সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 282

দিল্লির গোপন বাসস্থানে শেখ হাসিনা

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা ভারতে গেছেন। সোমবার (৫ আগস্ট) তিনি গণভবন ত্যাগ করেন। তার যাওয়ার বিষয়টি ভারতের বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে ঢাকায় পরিবারসহ হত্যার পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে ছয় বছর ছিলেন।

ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেই সময় দিল্লির লাজপত নগরের পান্ডারা রোডে ছিল তার গোপন বাসস্থান। তখন তার সঙ্গে ছিলেন স্বামী, বোন ও দুই সন্তান।

এদিন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ও তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।

ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যেতে পারেন।

সূত্র: ইন্ডিয়াটুডে

এনায়েতপুরে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। রবিবার বিকালে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

থানার সামনে ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ। রবিবার রাতে এ প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি। জেলা সদর থেকে পুলিশ এনে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে। নিহতদের নাম, পরিচয় বা পদবী শনাক্ত হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস অ্যান্ড ক্রাইম) বিজয় বসাক ১১ মরদেহ উদ্ধারের কথা জানিয়ে বলেন, সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাঁদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে ১১টি মরদেহ পেয়েছেন। এর মধ্যে আটটি মরদেহ মসজিদের পাশে স্তুপ করা অবস্থায় পাওয়া গেছে। তিনটি মরদেহ পাওয়া গেছে পুকুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও নিখোঁজ বলে তিনি জানান।

এনায়েতপুর হাট কমিটির সহ-সভাপতি মোকতার হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে তিন থেকে চার হাজার আন্দোলনকারী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মী থানা ঘেরাওয়ের পর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে পুলিশ ছাদে উঠে আত্মরক্ষায় রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়লে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়। পরে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদসদের ওপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদসদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় একে একে সবাই থানা চত্বরে বিনা চিকিৎসায় মারা যান।

আরও পড়ুন – এমপি হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা ভাঙচুর

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান সিরাজ বলেন, ‘আন্দোলনকারীরা এ মুহূর্তে নেই। দ্রæত মরদেহগুলো উদ্ধার করা দরকার। নতুবা রাতের অন্ধকারে আন্দোলনকারীরা সেগুলো গুম করতে পারে। যতদূর জেনেছি, থানায় ৩৬ জন পুলিশ সদস্য ছিলেন। হয়তো আশেপাশে আরও কয়েকজন আহত অবস্থায় পালিয়ে বা ভেতরেও থাকতে পারেন। তাদেরও খুঁজে বের করা উচিত। ’

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এনায়েতপুর থানার ঘটনাটি মর্মান্তিক। আন্দোলনকারীদের মারধরে নিহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় ও পদবী শনাক্ত এবং মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, প্রথমে হাজারখানেক মানুষ দলবেঁধে থানার দিকে আসে। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে কয়েক শ মানুষ থানায় এসে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ১১-১২ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এমপি হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমমোড় পৌছালে সেখান থেকে একটি অংশ পিটিআই রোডের দিকে অগ্রসর হয়। এর পর পরই হানিফের বাসায় হামলা চালানো হয়। হামলায় বাসার সামনে থাকা চেয়ার, টেবিল ও জানালার কাচ ভাঙচুর করা হয়। বাড়ির সামনের টং ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়ির দোতলা ও তৃতীয় তলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে গার্ডের রুম তছনছ করে বাইরে রাখা কিছু জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন – জনসাধারণকে কারফিউ মেনে সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ: আইএসপিআর

সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জহুরুল হক দাবি করেন,‘জামাত-শিবির ও বিএনপির লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ন্যক্কারজনক এ হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে, হামলার খবর পেয়ে হানিফের বাসায় নেতাকর্মীরা ভিড় করেন। তারা হামলার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজনকে দায়ী করে বিচার চান।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক এই হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথ জানান, আন্দোলনকারীরা মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনসাধারণকে কারফিউ মেনে সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ: আইএসপিআর

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহের রাজপথ ছিল ছাত্র-জনতার দখলে

জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রæত দায়িত্ব পালন করবে।

আইএসপিআর আরও জানায়, এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঝিনাইদহের রাজপথ ছিল ছাত্র-জনতার দখলে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিন পুলিশের সাথে ছাত্র-জনতার ব্যপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে করতে থানায় প্রবেশের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় সাংবাদিক ও আন্দোলনকারীসহ ৪০ জন আহত হন।

আহতদের মধ্যে ২৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও ১৩ জনকে ব্যাপারীপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
আহতরা হলেন, জান্নাতুল ফেরদৌস, সাবিক, সবুজ, আপন, মহিবুল্লাহ, আল-কাবির, মৃদুল, পারভেজ, সিফাত, পিকুল, ফয়সাল সোয়াদ, সজল রাব্বি, সাব্বির, রাজু, হাসিব, মেহেদী, আসিফ, নয়ন, আবিদ, সাগর ও শাওন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুসরাত জাহান জানান, আহত শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। এদের মধ্যে ১৩ জনের গায়ে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। বাকীরা কাঁদানে গ্যাসে আহত হয়েছেন।

এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ছবি তুলতে গিয়ে গনমাধ্যমকর্মী মেরাজ সুজন, কাজী একরামুল হক লিটু ও হাসান বিক্ষোভকারীদের হাতে আহত হন। এ সময় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে অবস্থিত ‘ঝিনেদা টিভি’ নামে একটি অনলাইন ভিত্তিক মিডিয়া অফিসের গাড়ি ভাংচুর করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা বিক্ষোভকারীদের দখলে ছিল। জেলা সদরের সব পুলিশ এ সময় সদর থানার মধ্যে অবস্থান গ্রহন করে।

আরও পড়ুন – কুষ্টিয়া শহর রনক্ষেত্র, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর

রবিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্ট দখল করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বেল ১১টা থেকে জেলা বিভিন্ন স্থান থেকে ছাত্ররা ঝিনাইদহ শহরে সমবেত হতে থাকেন। এরপর ঝিনাইদহ পাবলিক হেলথ জামে মসজিদ, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যোগে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল বের হয়। দুপুরের দিকে মিছিলটি পায়রা চত্বর থেকে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা জানতে পারে তাদের দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তাদের ছাড়াতে ছাত্র জনতা জোটবদ্ধ হয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরাও থানার মধ্যে অবস্থান নেয়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শারমিন সুলতানা, রায়হান ও হুসাইন কর্মসুচি শেষ করার ঘোষনা দেয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়ি ফেরার পথে পানি উন্নয়ন বোর্ড, দুর্নীতি দমন কমিশন, শহরের মডার্ন মোড়ে নির্মিত আ’লীগের সভামঞ্চ ও বিদ্যুত উন্নয়ন অফিসের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করতে দেখা যায়।

কুষ্টিয়া শহর রনক্ষেত্র, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া শহর। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া ট্রাফিক অফিস, জেলা পরিষদের নবনির্মিত মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর ও মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এছাড়া পুলিশের ছোড়া গুলিতে পাঁচ সাংবাদিকসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, বিকাল ৪ টা পর্যন্ত অন্তত ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশের শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। আহতদের ৪-৫ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুন – সাধারণ ছুটি থাকছে তিনদিন

রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও নানা শ্রেণিপেশার মানুষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরের একাধিক স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুর গেটের দিকে আসতে থাকে আন্দোলনকারীরা। সেখানে ট্রাফিক অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাঁচ রাস্তার মোড়ে এসে বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করে শহর এন এস রোডে ঢুকে পড়ে। একপর্যায়ে হাজার হাজার মানুষ মিছিলে যোগ দেয়। সেখান থেকে বিক্ষোভকারীরা নব নির্মিত জেলা পরিষদ মার্কেট ভাঙচুর চালিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের তোপের মুখে আওয়ামী লীগ কার্যালয় থেকে পালিয়ে যায় অবস্থানরত নেতা-কর্মীরা। সেখানে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কার্যালয়ের গøাস ও চত্বরে থাকা চেয়ার ভাঙচুর চালাতে থাকে। পরে কার্যালয় চত্বরে রাখা শতাধিক চেয়ারে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর বিক্ষোভকারীরা থানার দিকে চলে যায়। থানার সামনে পৌছালে সেখানে শ্লোগান দিয়ে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রির্পোটার শরীফ বিশ্বাস, একাত্তর টিভির শাহীন আলী ও তাদের ক্যামেরা পারসন কোহিনূর, গেøাবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম গুলিবিদ্ধসহ আহত হন। আন্দোলনকারীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আন্দোলনকারীরা ভাগ হয়ে শহর ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের ৬ রাস্তার মোড়, এনএস রোডস্থ ইসলামিয়া কলেজের সামনেসহ শহরের একাধিক স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল।

সাধারণ ছুটি থাকছে তিনদিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকাল সোমবার, মঙ্গলবার ও বুধবার তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার ৫, ৬ ও ৭ আগস্ট (সোম, মঙ্গল ও বুধবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকিবে।

এতে বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

আরও পড়ুন – সারাদেশ রণক্ষেত্র, একদিনে ৭৯ জন নিহত

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে আজ রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। ২৪ ও ২৫ জুলাই সীমিতভাবে চলছে সরকারি অফিস।

সারাদেশ রণক্ষেত্র, একদিনে ৭৯ জন নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের এক দফা দাবি ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র পরিনত হয়েছে সারাদেশ। বেড়েই চলছে হতাহতের সংখ্যা। আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) সবশেষ ৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরেই ১৩ পুলিশ ও ৩ শিক্ষার্থী, একই জেলার রায়পুরে ৫ আওয়ামী লীগ নেতাসহ ছয়জন, ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থীসহ নিহত ৪ জন, নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী, ফেনীতে ৭ জন, রংপুরে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ১ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৭৯ জন নিহত হয়েছে বরে খবর পাওয়া গেছে।

জেলায় জেলায় নিহতের কিছু তথ্য:

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘গণপিটুনিতে’ ১৩ জন পুলিশ সদস্য এবং গুলিতে ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানায়। প্রাথমিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওযয় যায়নি। তবে নিহতদের মধ্যে এসআই, ওসিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানার ওসি আব্দুর রাজ্জাকের এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।

পাবনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় আওয়ামী লীগ নেতার গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলো, মহিবুল (১৬), জাহিদ (১৯) ও ফাহিম।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষাথীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল। এ সময় পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক পৃথক হামলা চালায়। এরই মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসভবনে হামলা

মাগুরা: মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলায় ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ ৪ জন নিহত এবং ১০ সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় জেলা-উপজেলায় উত্তেজনার মাঝে প্রশাসন নিষ্কিয় ছিল। রাজপথ রক্তাক্ত হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।

রবিবার সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক, রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখল করে নেয় আন্দোলনকারী ছাত্র জনতা। এ সময় ড. জান্নাত আরা হেনরীর বাসা, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাসা, আওয়ামী নেতা বিমল কুমার দাসের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলা জজ আদালত, এসিল্যান্ড অফিস, মুক্তির সোপান স্মৃতিসৌধ, শিল্পকলা একাডেমিসহ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে চয়ন ইসলাম এমপির বাসা ভাঙচুর করা হয়। বেলকুচি ও উল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়।

বরিশাল: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। পরে আন্দোলকারী প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়ির সামনে ১১টি মোটরসাইকেলে আগুন দিয়েছে।

ভোলা: ভোলার নতুন বাজারে আইনশৃঙ্খলনা রক্ষাকারী বাহিনী গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জসিম উদ্দিন (৭০) নামে একজন ছাতা শ্রমিকের পরিচয় জানা গেলেও দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ২০ থেকে ২২ বছর বলে জানা গেছে। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ সময় আন্দোলনকারীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে আন্দোলনকারীরা আ.লীগ অফিস, শ্রমিক লীগ অফিস ও পৌরসভা ভাঙচুর চালিয়ে দুটি গাড়িতে আগুন দেয়। এ সময় ডিসি অফিসের দুটি গাড়িতেও আগুন দেয় তারা।

বগুড়া: বগুড়ায় অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার বগুড়ার সাতমাথায় এ হতাহতের ঘটনা ঘটে।

জয়পুরহাট: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযাগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদী হাসান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৭০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে।

ফেনী: ফেনীতে অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ৭ আন্দোলনকারী নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে রবিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এই সমাবেশেই অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়।

শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসভবনে হামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মিছিল থেকে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমা হিলের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

একটি মিছিল থেকে নগরের ষোলশহরে চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢুকে কয়েকটি গাড়ি ও জিনিস ভাঙচুর করা হয়।

আরও পড়ুন – কুমিল্লায় আন্দোলনকারী আট ছাত্র গুলিবিদ্ধ

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা করে।

তিনি আরও বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ নয়। আমাদের ছাত্রদের আমরা এসব শেখাইনি। এটি পরিকল্পিত হামলা।

সন্ধ্যায সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নিচের প্রধান ফটকটি ভাঙা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাচ। পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়কশ নেতাকর্মী ভিড় করে ¯েøাাগান দিচ্ছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কুমিল্লায় আন্দোলনকারী আট ছাত্র গুলিবিদ্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লায় শিক্ষার্থী, সাংবাদিক ও বিক্ষোভ মিছিল দেখলেই তাদের লক্ষ্য করে হামলা ও গুলি ছুড়তে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। এ সংবাদ লেখা পর্যন্ত ৮ ছাত্র গুলিবিদ্ধ ও প্রায় ২৫ জন এর বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা জিলা স্কুল থেকে শিক্ষার্থীরা গণমিছিল বের করে কান্দিরপার মোড়ে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও ¯েøাগান দিচ্ছে। এরপর, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দেন।

এসময় স্থানীয় কুমিল্লার কাগজ পত্রিকার দুইজন সাংবাদিককে মারধর করে একজনের ফোন নিয়ে যান তারা। এছাড়াও আন্দোলনকারী নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করেন। হামলাকারীরা টাউনহল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেইট, রাজগঞ্জ মোড়, জিলা স্কুল গেইটসহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে শর্টগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেন পাশাপাশি শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই মারধর ও হুমকি দিতে থাকেন। ইত্তেফাকের কন্ট্রিবিউটর মানছুর আলম অন্তরকেও আওয়ামী লীগের একজন কর্মী লাঠি হাতে মারার জন্য তেড়ে আসেন।

আরও পড়ুন – ছাত্র-জনতার বিক্ষোভ উত্তাল দেশ

এর আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের কয়েক রাউন্ড গুলি করতেও দেখা যায়।

এ সংবাদ লেখা পর্যন্ত ৮ জন গুলিবিদ্ধ (ছররা গুলি) হয়েছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী। এছাড়াও প্রায় ২৫ জন এর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তার পুলিশ লাইন ও শাসনগাছা এলাকায় বিক্ষোভ মিছিল করার পর। তাদের আবার ধাওয়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর থেকে কুমিল্লা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগের এই সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন উপস্থিতি লক্ষ করা যায়নি। বর্তমানে কুমিল্লা নগরীর অধিকাংশ মার্কেট ও দোকানপাট বর্তমানে বন্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...