রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 685

এমসি কলেজে ধর্ষণ: আটক হলো আরেক আসামী

0
Rape-Dro-28
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় রাজন নামে আরেক আসামিকে আটক করেছে র‌্যাব-৯।

রবিবার রাত ১টার দিকে সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাজন নয়াটিলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। ধর্ষণ মামলার অজ্ঞাত আসামিদের মধ্যে তিনিও একজন। রাজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

র‌্যাব-৯ এর একজন কর্মকর্তার ভাষ্যমতে, রাজনকে আত্মগোপনে সহায়তা করায় আইনুল নামে আরেক ব্যক্তিকেও আটক করা হয়েছে। এ পর্যন্ত ধর্ষণের ঘটনায় মোট ৬ জন আটক করা হলো। এর মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি চারজন। তারেক ও মাসুম নামে এজাহারভুক্ত দুই আসামি এখনও পলাতক রয়েছে।

শুক্রবারের ওই বর্বরোচিত ঘটনার পর ক্ষোভ, নিন্দা আর ধিক্কার জানিয়েছে বিভিন্ন সংগঠন। অবিলম্বে ধর্ষকদের আটকের দাবি জানান সবাই। বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের থাকতে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ১২৮ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এমন ন্যক্কারজনক ঘটনায় এক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি হলো।

ঝিনাইদহে গাঁজাসহ আটক ২

0
ঝিনাইদহ আটক দুই জন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পৌর এলাকা থেকে গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে পৌরসভার চানপাড়ার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চানপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭) ও শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১১৫ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ বলেছে, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাগুরায় মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে বৃষ্টি নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী মেয়েটি আত্মহত্যা করেছে।

শনিবার সকালের এ ঘটনায় মৃত বৃষ্টি ফুলবাড়ি গ্রামের মৃত জামেরুল মুন্সি-স্বপ্না দম্পতির মেঝো মেয়ে। সে আড়পাড়া মহিলা কওমি মাদরাসার জামাত বিভাগের ছাত্রী ছিল।

বৃষ্টির বড় বোন মিম জানান, ‘শনিবার সকালে বৃষ্টিকে মাদরাসায় যাওয়ার কথা বললে সে যেতে চায়নি। পরে আমার মাথাব্যথা করায় আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ফুফুর ডাকাডাকির শব্দে ঘুম ভেঙে উঠে দেখি বৃষ্টি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয় ঝুলছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বড় বোনের সাথে মনোমালিন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন

0
PM-DRO-28
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হন। তখন বিদেশে ছিলেন শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।

১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। একই বছর দলের সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর ওই বছরের ১৭ মে দেশে ফেরেন তিনি। ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি পাস করেন ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন তৎকালীন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে। স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কারাবন্দী পিতার আগ্রহে ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণুবিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে গৃহবন্দী থাকা অবস্থায় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

আওয়ামী লীগ জানিয়েছে, বৈশ্বিক মহামারি করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী।

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ: তরুণের যাবজ্জীবন

0
সংগৃহিত ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পিয়াস মিয়া (২১) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বাসিন্দা।

এ মামলার একমাত্র আসামি পিয়াস রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল বলেন, পিয়াসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদলাত।

জরিমানার টাকা আসামিকে পরিশোধ করতে হবে এ ক্ষেত্রে আনাদায়ের কোনো সুযোগ নেই বলেন তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসির পরিক্ষার্থী ওই কিশোরী জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উঁচা বাজার এলাকায় কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে ফুকুরহাটি মিয়া বাড়ির সামনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা পিয়াস ওই কিশোরীকে তার ওড়না মুখে পেচিয়ে রাস্তার পাশের শোনক্ষেতে নিয়ে যায়। পরে তাকে ওই শোনখেতে ধর্ষণ করে।

ওই সময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পিয়াস মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পর দিন ওই কিশোরীর মা বাদী হয়ে পিয়াসকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।

ওই বছর ২৬ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজাদ আসামি পিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে এ মামলার বাদী ওই কিশোরীর মা বলেন, “আমি এ রায়ে সন্তুষ্ট। আমরা ন্যয় বিচার পেয়েছি।”

আমার ফোনে ২৪ ঘণ্টা আড়ি পাতা হচ্ছেঃ ফখরুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তার ফোনে আড়ি পাতছে সরকার।

রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, “আমি যে ফোনে কথা বলি, এই ফোন ২৪ ঘণ্টা রেকর্ড হয়, ২৪টা ঘণ্টা এবং এটা প্রিন্ট হয়। সেই প্রিন্টের কপি আমি দেখেছি। “হ্যাঁ, এটা থেকে কেউ বাদ যাচ্ছে না। এটা কিন্তু সমাজে সমস্ত জায়গায় হয়ে গেছে।”
বাংলাদেশের বর্তমান অবস্থাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেন ফখরুল। “এটা হচ্ছে যে, ডিপ স্টেট হলে যেটা হয়, সার্ভিলেন্স। নর্থ কোরিয়ার ‘১৯৮৪’ বলে একটি ছবি আছে। যদি পারেন এটা দেখবেন। কীভাবে সাইকোলজিক্যালি, মেন্টালি এই যে ফিয়ার, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে সব কিছু প্রতিবাদ থেকে সে বিরত থাকে।

“আপনারা দেখবেন যে, মিশরে এই ঘটনাগুলো ঘটা শুরু করেছে। তারও আগে নর্থ কোরিয়াতে এগুলো চলছে।”

ওই সব দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।

“আমি তো বাংলাদেশের সঙ্গে মিল খুঁজে পাই। অত্যন্ত একই রকম ঘটনা প্রায়। এখন পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে। কোন দিকে যাবেন আপনি, কোথায় যাবেন?

“নির্মলেন্দু গুণের একটি কবিতা ছিল- ‘কোন দিকে পালাবে তুমি, কোনোদিকে পথ নেই। উত্তরের উত্তুঙ্গ পবর্তমালা, দক্ষিণে বঙ্গোপসাগর- কোন দিকে পালাবে তুমি, কোনো দিকে পথ নেই। আজকে কিন্তু বাংলাদেশের মানুষের এই একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মাগুরায় প্রাচির ভেঙে দুইজনের মৃত্যু

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের কলেজপাড়ায় সীমানা প্রাচির ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কলেজপাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার নালা নির্মাণের সময় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ভেঙে পড়ে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান। নিহতরা হলেন সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রোমান হোসেন (৩০) ও নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল (২২)। আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, নির্মাণকাজ চলার সময় ওই এলাকার রোকেয়া বেগম নামে এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচির ভেঙে পড়ে। এতে চাপা পড়ে রোমান ঘটনাস্থলে মারা যান। আর রাসেল মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এছাড়া এ ঘটনায় আহত আরও দুইজনকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানান তিনি। আহতরা হলেন রমজান (২২) ও শাকিল (২৩) নামে দুই শ্রমিক। তারাও সেখানে নির্মাণের কাজ করছিলেন।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, “এটি একটি দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুরে ২ ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0
প্রতিকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।

মঠবাড়িয়া থানার ওসি আ জ মাসুদুজ্জামান জানান, শনিবার ১৯ বছরের এই তরুণী তাদের থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের হাসান মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৪)।

গৃহবধূর নানা জানান, এক বছর আগে তার নাতির বিয়ে হয়। তার স্বামী বাড়ির বাইরে কাজে থাকায় তার বড় ভাসুর তাকে একা পেয়ে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে নাতি বিষয়টি গোপন রাখেন। পরে তার মেজো ভাসুরও তাকে একা পেয়ে ধর্ষণ করলে তিনি পরিবারকে জানান। ‘বারবার ধর্ষণ করায়’ মামলা করার সিদ্ধান্ত নেন বলে ওই গৃহবধূও জানান।

ওসি মাসুদুজ্জামান বলেন, পুলিশ আসামিদের আটকের চেষ্টা করছে। গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
রবিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

লা লিগায় কোচ জিদানের জয়ের সেঞ্চুরি

0
জিনেদিন জিদান

দ্রোহ স্পোর্টস ডেস্ক

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্পেনের শীর্ষ ফুটবলে মাদ্রিদের দলটির কোচ হিসেবে এটি তার শততম জয়।

নিজেদের আসরে প্রথম মাচ ড্র করার পর বেতিসের মাঠে শনিবার রিয়ালের জয়টি ৩-২ গোলে। রিয়ালের ডাগআউটে লিগে ১৪a৭তম ম্যাচে এসে শততম জয়ের দেখা পেলেন ২০১৬-১৭ ও ২০১৯-২০ আসরে শিরোপা জেতা জিদান। ক্লাবটির ইতিহাসে লিগে তার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল মিগুয়েল মুনোস, ২৫৭টি।

রিয়ালের ডাগআউটে জিদানের প্রথম জয়টি ছিল ২০১৬ সালের ৯ জানুয়ারি, নিজের প্রথম ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ ব্যবধানে। ঘরের মাঠে জিতেছেন মোট ৫৫ ম্যাচ, প্রতিপক্ষের মাঠে ৪৫টিতে।
এক মৌসুমে তার সবচেয়ে বেশি জয় ২০১৬-১৭ আসরে, ২৯টি। গত আসরে জিতেছিলেন ২৬ ম্যাচ। জিদানের কোচিংয়ে লিগে মোট ৩৪২ গোল করেছে দল, খেয়েছে ১৪২টি।

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের করোনায় মৃত্যু

0
Mahabub-Dro
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মেয়ের জামাই রিয়াজুল হক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা। তারা হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের সান্তনা দেন।

চলতি মাসের ৪ তারিখে জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই দিন করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

শনিবার তার অবস্থা আরও অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।

মাহবুবে আলমের পুত্র সাংবাদিক সুমন মাহবুব এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার পিতা রাত ৭টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম। মাহবুবে আলম মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...