সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 285

কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সরকার কোটার মূল দাবি মেনে নেওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এ সময় সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমসহ আরও পাঁচজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – অতিরিক্ত আইজিপিসহ পুলিশে বড় রদবদল

সহিংসতায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রæত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু-তদন্ত সাপেক্ষে দ্রæত বিচারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা এরই মধ্যে পূরণ করেছে সরকার। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রæত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এ মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।

অতিরিক্ত আইজিপিসহ পুলিশে বড় রদবদল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে।

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এরমধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে। অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ পুলিশে।

শিক্ষার্থীদের কন্ট্রোল করছে বিএনপি-জামায়াত ও জঙ্গিরা : স্বরাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ বিএনপি-জামায়াত ও ও জঙ্গিদের হাতে চলেগেছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আশা করেছিলাম ছাত্ররা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেননি। তাদের কন্ট্রোল (নিয়ন্ত্রণ) বিএনপি-জামায়াত ও জঙ্গিদের হাতে-যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উসকে দিয়ে বিএনপি-জামায়াত, জঙ্গিরা সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তাদের আক্রোশ ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। দুইজন সাংবাদিককে হত্যা ও একজন নারী সাংবাদিককে নাজেহাল করেছে তারা। এরা মানুষের শত্রু, জনগণের ও দেশের শত্রু।

আরও পড়ুন:

তিনি বলেন, নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছে। পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র বিএনপি-জামায়াত, জঙ্গিরা পুলিশের দিকে ব্যবহার করেছে।

এখনো বহির্বিশ্বে বসে কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে উসকে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেকেই প্রাণ হারিয়েছেন। তিনজন পুলিশ ও একজন আনসার সদস্য শাহাদাত বরণ করেছেন। এক পুলিশ সদস্যকে নির্মমভাবে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল ওরা। গাজীপুরের সাবেক জনপ্রিয় মেয়রের পিএসকেও ওরা হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। এমনকি নরসিংদী জেলখানায় ওরা হামলা করে সন্ত্রাসী ও জঙ্গিদের বের করে এনেছে, অস্ত্রও লুট করেছে। সেই অস্ত্র ওরা এখন পুলিশের বিপক্ষে ব্যবহার করতে চায়, জঙ্গিদের দ্বারা আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়।

দাবি আদায়ে আল্টিমেটাম দিলো কোটা আন্দোলনকারীরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুরণে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনসহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শনিবার (২৭ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি মানা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তারা ঘরে বসে না থেকে রাস্তায় নেমে আসবেন। আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও মাহিন সরকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের প্রথমে নেতারা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ তুলে ধরে নিহত ও আহতদের বর্ণনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ‘র‌্যাব হেলিকাপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছে’ বক্তব্যও প্রত্যাখ্যান করেন। তারা প্রশ্ন রেখে বলেন, রাজপথে ছাত্রলীগের যেসব নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে তাদের কি গ্রেপ্তার করা হয়েছে?

সমন্বয়ক মাহিন সরকার বলেন, ১১-১২ দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। কিন্তু চীন সফর থেকে এসে প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানান। এখন সরকারের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে বলা হলেও তা সত্য না। সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়নি। বরং শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে অপরাজনীতি করা হচ্ছে। এ দায় সরকারেরই নিতে হবে।

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, রবিবার (২৮ জুলাই) জেলা, উপজেলাসহ সব পর্যায়ে হেলথ ফোর্স এবং লিগ্যাল ফোর্স গঠন করা হবে। তারা সারাদেশে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করবেন। এছাড়া সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ঢাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া নাহিদ ইসলামসহ সমন্বয়কদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেও পাঁচ মিনিটের বেশি দেখা করতে দেওয়া হয়নি।

সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে শিক্ষকরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের একটি প্রতিনিধিদল। তবে ‘ব্যস্ততার কারণে’ তাদের সঙ্গে দেখা করেননি গোয়েন্দা শাখার প্রধান।

শনিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় ডিবি কার্যালয়ে গিয়ে শিক্ষকরা ২০ মিনিটের মতো অবস্থান করেন। তবে গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ব্যস্ততার কারণ দেখিয়ে শিক্ষকদের সাথে দেখা করেনি।

শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে জানতে গিয়েছিলেন শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই। মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে ‘অধিকতর নিরাপত্তার’ জন্য এখানে নিয়ে এসেছে। হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সেই খবর নিতেই আমরা এসেছি।

তিনি অভিযোগ করে বলেন, আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিস প্রধান (ডিবির হারুন অর রশীদ) ভেতরেই ছিলেন। তাকে খবরও দেওয়া হয়েছে। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হয়েছিল উনার গাড়ি থামিয়ে কথা বলতে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা শিক্ষার্থীদের অভিভাবকও বটে, কাজেই আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে আছে কিনা সেই খবর আমরা কারো গাড়ি আটকে জিজ্ঞেস করবো কেন? এটা তো খুবই স্বাভাবিক যে পুরো বিষয়টা স্বচ্ছ থাকবে। কেন, কী হয়েছে আমাদেরকে বলা হবে। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, তারা আমাদের শিক্ষার্থী। তাদের চিকিৎসা থেকে শুরু করে সবকিছু নিয়েই আমরা উদ্বিগ্ন। এটা আমাদের দায়িত্ব। সে কারণেই আমরা খোঁজ নিতে এসেছি। নিরাপত্তার অভাব হলে আমাদের জিম্মায়ও দিতে পারতেন।

তিনি আরও বলেন, তিনি (ডিবির হারুন অর রশীদ) তো আমাদের সঙ্গে দেখাই করলেন না! এটা অত্যন্ত অভদ্রতাসূচক কাজ হয়েছে বলে আমি মনে করি। এখানে আমরা ১২ জন শিক্ষক এসে দাঁড়িয়ে আছি, তার দেখা করার সময় হলো না। সেটা তিনি ভদ্রভাবে আমাদের জানাতেও পারলেন না, এটা ঠিক হয়নি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ১২ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দীন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরণি সেমন্তী খান, ব্র্য্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুম রেজা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক তামারা মাকসুদ।

অফিসের নতুন সময়সূচি ৯টা-৩টা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। আগামীকাল রবিবার (২৮ জুলাই) থেকে এ অফিস সূচি কার্যকর হবে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, ছুটির শর্তগুলো আগের মতোই থাকবে। অর্থাৎ জরুরি পরিষেবা- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার- প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা সরকার করবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলজে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ-খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নিদের্শ দেন।

এর আগে সকালে রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা।

তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয়। প্রথম সাড়ির এই তিন সমন্বয়কের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তাঁদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রথমে কোন স্পষ্ট তথ্য জানা যায়নি।

সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি), আবার কেউ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন।

শুক্রবার রাতে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাহিদ, আসিফ ও আবু বাকের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। এক দিন পর পূর্বাচল এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। পাঁচ দিন পর তাঁদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে থাকছিলেন বাকের।

এই তিনজনকে জোর করে তুলে নেওয়ার খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে জানা যায়, নাহিদ হাসপাতালের সপ্তম তলার ৭০৩ নম্বর কক্ষে আর আসিফ তৃতীয় তলার ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন।

নাহিদের সঙ্গে তাঁর স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। ওই ব্যক্তিরা প্রথমে নাহিদের কক্ষে গিয়ে তাঁকে নিয়ে যান। এ সময় নাহিদের স্ত্রী ঘুমিয়ে ছিলেন। পরে তাঁরা তিনতলায় আসিফের কক্ষে গিয়ে তাঁকে ও বাকেরকে টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে হাসপাতালের এক কর্মচারীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে থাকা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনীম বলেন, বিকালে তিনি নাহিদের কক্ষেই ছিলেন। হাসপাতালের যে ছেলেটি খাবার দিত, তাকে আটক করা হয়েছে, এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিফের কক্ষে আসেন।

ফাতিমা তাসনীম বলেন, ‘এসে দেখি চারজন ব্যক্তি তাদের ধমকাচ্ছেন ও মারমুখী আচরণ করছেন। আসিফ ও বাকের থরথর করে কাঁপছিল এবং বলছিল “আমরা যাব না”। এ সময় ওই ব্যক্তিরা আমাকে বলেন, “আপনাকে চেনা চেনা লাগছে; আপনি আন্দোলনকারী না?” পরিচয় দিলে তাঁদের একজন বলেন, “আপনার ব্যাপারটাও দেখছি।” এরপর আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে আমি ও হাসপাতালের নার্সরা তাঁদের বলি, রোগীদের ডিসচার্জ করা হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, “আপনারা চেনেন? কাউন্টার টেররিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে?” এরপর কোনো কথা না শুনে তাঁরা দুজনকে নিচে নিয়ে যান। এ সময় তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, তাঁদেরকে (তিন সমন্বয়ক) অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবেন। আসিফ ও বাকেরের মুঠোফোনও নিয়ে যাওয়া হয়েছে।’

ফাতিমা তাসনীম বলেন, ওই দুজনকে নেওয়ার পরে জানতে পারেন নাহিদকেও তাঁর কক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। নাহিদের সঙ্গে থাকা দুটি মুঠোফোন ও তাঁর স্ত্রীর মুঠোফোনও ওই ব্যক্তিরা নিয়ে গেছেন।

ঘটনার বিষয়ে আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে হাসপাতালে এসে আসিফ মাহমুদের কক্ষের সামনে গিয়ে অপরিচিত তিনজন মানুষকে দেখতে পান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়তে থাকে। ওই ব্যক্তিদের কেউ কেউ তাঁর পরিচয় জানতে চান।

বেলা সাড়ে তিনটার দিকে ডিবি ও কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন এসে আসিফকে তাঁদের সঙ্গে যেতে বলেন জানিয়ে ওই চিকিৎসক বলেন, ‘আমাকেও তাঁরা সরে যেতে বলেন। কিন্তু রোগীর প্রতি দায়িত্বের জায়গা থেকে সরিনি। তাঁরা রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার কথা বলছিলেন। আমি তাঁদের বলি, ডিসচার্জ না করে কোনো রোগীকে আমরা ছাড়তে পারি না। আসিফের শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল। তিনি হাসপাতাল থেকে যেতে চাননি। আমরাও ছাড়তে চাইনি। কিন্তু তাঁদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাঁকে ডিসচার্জ অন রিস্ক বন্ড করতে হয়।’

নিহত সাইদের পরিবারকে সহায়তার চেক দিল বেরোবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিহত আবু সাঈদের মা-বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

এ সময় নিহত আবু সাঈদের বৃদ্ধ বাবা মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এর আগে আরেকদিন আমাদের সাথে দেখা করতে আসে। সে সময় ভিসি স্যার আমার সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমাদের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন। আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। ভিসি স্যার আশ্বস্ত করেছেন। প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ খোঁজ রেখেছেন। এছাড়াও পরিচিত-অপরিচিত অনেকেই সহায়তা করছেন।

মকবুল হোসেন আরও বলেন, আমার কলিজার টুকরা ছিলো আবু সাঈদ। তার প্রাইভেট পড়ানোর (টিউশনের) জমানো টাকায় আমার সংসার চলতো। সন্তান হারিয়েছি, এ শোকের কোনো সান্তনা নেই।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ভিসি মহোদয়ের নির্দেশে আবু সাঈদের বাবা-মায়ের সাথে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে সাড়ে সাত লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

এ সময় প্রক্টরের পাশাপাশি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কারে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনার পর আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা জেলাজুড়ে। নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

সন্ধ্যায় ফোন বাজলেই ভাইয়ের কথা মনে পরে ছোট মাইসার

0

স্টাফ রিপোর্টার

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বনশ্রীতে নিজের ভাড়া বাসার সামনে পলিটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের পরীক্ষার্থী মারুফ হোসেন (২১) নিহত হয়। একমাত্র ভাইয়ের স্মৃতি তাড়া করে ফেরে চতুর্থ শ্রেণীর ছাত্রী মাইসাকে। সন্ধ্যার পরপরই ভাই মাকে ফোন করতো। তার সাথেও কথা বলতো। চাকুরি পেলেই তার পছন্দের অনেক খেলনা কিনে দেবে, কিনে দেবে জামাও। কিন্তু ভাই আর নাই। এখনো সন্ধ্যার পর ফোন বাজলেই ভাইয়ের কথা মনে পরে। ভাইয়ের কথা গুলো তার কানে বাজে।

ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মারুফ হোসেন কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানা পাড়ার শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ থেকে শেষবর্ষের চুড়ান্ত পরীক্ষা দিয়ে ইর্ন্টানি করতে ২০ দিন আগে রাজধানী ঢাকায় যায়। বন্ধুদের সাথে বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে ওঠে। ১৯ জুলাই দুপুরে সেই বাসার সামনে এক শিশুকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে গ্রামের বাড়ি খোকসার থানা পাড়াই তার মৃতদেহ আনা হলে শোকের মাতম শুরু হয়। ময়না তদন্ত ছাড়াই কেন্দ্রিয় পৌর ঈদগাহে জানাযা শেষে পৌর কবর স্থানে মারুফকে দাফন করা হয়। নিহত মারুফের শরীরের ডান পাঁজর ভেত করে ঢোকা গুলিটি শরীরে রয়েগেছে। অর্থাভাবে মৃত ছেলের কূলখানি করতে পারেনি বাবা।

একমাত্র ছেলের মৃত্যু সংবাদ আসার পর একবারই চিৎকার করে কেঁদে উঠেছিলেন মা ময়না খাতুন। এর পর বুকে পাথর চাপা দিয়েছেন। কোন প্রশ্নের জবাব দেন না। কেই কথা বললে শুধু ফেলফেল করে তাকিয়ে থাকেন। এখন ছেলের থাকার ঘরে স্মৃতি হাতরে ফেরেন। নিহত ছেলের কক্ষে তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখেছেন। ইচ্ছে হলে ওই রুমে গিয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। ছেলের ব্যবহারের বাইসাইকেলটি নেরে-চেরে দেখেন। মায়ের সাথে ভাইয়ের হাতের স্পর্শ খুজে পাবার চেষ্টা করে একমাত্র ছোট বোন চতুর্থ শ্রেণির ছাত্রী মাইসা। নিহতের বাবা মা ও ছোট বোনটি অসুস্থ হয়ে পরেছে। কাঁচা মালের আড়তের শ্রমিক ও ফুটপাতের খন্ডকালীন পেয়ারা বিক্রেতা শরিফ উদ্দিন কাজে যান না। গত ৫ দিনে বাড়িতে উনন জ্বলেনি। প্রতিবেশীরা পালা করে খাবার যোগাচ্ছেন পরিবারটির।

বৃহস্পতিবার দুপুরে নিহত মারুফের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষের চার চালা টিনের ঘরের বারান্দায় মা ময়না খাতুনকে ঘিড়ে প্রতিবেশী মহিলারা বসে আছেন। তারা নানা কথা বলে তাকে (ময়নাকে) শান্তনা দেবার চেষ্টা করছেন। কারো কথায় সারা নেয় ময়না খাতুনের। র্নিবাক তিনি শুধু শুনছেন। হঠাৎ করেই ছেলের ঘরের তালা খুলে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন। সরে গিয়ে ছেলের সোবার খাটে বসে বলে উঠলেন, “বাবার সাইকেল। এই সাইকেলেই বাবা (মারুফ) স্কুল করেছে। বাজারে ঘুড়তে যেতো।”

সদ্য একমাত্র ভাই হারা মাইসা জানায়, সন্ধ্যা নামলেই ভাইয়ের কথা বেশী বেশী মনে পরে। ঢাকায় যাওয়ার পর প্রতিদিন সন্ধার পর ভাই মাকে ফোন দিত। আর একটু পড়া আছে। শেষ হলেই চাকরি পাবে। আমাকে অনেক পুতুল ও জামা কিনে দেবে। ভাইয়ের এই সব কথা তার খুব মনে পরে।

নিহত মারুফের বাবা শরিফ উদ্দিন দাবি করেন, ১৯ তারিখ শুক্রবার সকাল ১১ টার দিকে ছেলের সাথে শেষবার কথা হয়। তখনও তাদের মেসে খাবার হয়নি। কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে যায়। আর কথা হয়নি। বিকাল ৫টার পর ছেলের সহপাঠি নবী তাকে ফোন দিয়ে মারুফের মৃত্যুর খবর জানায়।

তিনি আরও জানান, বিকালে রাস্তায় আহত এক শিশুকে উদ্ধারের চেষ্টা করলে মারুফকে লক্ষ্য করে গুলি চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই শিশুটিও দ্বিতীয় দফায় গুলিবিদ্ধ হয়। বনশ্রী এলাকার একটি হাসপাতাল থেকে ময়না তদন্ত ছাড়াই মারুফের মৃতদেহের হস্তান্তর করা হয়। তিনি এই নির্মম হত্যা কান্ডের বিচার দাবি করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...