রেললাইনে বসে গেম খেলায় কাল হলো কিশোরের
চুয়াডাঙ্গাপ্রতিনিধি
রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক কিশোর।
মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর বসে গেম খেলায় বিভোর ছিল ওয়ালিদ হোসেন বিদ্যুত নামে এ কিশোর। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় সে রক্তাক্ত জখম হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদিগ্রামের আকরাম হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন বিদ্যুত (১৮) চাকরির সুবাদে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা শহরে অবস্থান করছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় সে রক্তাক্ত জখম হয়।
তাকে উদ্ধার করে আলমডাঙ্গার পপুলার মেডিকেল সেন্টার ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার তার মৃত্যু হয়।
খোকসায় এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক দিনের এ্যাডভকেসি সভা অননুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে।
সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা অফিসার সৈয়দ নাজনিন আলম প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কমরুজ্জামান।
অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ১৫দিন ব্যাপী এ কর্মসূচি চলবে। এবারে প্রায় ১৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়।
দৌলতদিয়ায় ট্রাকের দীর্ঘ লাইন
রাজবাড়ী প্রতিনিধি
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক।
অপরদিকে যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি বিকল থাকায় বর্তমানে এ রুটে চলছে ছোট বড় ১৫টি ফেরি। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় শতাধিক ও ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। তবে সিরিয়ালে থাকতে হচ্ছে না যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িকে।
জানা যায়, নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র ¯্রােত দেখা দিয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতার কারণে চলছে ড্রেজিং কার্যক্রম। আবার মেরামতজনিত কারণে বন্ধ রয়েছে ৩টি ফেরি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদী পারাপারে ফেরিগুলোর সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ এবং কমে গেছে ফেরির ট্রিপের সংখ্যাও। যার কারণে দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল তৈরি হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, এই নৌরুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে এবং ৩টির মেরামত চলছে। ¯্রােত ও নাব্য সংকটে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু ট্রাক সিরিয়ালে আছে। তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ভ্যাকসিন কাজ করবে তার কোন গ্যারান্টি নেই: হু
দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আর সেই ভ্যাকসিন নিয়ে এবার নিরাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেগুলো কাজ করবে এমন গ্যারান্টি নেই। যত বেশি মানুষের উপর টেস্ট করা হবে, তত বেশি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, বিশ্বে কমপক্ষে ২০০টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। কোনোটা ক্লিনিক্যাল ও কোনোটা প্রি-ক্লিনিক্যাল টেস্টিং-এর পর্যায়ে রয়েছে। এই ভ্যাকসিনগুলো মধ্যেই কিছু সফল হবে আবার কিছু ব্যর্থ হবে।
যশোরে সিনেমা হলে অনৈতিক কাজের অভিযোগে ৫ জনের দণ্ড
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতে নাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে পূরবী সিনেমা হলের ম্যানেজার মহাদেব দাস (৩২), বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা (৩২) এবং যশোর শহরতলীর শেখহাটির আবজাল হোসেনের মেয়ে সুস্মিতা খাতুন (২০)। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিন মাস করে সাজা দিয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সিনেমা হলটি সিলগালা করে দেয়া হয়।
এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।
ওমরাহ পালনে কাবা ঘর খুলে দেবার সিদ্ধান্ত
দ্রোহ অনলাইন ডেস্ক
ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হবে। আবারও ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা ।
মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বৈশি^ক মহামারি পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন কাবা ঘর বন্ধ রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা।
আরও পড়ুন-ভিপি নূরকে আইনি সহায়তা দেবেন ডঃ কামাল
প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।
তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
ভিপি নূরকে আইনি সহায়তা দেবেন ডঃ কামাল
দ্রোহ অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা মিথ্যা বলে দাবি করেছেন গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ডঃ কামাল হোসেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরুকে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সব নেতাদেরকে আইনি সহায়তা দেয়া হবে বলেও জানান ডঃ কামাল।
ডঃ কামাল হোসেন বলেন, ক্ষমতাশীল দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।
সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের আহ্বান জানিয়ে ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান ডঃ কামাল।
পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
দ্রোহ অনলাইন ডেস্ক
পেঁয়াজের বাজারের অস্থিরতা ঠেকাতে পণ্যটির আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে। অস্থিতিশীল পেঁয়াজের বাজারকে স্থিতিশীল করতে এই উদ্যোগ নিয়েছে এনবিআর।
গত ২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পেঁয়াজ আংশিক আমদানি নির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। নিকট অতীতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এই সংকটটি কঠিন আকার ধারণ করে। পেঁয়াজের মূল্য সাম্প্রতিক সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের কারণে বাজারে এর মূল্য বর্তমানে ঊর্ধ্বমুখী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পর্যালোচনায় দেখা যায় যে, দেশি পেঁয়াজে চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে চলতি ২০২০-২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে পরিচিত মার্চ ২০২১ পর্যন্ত সময়ে পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের করা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে, অবশ্যই ছাড় দেয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও বিবেচনা করা হবে।












