শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 14

সাংবাদিক হত্যা চেষ্টার মামলার আসামিদের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা। এ সময় আদালত এলাকায় প্রবেশে পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে সাংবাদিকরা আদালত চত্বরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে ও জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবিও তোলেন তারা।

কর্মসূচিতে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর বলেন, সাংবাদিক উল্লাস হামলার পর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অথচ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর জামিন দেওয়া হয়েছে। এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

তিনি বলেন, বিগত দিনের মতো মনে করে যদি কেউ ভাবেন যা খুশি তাই করবেন, সেটা ঠিক হবে না। আমরা এই ঘটনাকে কোনোভাবেই ছাড় দেব না।

বিচারকের জামিনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহার করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আদালত প্রাঙ্গণে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলার শিকার হলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা জরুরি। একই সঙ্গে মামলার প্রতিটি ধাপ আইন অনুযায়ী পরিচালনার দাবি জানান তারা।

সাংবাদিকদের দাবি, হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কুষ্টিয়ায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে ঘোষণা দিতে বাধ্য হবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর জামিন দেওয়া হয়েছে, যা সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা কথা বললেই আদালত অবমাননার কথা বলা হয়। কিন্তু কুষ্টিয়ার আদালতে কী হচ্ছে, সেটি নিয়েও তো প্রশ্ন তোলার সুযোগ থাকতে পারে।

গ্রেপ্তার আসামিদের জামিনের বিষয়ে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্ট বিচারককে দ্রুত কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে সাংবাদিকদের নিয়ে শহরে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এর আগে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।

এদিকে সাংবাদিক উল্লাসের ওপর হামলার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও সংসদ সদস্যের দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালীর চড়াইকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে জামিন মঞ্জুর করেন আদালত।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া কালীবাড়ী মোড় এলাকায় সড়ক নির্মাণকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস।

হামলার ঘটনায় শনিবার বিকেলে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, ভাই মো. আনোয়ার হোসেন, দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনসহ অন্যদের নাম রয়েছে।

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে ২নং প্ল্যাটফর্মের দাঁড়িয়ে থাকা এক ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার (২০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বীন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার পর আগুনে সূত্রপাত ঘটে। কি কারণে আগুনে সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি এই কর্মী।

তিনি বলেন, কমলাপুর রেল স্টেশনের ২নং প্ল্যাটফর্মের ট্রেনের দাঁড়িয়ে থাকা একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। আমরা রাত ৯টা ৩৩ মিনিটে সংবাদ পাই। পরে ৯টা ৪৬ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে ২টি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ সম্ভব হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত, আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ রাত থেকে জ্বালানী তেলের লিটারে ২০ টাকা বাড়লো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। আজ রবিবার রাত থেকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি কার্যকর হচ্ছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

নতুন দাম রাত রবিবার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এখনো অব্যাহত আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে এতদিন দাম বাড়ানো হয়নি।

এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও প্রায় পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্যমতে, বর্তমানে ভারতে (কলকাতা) প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা, ভিয়েতনামে ১৩৭ টাকা, মালদ্বীপে ১৪০ টাকা ৭১ পয়সা, ফিলিপাইনে ১৬৮ টাকা ৫৩ পয়সা, পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪ টাকা ৭৯ পয়সা।

মন্ত্রণালয় বলেছে, দেশে জ্বালানি তেলের মূল্য অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে কম হওয়ায় পার্শ্ববর্তী দেশগুলোতে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুদ্ধের কারণে এলএনজি খাতেও সরকার বিপুল ভর্তুকি দিয়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সচল রাখছে। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি চলমান রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে তেলের দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।

বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হিসাবে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।

বিপিসির লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

জামায়াতের এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটের কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

এদিন সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মনিরুল ইসলাম বলেন, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান।

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

একই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। এ নিয়ে চাকরির প্রলোভন দেখানো কিংবা অনৈতিক সম্পর্কের অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়।

ভিডিও ভাইরালের পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

ফরিদপুরে মন্দির থেকে স্বর্ণালংকারসহ ৮ মূর্তি চুরি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষ পুরোনো কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

রবিবার সকালে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দিরের সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা লাগিয়ে বাসায় যান তিনি। রবিবার সকালে পূজা দিতে এসে দেখেন, মন্দিরের গেটের সব তালা ভাঙা এবং দরজা খোলা।

দেব প্রসাদ চক্রবর্তী বলেন, মন্দিরে ঢুকে তিনি কষ্টিপাথরের কালীমূর্তির স্থানটি ফাঁকা দেখতে পান। দেখেন পিতলের তৈরি গণেশ, নারায়ণ ও লক্ষ্মী এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল ও শিবলিঙ্গে প্যাঁচানো সাপের মূর্তিও গায়েব।

মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে বলে জানান দেব প্রসাদ চক্রবর্তী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব চুরি করে নিয়ে যায় বলে তার ধারণা।

ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা শুরু করেছে।’

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা – পুলিশ সুপার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।

রবিবার বেলা সোয়া ২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যায় জড়িত থাকার সন্দেহে এর আগেই চারজনকে আটকের কথা জানিয়েছিল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটিও।

শুক্রবার বিকালে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। রাত পর্যন্ত অপ্রতিম বাসায় না ফেরায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, এ ঘটনায় সিসিটিভি ভিডিও দেখে সাইফুল ইসলাম তুহিন (১৯) নামে একজনকে প্রথমে আটক করা হয়। তিনি কুমিল্লা সিটি কলেজ একাদশ শ্রেণিতে পড়তেন। ২০২৫ সালে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি ড্রপআউট হয়ে যান।

তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই কিশোরকে (১৫) আটক করে পুলিশ। তারা ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ছাড়া আবদাল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সিয়ামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ ।

শনিবার মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এতে তুহিন ও দুই কিশোরকে গ্রেপ্তার দেখানো কথা সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

একাদশে ভর্তির কার্যক্রম শুরু, চলবে ৩ দিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মাইগ্রেশনের ফল প্রকাশের পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিতে হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হয়। ফলাফল পোর্টালে প্রকাশের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীদের জানানো হয়েছে।

শিক্ষার্থীরা নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া কলেজগুলোও আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে।

গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। তবে যারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফলাফল পরিবর্তন হয়েছে, তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন। তাদের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীরাও আবেদন করেন।

আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শেষে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

খোকসা খেয়াঘাটের আলাউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ড

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা খেয়াঘাটের আলাউদ্দিন সুপার মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে নূর টেলিকমের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রবিবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নূর টেলিকমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ব্যবসায়ী নূর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে খেয়াঘাটের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর দোকানে থাকা বিভিন্ন মোবাইল ফোন, ট্যাবসহ বেশ কিছু প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

তিনি আরও দাবি করেন, বিকাশ ও নগদ লেনদেনের জন্য দোকানে রাখা নগদ টাকা প্রায় ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ৩ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

খোকসা ফায়ার সার্ভিসের সাব-অফিসার আলতাফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাদের একটি ইউনিটের কর্মীরা ঘটনা স্থলে অভিযান শুরু করে। ফলৈ ক্ষয় ক্ষতির পরিমান কম হয়েছে।

কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে অচেতন ক্যাম্পের ১০ পুলিশ সদস্য

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার রাত ১০টার দিকে খাওয়ার পরপরই অবচেতন হয়ে পড়েন তারা। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পৃথকভাবে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

অসুস্থরা হলেন এস আই কফিল, এস আই আমিনুর, এস আই মুক্তার, এস আই শরিফুল, এস আই মনিরুজ্জামান, এস আই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।

সেখানে চিকিৎসাধীন পাটিকাবাড়ি ক্যাম্প ইনচার্জ এস আই মনিরুজ্জামান বলেন, রাতে তারা ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খান তারা। রাত ১০টার দিকে খাওয়ার পরপরই রিয়ায়কাশন শুরু হয়।

এ ঘটনার কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ি ক্যাম্প পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম, মামুনুর রশীদ বলেন, আমি খবর পেয়ে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

সারের সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা, সার জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে কৃষক সেজে সার কিনে মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি কালভার্ট এলাকার মেসার্স কৃষি ঘরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

কৃষি বিপনণ আইন ১৯ (১) এর (ঠ) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা জ্যেষ্ঠ কৃষি বিপনণ কর্মকর্তা ইসরাত জাহান মুন ও থানা পুলিশ। পরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সুত্রে জানা গেছে, কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি কালভার্ট এলাকার মেসার্স কৃষি ঘরের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলামের কীটনাশক বিক্রির লাইসেন্স আছে। নীতিমালা অনুযায়ী কীটনাশকের লাইসেন্সে সার বিক্রির নিয়ম নেই। কিন্তু সাইফুল ইসলাম কখনও কৃষক সেজে আবার কখনও অন্যদের কৃষক সাজিয়ে বিভিন্ন ডিলার পয়েন্টে সার ক্রয় করে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। এবং মজুতকৃত সার অতিরিক্ত দামে বিক্রি করছেন।

রবিবার সন্ধায় সাইফুলের দোকানে অভিযান চালিয়ে ২৭ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি, ৭ বস্তা টিএসপি ও ৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সার স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। আগামীকাল (সোমবার) সকালে জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। বিক্রির টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়াও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ স্বীকার করে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমার কীটনাশকের লাইসেন্স আছে। কখনও কৃষক সেজে এবং কখনও অন্য কৃষকদের কাছ থেকে বেশি দামে সার কিনে মজুত করি। পরে আবার বেশি দামে তা বিক্রি করে থাকি। আমার ভুল হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, কৃষক সেজে অবৈধ সার কিনে মজুত করে কৃত্রিম সংকটের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দোকান থেকে ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। যা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...