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, শোষণমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের আজকের অঙ্গীকার। নতুন প্রজন্মকে আবাইপুরের মতো ঐতিহাসিক যুদ্ধগাথা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

খোকসায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন এবং খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাফ হোসেন।

অনুষ্ঠানে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ক্ষতিকর দিক ও এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি শিক্ষণীয় নাটিকা পরিবেশন করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণকে আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখান এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে ধারণা দেন।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...