মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 653

কুষ্টিয়ার দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদকের মৃত্যু

0
ফেরদৌস রিয়াজ জিল্লু
ফেরদৌস রিয়াজ জিল্লু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু (৩৫) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার অসুস্থ ফেরদৌস রিয়াজকে ঢাকায় নেয়ার পথে রাত ২টা ৩০ মিনিটে গোয়ালন্দ ঘাটের কাছে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফেরদৌস রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাতেই অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার বাদ জুমা শহরের জিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

ফেরদৌস রিয়াজের মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাছ বাঁচানোর ফাঁদে জীবন দিলো কিশোর

0
Satkhira-dro-26-p1-compressed
সাতক্ষীরা জেলার ম্যাপ আংশিক ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাছের ঘেরের চুরি ঠেকাতে ফেলে রাখা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোড়ল ফিস নামের একটি মাছের প্রজেক্টে রমজান আলী (১৬) নামের এক কিশোরের পায়ে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রমজান আলী পার্শ্ববর্তী ধুমঘাট গ্রামের দিনমজুর শুকর আলীর ছেলে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকেই প্রজেক্টের মালিক ও কর্মচারীরা আত্মগোপনে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাবুল হোসেন ও আব্দুস সোবহান জানান, শুক্রবার সকালে ওই প্রজেক্টে কর্মচারীরা মাছ ধরছিল। মাছ কেনার জন্য এক বন্ধুর সঙ্গে রমজান সেখানে যায়। এ সময় বৈদ্যুতিক তারের ফেটে যাওয়া অংশে তার পা জড়িয়ে যায়। রমজান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে জানিয়ে তার বন্ধু ঘের কর্মচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে না আসেনি। এক পর্যায়ে পায়ে তার জড়ানো অবস্থায় ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বিরেন মন্ডল জানান, মোড়ল ফিস নামের প্রজেক্টের বিদ্যুতের তারে জড়িয়ে সম্প্রতি স্থানীয় আবুল হোসেনের একটি গরু মারা যায়। এর কয়েক দিন আগে স্থানীয় সুবোল মন্ডলের স্ত্রী সুনীতি মন্ডল ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার একটি আঙুল কেটে ফেলতে হয়। এক বছর আগে ওই প্রজেক্টের একটি পুকুরের পাশে আরও এক ব্যক্তির লাশ পায় এলাকাবাসী।

এ ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া প্রজেক্ট মালিক সামিউল ইসলাম ও ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মধুসুদন রায় জানান, আপাতত প্রজেক্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মিটার থেকে এতটা দূরে বিপজ্জনকভাবে ক্যাবল টেনে নেওয়ার ঘটনা তদন্ত করে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিষাক্ত সাপের কামড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে ফাতেমা খাতুন (৪) নামের এক শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত ফাতেমা একই গ্রামের নায়েব আলী শেখের মেয়ে।

নায়েব আলী শেখ বলেন, ফাতেমাকে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেয়। এ সময় শিশুটি ঘুম থেকে উঠে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওঝা জানান বিষাক্ত সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে পল্লী চিকিৎসক মোহন মোল্লার কাছে নিয়ে গেলে তিনিও ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

ইউএনওর ওপর হামলার হোতাসহ আটক ২

0
ইউ এন ও ওয়াহিদা ও ঘাতক আসাদুল

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জের আসাদুল ইসলাম (৩৫) ও ওসমানপুর সাগরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৪২) কে আটকে তথ্য নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

আটক আসাদুল ইসলামের বাবার নাম আমজাদ হোসেন ও জাহাঙ্গীর হোসেনের বাবার নাম আবুল কালাম। আটক আসাদুল ইসলাম ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন-ইউএনও ওয়াহিদার অবস্থা আশঙ্কাজনকঃ চিকিৎসক

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট থানা-পুলিশের একটি দল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে আসাদুল ইসলামে কে হাকিমপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আটক করা হয়। আটক করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় পুলিশের রংপুর রেঞ্জের কার্যালয়ে। অন্যদিকে দিনাজপুর র‌্যাবের সদস্যরা জাহাঙ্গীরকে আটক করে তাঁকে তাঁর নিজ বাসা থেকে।

আরও পড়ুন-ঘোড়াঘাটের ইউএনওর ওপর দুর্বত্তের হামলা

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক করা দুজনই মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা রয়েছে। আটক করা দুজনই ঘটনার অন্যতম হোতা। তবে কী কারণে তাঁরা হামলা করেছেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

হামলার ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাজারে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওয়াহিদার কাছে আলমারির চাবি চায়। ওয়াহিদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত বাবা-মেয়েকে বৃহস্পতিবার সকালে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। গতরাতে ওয়াহিদার একটি অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।

এ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে

0
ব্যাজ পরানো হচ্ছে

দ্রোহ অনলাইন ডেস্ক

নৌবাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে এ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হল।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরানোর পর সরকারপ্রধান নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন এবং এজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।

আর্মড ফোর্সেস ডিভিশনের (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে সরকার ১৮ জুলাই তাকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয়। তার আগে নৌ সদরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স) হিসেবে দায়িত্ব পালন করেন শাহীন ইকবাল।

১৯৮০ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেওয়া শাহীন ইকবাল ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন পান। নৌবাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে শাহীন ইকবাল ফ্রিগেটসহ সব শ্রেণির যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। বিএনএস তিতুমীর এবং স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের প্রধানও ছিলেন তিনি।

কুড়িগ্রামের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
প্রতিকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জানান, তার ইউনিয়নের দুর্গম পাখিউড়া সীমান্তে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ছবিল উদ্দিন (৩৫) একই ইউনিয়নের আইরমারী চর গ্রামের আলহাজ্ব মূসা আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন বলেন, ভোরের দিকে একদল চোরাকারবরী গরু আনার জন্য ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে পর পর দুই রাউন্ড গুলি করলে ছবিলের পেটে গুলি লাগে। পরে ছবিলের তাকে সহযোগীরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে কোন ব্যক্তির লাশ স্পটে পাওয়া যায়নি। এ ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা এখনও ঘটনার দায় স্বীকার করেনি।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বলেন, বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাবনায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
pabna-Dro-24-p-16
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসআই ইব্রাহিম খলিল বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। মামলার পর ভাঙ্গুড়া বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদীন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের হারুনার রশিদ সরকারের ছেলে। অপর দুজন হলেন, পার্শ্ববর্তী ফরিদুপর উপজেলার লাহিড়িবাড়ী গ্রামের ওয়াজেদ আলী ও সাইদুর রহমান।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের জন্য বৃহস্পতিবার জয়নাল আবেদীনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠানে হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় শত শত বিশৃংখল লোকের মধ্যেও পুলিশ জানমালের কোনো ক্ষতি হতে দেয়নি। কিন্তু আটক ব্যক্তিরা পুলিশের উপর চড়াও হয়ে হামলা করে। এ ব্যাপারে এসআই ইব্রাহিম খলিল বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনার জেরে গত বুধবার বিকালের দিকে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান দক্ষিণপাড়ার আব্দুল হান্নান ও তার ছেলে সম্রাটের নেতৃত্বে দলবেঁধে মাইকে ঘোষণা দিয়ে লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ তা প্রতিহত করতে যায়।

এ সময় একটি পক্ষের লোকজন বিএলবাড়ি মার্কেটে কয়েকটি দোকান ঘর ভাংচুরও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পরিদর্শক (তদন্ত) নাজমুল হককেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এছাড়া এসআই ইব্রাহিম খলিল ও এসআই সাজেদুর রহমানের উপরও হামলা হয়। এ ঘটনায় পরিদর্শক (তদন্ত) সহ চার পুলিশ সদস্য হামলার শিকার হন বলে জানান তারা।

ইউএনও ওয়াহিদার অবস্থা আশঙ্কাজনকঃ চিকিৎসক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গভীর রাতে নিজের সরকারি বাসভবনে হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসক।

বৃহস্পতিবার বিকালে নিউরোসায়েন্সেস হাসপাতালের অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে একথা জানান।

ডাঃ জাহিদ হোসেন বলেন, ইউএনও আশঙ্কাজনক অবস্থাতেই আছেন। তার ব্লাডপ্রেসার, পালস এগুলোর উন্নতি না হলে এবং উনার যদি জ্ঞানের মাত্রার আরও অবনতি হয় তাহলে কিন্তু উনি যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে আছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক।
চিকিৎসক আরও জানান, ইউএনও ওয়াহিদা খানম চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে তার অস্ত্রোপচার করা সম্ভব নয়।

প্রসঙ্গত, বুধবার রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয় বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ইউএনওর বাসভবনের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। ইউএনও টের পেলে দুর্বৃত্তরা তাকে সরাসরি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়। রাতেই রক্তাক্ত ইউএনওকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সকালে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল উপস্থিত হন। পরে ওয়াহিদা খানমকে এয়ার অ্যাস্বুলেন্সে করে ঢাকার আনা হয়। আর তার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। তাদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। ওয়াহিদা খানমের সঙ্গে বাবা ওমর আলী থাকতেন। তিনি নওগাঁ থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বিএনপির রাজপথে নামতে বাধা নেইঃ তথ্যমন্ত্রী

0
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হাছান মাহমুদ বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডে জিয়া, তারেক রহমানের সংশ্লিষ্টতা ও বেগম খালেদা জিয়ার প্রশ্রয় দেয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিএনপি’র গাত্রদাহ শুরু হয়েছে’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মন্তব্য ‘জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার মিথ্যাচার ছড়াচ্ছে’ -এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়ার শাস্তি হয়েছে, দুর্নীতি মামলায় তারেক জিয়ার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার কারণে শাস্তিপ্রাপ্ত হয়ে সাজাভোগ করছে। প্রধানমন্ত্রী নজিরবিহীন ভাবে বেগম খালেদা জিয়ার প্রতি মহানুভবতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামীকে তিনি ছয়মাসের জন্য মুক্তি দিয়েছেন। বাংলাদেশে এরকম আগে ঘটেনি।

সুতরাং সরকার বেগম খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে তা যেমন তুলনাহীন আর বিএনপি যেভাবে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষের প্রতি হিংসা দেখিয়েছে, সেটিও তুলনাহীন, মন্তব্য করেন ডাঃ হাছান মাহমুদ।

এক-এগারোর সরকার খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা করেছিল-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হাছান বলেন, প্রকৃতপক্ষে বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি-দুঃশাসনের কারণেই এক-এগারোর সরকার সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি কিভাবে দেশ পরিচালনা করেছে। সে সময় দেশ দুর্নীতিতে পরপর ৫বার চ্যাম্পিয়ন হয়েছে, বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানের সৃষ্টি হয়েছে, দেশের ৬৩ জেলায় একযোগে ৫০০ জায়গায় বোমা বিস্ফোরিত হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হয়েছে। অর্থাৎ দুর্নীতি ও চরম অপশাসনের কারণেই এক-এগারোর সরকার সৃষ্টি হয়েছিল।

সেই সরকারের মূল উদ্দেশ্য যদি খালেদা জিয়াকে মাইনাস করা হতো, তাহলে সেই সরকার প্রথমে এসে খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা ছিল, সেটি কিন্তু তারা করেনি বরং এক-এগারোর সরকারের সময় ঘটা অন্যায়ের প্রতিবাদকারী জননেত্রী শেখ হাসিনাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরাই মাঠে নেমেছিল, বিএনপির কর্মীরা নয়।

মির্জা ফখরুলের অপর বক্তব্য ‘রাজপথে নামতে পারলে গণতন্ত্র বিরোধীদের সরাতে পারবো’ -এর জবাবে মন্ত্রী ডাঃ হাছান বলেন, প্রথম কথা, বিএনপি রাজপথে নামতে তো বাধা নেই। এটি গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে, মিছিল-মিটিং করতে পারে। প্রেসক্লাবের সামনে আপনারা প্রতিদিন দেখছেন, সেখানে মিছিল-মিটিং-মানববন্ধন হয়, অবস্থান ধর্মঘট হয়, দেশের অন্য জায়গাও হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি যেখানেই মিটিং করছে, সেখানেই নিজেরা মারামারি করছে। রিজভী সাহেব ক’দিন আগে উত্তরবঙ্গে মিটিং করতে গেছেন, সেখানে নিজেরা মারামারি করে মিটিং বন্ধ করে দিয়েছে।

মির্জা ফখরুল সাহেব নিজে ক’দিন আগে বলেছেন, এখন প্রয়োজন হচ্ছে বিএনপি’র ভেতরে ঐক্য। তার বক্তব্য অনুযায়ী অনুরোধ জানাবো বিএনপি ভিতরের ঐক্যটা একটু প্রতিষ্ঠা করার জন্য। আর তাদের বিভিন্ন আলটিমেটাম আমরা সাড়ে ১১ বছর থেকে শুনে আসছি। এখন জনগণ অনেক সময় প্রশ্ন করে তাদের এই আলটিমেটাম কোন বছরের জন্য। তাদের এ বক্তব্যগুলো আসলে হাস্যকর।

অনলাইন গণমাধ্যম নীতিমালা কন্ঠরোধের কালাকানুনঃ রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০২০ দেশের গণমাধ্যম কন্ঠরোধের আরেকটি কালাকানুন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের উদ্যোগে সদ্য প্রয়াত কলেজের ছাত্র আবদুল আউয়াল খান ও শফিউল বারী বাবুর স্মরণে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রতিনিয়ত এই গণবিরোধী সরকার এমন এমন আইন করছে যাতে কোনো ভাবে যেন বিরোধী কন্ঠ বাতাসের মধ্যে ভেসে না যায়। জাতীয় অনলাইন গণমাধ্যমে নীতিমালা করে তা আইন করার জন্য অনুমোদন দিয়েছে। অর্থাৎ টেলিভিশন থাকবে কিন্তু তার যদি অনলাইন ভার্সন বা নিউজ পোর্টাল থাকে তাহলে তার জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা কন্ঠরোধের কৌশল।

তিনি আরও বলেন, পত্রিকাগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে তার অনলাইন ভার্সনে ভিন্ন কথা থাকলে পরে তার জন্যও আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এরকম কালাকানুনের বন্ধনের মধ্যে শুধু আটকাও, নিয়ন্ত্রণ করো। বেড়াজালের মধ্যে আটকে রাখতে রাখতে সরকার বাকশালের চূড়ান্ত রুপে পৌঁছে গেছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, এই সরকারের নিপীরণের যেন শেষ নেই। গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা গোরস্তানে। এত কিছু করেও সরকার আশ্বস্ত হতে পারছে না। এত সাংবাদিকদেরকে গুম করা হয়েছে, মিথ্যা মামলায় সাংবাদিকদেরকে প্রতিনিয়ত কারাগারে যেতে হচ্ছে। এর মধ্যে আবার নতুন করে গণমাধ্যেমের কন্ঠরোধ করার জন্য যুক্ত হলো জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...