রবিবার, নভেম্বর ১৫, ২০২৬.
Home Blog Page 4

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর থেকে ক্যাম্পাস এলাকায় শুরু হওয়া এই উত্তেজনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে কলেজ প্রশাসন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ হস্তক্ষেপে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে নতুন ভর্তি কার্যক্রম উপলক্ষে গত তিন দিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে হেল্পডেস্ক পরিচালনা করে আসছে ছাত্রদল। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি রবিবার নতুনদের শুভেচ্ছা জানাতে একটি মিছিলের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন।

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের আহমেদ বলেন, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষার্থীদের যাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তবে আহত ও জড়িতদের নিজস্ব মতাদর্শ থাকলেও তারা সাধারণ শিক্ষার্থী। পরবর্তীতে ছাত্রদল, ছাত্রশিবির, কলেজ ও থানা প্রশাসন একত্রে বসে বিষয়টি সমাধান করে নিয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মারুফ হোসেন পিয়াস বলেন, “নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত সাধারণ একটি মিছিলে শিক্ষার্থীরা আসার সময় তাদের বাধা দেওয়া হয়। তা থেকেই বাকবিতণ্ডা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি। তবে থানার ওসি মহোদয় ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করেছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, এটি ছিল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি। এতে রাজনৈতিক কোনো বড় ইস্যু ছিল না। অধ্যক্ষ মহোদয় ও পুলিশ যৌথভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. রুহুল আমিন জানান, সারাদিন অভিভাবক দিবস ও ভর্তি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর হোস্টেল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি নিরসন করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএসএফ এর পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রবিবার আনুমানিক সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের চারজন (পুরুষ-০২, মহিলা-০২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮ টার দিকে বিএসএফ উক্ত চারজন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরেয়ে নিয়ে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় ফেসবুকে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় তাদের মারধর করে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এতে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা জনিত কারণে হাসপাতালে ভর্তি এক শিশুকে ভুক্তভোগী পরিবার অন্যত্র নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রহমত আলীর ছেলে সোহাগ ও সোহেল এ ঘটনার শিকার হন। সোহেলের ছেলে গত এক সপ্তাহ ধরে নিউমোনিয়া ও রক্তের সংক্রমণজনিত সমস্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোহেল কে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী পিটিয়ে গুরুতর আহত করে। সে সময় তার ছোট ভাই সোহাগ ভাইকে বাঁচাতে গেলে তার দিকেও লাঠি সোটা নিয়ে তেড়ে যায়। সোহাগ দৌড়ে হাসপাতাল চত্বরের বাইরে চলে যায় এবং বাইরে বিক্রি করা ডাবের দোকান থেকে একটি হাসুয়া নিয়ে প্রতিহত করার চেষ্টা করে। ওই সময় সংঘবদ্ধ শিক্ষার্থীরা হাসপাতাল চত্বর থেকে বাইরে বের হয়নি। এই ঘটনায় সোহাগের ব্যবহৃত মোবাইল মোটরসাইকেলটি শিক্ষার্থীরা কেড়ে নেয়।

পুলিশের হস্তক্ষেপে মোবাইল ফোনটা উদ্ধার হলেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনার পর হাসপাতালে ভর্তি সোহেলের ছেলেকে নিরাপত্তা জনিত কারণে হাসপাতাল থেকে নিয়ে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য সোহেলকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর রাত ১১ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মৃত রোগীর ছেলেসহ তিনজনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে মেডিকেলে শিক্ষার্থীরা। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সোহাগ ও সোহেল।

সেই পোস্টের জের ধরেই শনিবার সন্ধ্যায় তারা হাসপাতালে প্রবেশ করা মাত্রই তাদের ওপর দালাল দালাল বলে মব সৃষ্টি করে হামলা চালানো হয়। হামলার পর আহত অবস্থায় সোহাগ জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশর সহায়তা চান।

ভুক্তভোগী সোহাগের স্ত্রী মারিয়া বলেন, এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন আমার স্বামী ও ভাসুর।

তিনি বলেন, তার ভাসুরের ছেলেও গত ছয় দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যায় তার ভাসুর সোহেল হাসপাতালে প্রবেশের পর জরুরি বিভাগের গেট বন্ধ করে দেওয়া হয়।

এ সময় কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্দেশে বলতে থাকেন, ‘আজ রোগী মারা যায়, রোগী মারা যাবে, তুই পোস্ট করলি কেন, এসব পোস্ট করলি কেন?’ এরপরই তারা মারধর শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

মারিয়ার দাবি, মারধরে তার ভাসুর গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেওয়া হচ্ছে। এ সময় তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়। পরে মোবাইল ফোনটি ফেরত পেলেও মোটরসাইকেলটি এখনো পাওয়া যায়নি।

ভুক্তভোগীর মা চম্পা খাতুন বলেন, আমার নাতি হাসপাতালে ভর্তি। আমার মেজো ছেলে সোহেল হাসপাতালে ঢোকার পর মেডিকেলের শিক্ষার্থীরা ‘এইডা এইডা ধর’ বলে তার সঙ্গে কথা-কাটাকাটি ও গণ্ডগোল শুরু করে। তারা আমার আরেক ছেলে সোহেলকে মারতে শুরু করে। অন্য ছেলেকেও মারতে যায়। সে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে লোকজনের কাছে শুনি, কয়েকজন মিলে আমার ছেলেকে মারধর করেছে। মারধরের সময় মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়া হয়। আমার ছেলে একাই ছিল। সে অজ্ঞান হয়ে পড়ে যায়, তার কোনো হুঁশ ছিল না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হামলার শিকার সোহাগ বলেন, ঘটনাস্থলে এক পুলিশ ছিল সে আমাকে ছাত্রদের হাতে তুলে দেয়। সে সময় আমার ছোট ভাই সোহাগ দৌড় না দিলে ওকে পিটিয়ে মেরে ফেলত। এর আগে এক রোগী মারা গিয়েছিল সেটা প্রতিবাদ করার কারণে আমাকে মারধর করেছে। আমি এখানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এখানে চরম গ্রুপিং চলে।

স্থানীয় বাসিন্দা টিটু বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের নানা অভিযোগ রয়েছে। তুচ্ছ বিষয় নিয়েও অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া যায়। চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনেরা নিরাপত্তাহীনতায় ভুগলে তা অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের (আসক) কুষ্টিয়া জেলা সভাপতি তানভীর আহমেদ রয়েল বলেন, মেডিকেল কলেজটি চালুর শুরু থেকেই শিক্ষার্থীদের একাংশের মধ্যে আক্রমণাত্মক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিরোধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের আচরণের কারণে রোগী ও তাদের স্বজনেরা অনেক সময় অবহেলিত বোধ করেন। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জনকেও আগে অবহিত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে তাতে কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁর।

এ বিষয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, যাকে মারধর করা হয়েছে ছাত্রদের বক্তব্য অনুযায়ী তাদেরকে দালাল বলা হয়েছে। আমি যতটুকু পেরেছি ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করেছি। তারা পরবর্তীতে অভিযোগ দিলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো.শহীদুল ইসলাম বলেন, অনেকগুলো ঘটনার রেশ বলে মনে হচ্ছে। আগে থেকেই ঝামেলা ছিল। আজ একজন চোর ধরা পড়েছিল। চোরকে বাইরে ছেলেরা মারধর করলে মেডিকেলের স্টুডেন্টরা প্রতিবাদ করে। সেখান থেকেই গ্যাঞ্জামের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, বর্তমানে মেডিকেল ক্যাম্পাস পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, প্রভাবিত না হওয়ার অনুরোধ

0
সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এসব অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানিয়ে আইএসপিআর জানায়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

৩৮ বছর শিক্ষকতা শেষে মনসুর আলী বিদায় নিলেন

0

কুষ্টিয়া প্রতিনিধ

‘আসলে এর চেয়ে বড় কোনো পেশা হয় না। আমার সন্তানরা যারা পড়াশোনা করে, তারা ফেরেশতার সমতুল্য। তারা তো কোনো অন্যায় করে না। সেই তাদের সঙ্গে ৩৮ বছর থাকতে পেরে আমি ধন্য, আমি গর্বিত। সুযোগ থাকলে মৃত্যুর আগ পর্যন্ত পড়াতাম। কিন্তু সরকারি চাকরি তো, সুযোগ নেই। তাই বিদায় নিতে হচ্ছে।’

কুষ্টিয়ার কুমারখালীর শিক্ষক মো. মনসুর আলী একই স্কুলে টানা ৩৮ বছর শিক্ষকতা করার পর বিদায়ের দিন এভাবেই নিজের অভিজ্ঞার কথা গুলো বলছিলেন। আবেগে বারবার চোখ মুছছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) যদুবয়রা পানি উন্নয়ন বোর্ডের আঙিনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন যদুবয়রা ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। সেখানে ফুল, ক্রেস্ট আর ভালোবাসায় সিক্ত করা হয় তাঁকে।

গত বৃহস্পতিবার ছিল তাঁর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। ৩৮ বছর আগে যে স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন, সেই স্কুল থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে গেলেন।

মনসুর আলী কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক। ৩৮ বছর আগে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। একই স্কুলে টানা ৩৮ বছর পাঠদান বিরল ঘটনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (মিরপুর, ঢাকা) উপপরিচালক মো. আনোয়ার হোসেন সিদ্দিকী। উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা মাহমুদসহ ইউনিয়নের সব প্রধান শিক্ষকেরা।

সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে মনসুর আলীর সততা ও নিষ্ঠার গল্প।

যদুবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন বলেন, ‘মনসুর স্যার অত্যন্ত বিনয়ী ও গুণী শিক্ষক ছিলেন। আমাদের অভিভাবক হিসেবে সর্বদা পাশে ছিলেন। চাকরির নিয়মে তাঁকে বিদায় দিতে হলো, আমরা মর্মাহত।’

লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান তাঁর বাকি জীবনের সুস্থতা কামনা করেন।

প্রধান অতিথি আনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘সুস্থতা ও সম্মান নিয়ে বিদায় নেওয়াটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যেন মনসুরের মতো এমন একটা বিদায় কপালে জোটে।’

অনুষ্ঠান শেষে মনসুর আলী সহকর্মীদের জড়িয়ে ধরেন। যারা তাঁর সুখেদুঃখে পাশে ছিলেন, তাঁরাই আজ তাকে আনুষ্ঠানিক বিদায় জানালেন। কিন্তু শিক্ষার্থী ও আর সহকর্মীদের ভালোবাসায় তিনি যে আজীবন এই স্কুলে থেকে যাবেন, তা উপস্থিত সবাই অনুভব করছিলেন।

লালনের আখড়াবাড়ির দানবাক্সে সাড়ে ছয় লাখ টাকা পাওয়া গেলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়েছে। এবারে দানবাক্সে পাওয়া গেলো প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি সিন্দুক খোলা হয়। সিন্দুক দুটি থেকে মোট ৬ লক্ষ ৪৯ হাজার ৩শত ৪৮ টাকা পাওয়া যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছয় থেকে সাত মাস পরপর এই দানবাক্স খোলা হয়। ভক্তদের দেওয়া মানত ও দানের টাকা গণনা শেষে লালন একাডেমির নির্ধারিত তহবিলে জমা রাখা হয়।

প্রতিবছর জেলা প্রশাসন ও লালন একাডেমির প্রতিনিধিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হলেও এবার সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সামনে দানবাক্স খোলা এবং টাকা গণনার কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন একাডেমির সদস্যরা।

কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হবে। সাধারণত বছরে দুইবার দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়।

তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে তা প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। আগামীকাল এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে।

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলিবিদ্ধ হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

সীমান্তবর্তী স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।

পদ্মফুল

0
বিলে বুক জলে নেমে পদ্ম সংগ্রহকরে ক্লান্ত হয়ে পরেছে। তাই পথে বসে জিরিয়ে নিচ্ছে।

দূর্গাপূজার শতেক উপকরেণ মধ্যে প্রধান উপাত্য ১০৮টি পদ্ম। কয়েক দিন পরেই সনাতনধর্মালম্বী প্রধান উৎসব দূর্গাপূজা আনুষ্ঠানিকা শুরু হবে। শিশু কিশোরও পূজার উপাত্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। শিশুরা নিজের পাড়ার পূজার জন্য পাশের গ্রামের বিলে পদ্ম ফুল সংগ্রহে গিয়েছিলো। শনিবার দুপুরে খোকসা উপজেলার জোত মানিকাট গ্রাম থেকে তোলা ছবি।

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার মুহতামিমকে গণপিটুনি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষককে বিক্ষুব্ধ জনতার আটকে গণপিটুনি দিয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে থানার ওসিসহ তিন পুলিশ সদস্যও হামলার শিকার হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় অবস্থিত মার্কাজুল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আশিকুল্লাহ (৪০)। তিনি যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া এলাকার মৃত ক্বারী এনামুল্লাহর ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলেন।

জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার ও আটক করতে গিয়ে আহত হয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আজম হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মার্কাজুল মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া একাধিক ছাত্রকে বিভিন্ন সময় আশিকুল্লাহ যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে তাঁকে অবরুদ্ধ করে মারধর শুরু করেন।

ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘মাদ্রাসার হুজুর বিভিন্ন সময়ে আমার ওপর জোরপূর্বক নির্যাতন চালিয়েছেন। উপায় না পেয়ে বিষয়টি আমি পরিবারকে জানাই। পরে পরিবারের লোকজন এসে মাদ্রাসায় হুজুরকে আটকে রাখে।’

ভুক্তভোগী আরেক শিক্ষার্থীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছিলাম। অথচ সেখানে আমার ছেলে এমন পাশবিক নির্যাতনের শিকার হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাঁকে অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় জনতার হামলায় আমিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছি। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের ওসিসহ আহত তিন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমারখালীতে দূর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে গণেশ, লক্ষ্মী ও দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা গেছে, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় ২টা বেজে যায়। এ সময় কারিগরের সঙ্গে আরও চার জন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে তারা বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, রাত ২টা পর্যন্ত তারা মন্দিরে ছিলেন। কারিগর অধীর বিশ্বাস প্রতিমা তৈরির কাজ করছিলেন। কাজ শেষ হওয়ার পর প্রতিমাগুলো ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যান। সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। ঘটনা স্থলে যেয়ে দেখেন প্রতিমা ভাঙা। তাদের ধারণা, রাত ২টার পর এ ঘটনা ঘটেছে।

কৌশিক বিশ্বাস বলেন, দুর্গাপূজা সামনে রেখে এমন ঘটনায় তারা আতঙ্কিত। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তারা চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারোয়ার বলেন, রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিলেন। এরপর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

দুর্গাপূজার আগে মন্দিরে প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...