শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 7

সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরকে যানজটমুক্ত ও রূপসৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হাতে নেওয়া ৪০ কোটি টাকা ব্যয়ের মেগা সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে সাববেজ (ভিত্তিস্তর) তৈরির ক্ষেত্রে নিয়মানুযায়ী উন্নতমানের খোয়া ব্যবহার না করে সরাসরি আস্ত ইট ও বালি ছাড়া শুধু মাটি বিছিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

রবিবার (৪ অক্টোবর) বিকালে সরেজমিনে পরিদর্শনে গেলে এমন অনিয়মের চিত্র পাওয়া গেছে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে সড়ক থেকে আস্ত ইট তুলে নিতে দেখা যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে আড়াপপুর হয়ে হামদাহ পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক প্রশস্তকরণে দুই প্যাকেজে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ১৮ ফুট সড়কটিকে ৩০ ফুটে উন্নীত করার অংশ হিসেবে ১৬ কোটি টাকায় ‘রিজিড পেভমেন্ট’ এবং ২৪ কোটি টাকায় ‘ফ্লেক্সিবল পেভমেন্ট’ নির্মাণের কথা। মূল কাজটি পেয়েছে ‘হাসান টেকনো’ ও ‘মাসুদ হাইটেক’ নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, মূল ঠিকাদার নিজে কাজ না করে বাবু পাটোয়ারী নামের এক সাব-ঠিকাদারের কাছে পুরো কাজটি বিক্রি করে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান, ওলিয়ার রহমান ও সবুজ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুরুর দিন থেকেই এই মেগা প্রকল্পের কাজে চরম ছলচাতুরির আশ্রয় নেওয়া হচ্ছে। সাববেজ নির্মাণের ক্ষেত্রে কোনো বালি ব্যবহার করা হয়নি, মাটি আর নিম্নমানের আস্ত ইট দিয়ে রোলার করা হচ্ছে। সরকারি কোটি কোটি টাকার বাজেট হলেও এভাবে কাজ করা মানে স্রেফ জনগণের ট্যাক্সের টাকা পানিতে ফেলা।

অভিযোগ রয়েছে, সরকারি খাতের এই গুরুত্বপূর্ণ নির্মাণকাজের স্থানে তদারকি কর্মকর্তা হিসেবে সওজের উপ-সহকারী প্রকৌশলী (এসও) হাসান আল মামুনের সার্বক্ষণিক উপস্থিত থাকার কথা থাকলেও কাজের সাইটে তাঁর কোনো দেখা মেলেনি।

সংবাদ পেয়ে বিকালেই দুর্ঘটনাস্থল ও কাজের সাইট পরিদর্শনে আসেন ঝিনাইদহ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দীন এবং নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন। কাজের নিম্নমান ও ভেকু দিয়ে ইট তোলার দৃশ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন তারা।

উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, “যেভাবে কাজটি করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট গ্রেডের খোয়া না দিয়ে আস্ত ইট বিছিয়ে সড়ক প্রস্তুত করা অত্যন্ত দুঃখজনক।

কাজের ধরণ দেখে চরম ক্ষোভ প্রকাশ করে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন জানান, “এভাবে আস্ত ইট ও মাটি দিয়ে সড়ক নির্মাণ করার কোনো সরকারি বিধান নেই। আমরা তাৎক্ষণিকভাবে সাইট ভিজিট করে কাজ বন্ধ করে দিয়েছি। নিয়মানুযায়ী সিডিউল মেনে নতুন করে সঠিক গ্রেডের খোয়া ও বালি দিয়ে সাববেজ প্রস্তুত না করা পর্যন্ত বিল ছাড় দেওয়া হবে না।

মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক বা হাসান টেকনোর কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আর কাজের দায়িত্বে থাকা সাব-ঠিকাদার এসআর ইন্টারপ্রাইজের মালিক বাবু পাটোয়ারীর সাইট ম্যানেজার মাসুদ ও সুপারভাইজার লিটন জানান, আমরা সাইট বৃদ্ধি করতে এভাবে কাজ করছি। এটা সিডিউলে নেই। দায়বদ্ধতার দিক থেকে আপাতত এটা করছি। এটা স্থায়ী কাজ নয়। মুল কাজ শেষ হলে এটা তুলে নতুন করে করা হবে।

লালন মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ’র মাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

এনসিপির দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী রবিবার কুষ্টিয়ায় সফরে এসে প্রথমে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরবর্তীতে সন্ধ্যায় সেখান থেকে কুমারখালীর ছেঁয়ড়িয়ায় মরমী সাধক লালন শাহের আখড়া বাড়িতে আসেন। লালনের মাজার পরিদর্শন শেষে তিনি মাজারের ভেতরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন।

এ সময় তার উপরে হামলা হয় এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়।

এনসিপির একটি সূত্র এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য সংগ্রামের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।

তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি জানান, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাসী নয়। যদি এই হামলার সাথে ছাত্রদলের কোন নেতা বা কর্মী জড়িত থাকে তবে তার দায়-দায়িত্ব তাকে বা তাদেরকেই বহন করতে হবে।

হামলার সময় এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতৃবৃন্দ সাথে ছিলেন।

ঘটনার পর বেশ কিছু সময় তিনি লালন মাজারে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। রাত ৮ টার দিকে পুলিশ এবং স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি লালন মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন এবং এজাহার দায়ের করার জন্য কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা দেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটির সত্যতা এবং হামলার সঙ্গে জড়িতদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তবে এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে হামলার বিষয় নিয়ে কোন কথা বলতে রাজি হননি।

আখতারুজ্জামানের জামিন নাকচ, এজলাসে ও বাইরে হাতাহাতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

এক দিনের রিমান্ড শেষে রবিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। পরে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে শুনানি চলাকালে আদালতকক্ষে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক কিছু সময়ের জন্য এজলাস থেকে নেমে যান। পরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আসামিপক্ষের আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, প্রতিবাদ কোনো অপরাধ নয়। তবে প্রতিবাদের ভাষা ও ধরন অস্বাভাবিক হলে তা অপরাধের পর্যায়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, বিমানবন্দরে আখতারুজ্জামান কামাল উদ্দীন নামের এক কর্মকর্তাকে শারীরিকভাবে অপমান করেছেন। জমজমের পানি নিক্ষেপের ঘটনাটিও পরিকল্পিত হতে পারে বলে সন্দেহের কথা জানান তিনি।

পিপি বলেন, আখতারুজ্জামান জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। বিমানবন্দরে কী উদ্দেশ্যে এবং কার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ কারণে তার জামিন আবেদন নামঞ্জুরের দাবি জানান তিনি।

আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এক দিনের রিমান্ডে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলাটির তদন্ত চলছে এবং বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় তাকে আরও কারাগারে আটক রাখা প্রয়োজন।

তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের পক্ষে শুনানিতে বলেন, বিমানবন্দরের অনিয়মের প্রতিবাদ করেছিলেন আখতারুজ্জামান। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজনৈতিক কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আইনজীবী আরও বলেন, আখতারুজ্জামান গুরুতর অসুস্থ। তার ডায়াবেটিস ও হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে যেকোনো শর্তে তাকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।

শুনানি শেষে জামিন আবেদন নাকচ হলে আখতারুজ্জামান এজলাসে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে উপস্থিত আইনজীবীরা তাকে থামতে বলেন।

এদিন আখতারুজ্জামানকে আদালতে তোলার পর থেকেই বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিচারক কিছু সময়ের জন্য এজলাস থেকে নেমে যান।

শুনানি চলাকালে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে জামায়াতের কয়েকজন নেতাকর্মী স্লোগান দেন। এ সময় তাদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্য ও উভয় পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রবিবার দুপুরে এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে দুপুর দুইটার দিকে কঠোর পুলিশি পাহারায় তাকে এজলাসে তোলা হয়।

শীতকালীন

0

শীতকালীন সবজী আবাদ মৌসুম শুরু হয়েছে। বীজতলা থেকে ফুল কপির চারাতোলা জমিতে রোপণ ও সেচ দেওয়ায় দারুন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা দ্বিপচর এলাকার সবজী চাষী হাবিবুর বীজতলা থেকে ফুল কপির চারা তুলছেন জমিতে রোপণ করছেন। এক কপি মধ্য শীতে বাজারে আসবে। রবিবার বিকালে তোলা ছবি।

 

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে – ভারতীয় হাইকমিশনার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনাকে ভারতে নিতে সে দেশের সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান। তবে, তাকে কবে ফেরত পাঠানো হবে এ সম্পর্কে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বারবারই ভারত সরকার এটা বলে আসছে যে, এর (হাসিনার প্রত্যর্পণের) একটা প্রক্রিয়া রয়েছে এবং সেটা আইনি প্রক্রিয়া। যতটুকু জানি, তাকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান।

শেখ হাসিনা কোন পরিস্থিতিতে পড়ে ভারতে গিয়েছিলেন সে কথা স্মরণ করে হাইকমিশনার জানান, সেরকম পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না।

তিনি বলেন, হাসিনাকে আমাদের সেনা বা বিমানবাহিনী ভারতে আনেনি। শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছে তেমন পরিস্থিতি পৃথিবীর আর কোথাও সৃষ্টি না হোক বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার বলেন, হাসিনা যখন ভারতে যান তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরও তার অনুরোধে সাড়া দেওয়ার দরকার ছিল। আমি টিভিতে দেখছিলাম আর সেখানে বলা হচ্ছিল যে, হাসিনা তার দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। এটা প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব ছিল। আমরা যদি তাকে ভারতে আসার সুযোগ না দিতাম তখন কী হতো কিছুই বলা যায় না।

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ৪-০ গোলে হারলো ভারত

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত। ব্যবধান অনেক বেশি বড় হয়নি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটি জিতেছে ৪-০ গোলে।

শনিবার কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হয় ঢিমেতালে। ব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন জোর ছিল না।

অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।

দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুটাও হয় ম্যাড়ম্যাড়ে। তবে এই অর্ধেও গোলের খাতা খোলে ব্রাজিলই। পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।

৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।

শেষের দিকে ব্রাজিল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। ইনজুরি টাইমে এসে লিনো বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে ব্যবধান ৪-০ করেন।

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি ডাকদেয় বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান নামের একটি সংগঠন। তাদের সঙ্গে যোগ দেয় ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)।

শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করে দুই সংগঠন। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়।

বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ মিশনের বাইরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তারা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দল ছাড়ার পর এনসিপিআই নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটি বর্তমানে বিজেপি জোটের সঙ্গে যুক্ত। শনিবার তাদের একাংশও এই কর্মসূচিতে অংশ নেয়।

দুই সংগঠনের যৌথ কর্মসূচি কেন্দ্র করে এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকা।

ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) নিহত হয়েছেন। তবে পরিবারের দাবি, বাঁশ কাটতে গিয়ে হাতে থাকা হাসুয়ার আঘাতে পায়ে গুরুতর জখম হন রাসেল। অতিরিক্ত রক্তক্ষরণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই ভাইয়ের বিরোধের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেন (২০) ওই এলাকার আহাদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার আঘাতে বড় ভাই রাসেল গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই বিকালে পথেই তাঁর মৃত্যু হয়।

নিহতের মা রাশেদা খাতুন বলেন, বাঁশ কাটতে গিয়ে হাতে থাকা হাসুয়ার আঘাতে আমার বড় ছেলের পা গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার দাবি, বড় ছেলে নেশাগ্রস্ত ছিলেন। এ কারণে দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে থাকতে পারে।

তবে ছোট ছেলে ইমরানের আঘাতে রাসেল আহত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ছেলে ইমরানই পরিবারের দেখাশোনা ও উপার্জনের দায়িত্ব পালন করেন।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এলাকায় বড় একটি বিয়ের অনুষ্ঠান থাকায় পাড়ার অধিকাংশ মানুষ সেখানে কাজে ব্যস্ত ছিলেন। ফলে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাঁশ কাটতে গিয়ে হাসুয়ার আঘাতে রাসেল আহত হন। তবে স্থানীয়ভাবে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হাসপাতালে নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে তিনি গুরুতর আহত হন। তবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। মরদেহ বাড়িতে আসার পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

বিমানবন্দরে থেকে স্বেচ্ছাসেবক লীগ নেত পুলিশের হেফাজতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতা।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। আটক নেতা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসাছিলো।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। অপরজন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। তিনি শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখ-এর ছেলে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইন একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি।

ওসি জানান, গোপন সংবাদে খবর আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়। বর্তমান তারা বিমানবন্দর থানায় আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিমানবন্দর থানা থেকে তাদের আনতে ইতোমধ্যে শ্রীপুর থানা পুলিশের একটি টিম বিমান বন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন বাবরা রেলগেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর হাতে শাখা ও পায়ে আলতা পরা রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...