সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 287

কুষ্টিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী- ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে ৬টা পর্যন্ত শহরের মজমপুর ও চৌড়হাস এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের মজমপুর এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের একটি মিছিল একই স্থানে আসে। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একটি বাস ভাংচুর করা হয়। পরে আন্দোলনকারীরা চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে শহরের সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে শহরের বিভিন্ন পয়েন্ট অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষিকভাবে হতাহতের সঠিক পরিমাণ জানা যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ৩টা মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কুষ্টিয়ায় ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল ১৬ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

আজ বুধবার (১৭ জুলাই) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ স্বাক্ষরিত অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে।

অব্যাহতি পাওয়া চার নেতা হলেন জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরজু চৌধুরী, উপ-মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জুবায়ের মাহাতাব জেনন, উপ-কর্মস্থান বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কবির সাফিন ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সজল ইসলাম।

এদের মধ্যে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া আরজু চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে আরজুকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোষ্ট দিতে দেখা গেছে। তবে তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। সে ওই মামলার এজাহারভুক্ত আসামী।

এ ব্যাপারে জানতে চাইলে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা আরজু চৌধুরী বলেন, আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা সভাপতি-সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে আপনাকে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে সেটাও কারণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন,তাও হতে পারে। আপনি কি আন্দোলনের পক্ষে এমন প্রশ্নে এই ছাত্রলীগ নেতা বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি জাতির পিতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ বলেন, বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে না পারায় তারা নিজেরাই অব্যাহতি চেয়েছিল। তাই তাদেরকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, সংগঠনের নীতি–আদর্শ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ওই চার নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকান্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না। অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতাদের কোটা সংস্কার আন্দোলনের সাথে কোন সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। এর সাথে কোটা সংস্কার আন্দোলনের কোন সম্পর্ক নেই। তবে কি সেই অভিযোগ তা জানাননি তিনি।

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও তাদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। একই সময়ে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মাহবুব মিলু, আব্দুস সালাম ও শাহেদুর রহমান প্রমুখ।

একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা লাঠি ও লাল সবুজের পতাকা নিয়ে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারী বালক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরে প্রবেশ করতে চাইলে খাদ্যগুদাম এলাকায় পুলিশ বাধা দেয়। ফলে তারা শহরের গোরস্থান এলাকায় সমাবেশ শেষ করে।

আইনি প্রক্রিয়াতেই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়াতেই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়া এক ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কামলমতি শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যে ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি বলেন, ‘২০১৮ সালে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সম্প্রতি আদালত এটি বাতিল করে। এরপর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ইচ্ছা পোষণ করলে সুযোগ দেওয়া হয়।

তিনি বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে অনাকাক্সিক্ষত উচ্চাভিলাস চরিতার্থ করতে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেলো। আপনজন হারানোর বেদনা কত কষ্টের, আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি সব হত্যার নিন্দা জানাই।’

‘যারা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উসকানিতে এই অরাজক পরিস্থিতি তৈরি হলো, তা তদন্ত করে বের করা হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।

এ অবস্থায় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে সরকারের এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সই করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

গতকাল (মঙ্গলবার) কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ঘোষণা করে সরকার।

পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১৮ জুলাই) সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

সারা দেশের স্কুল-কলেজে ক্লাস বন্ধ ঘোষণা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে মঙ্গল ও সোমবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা, নিহত ৬ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ছাত্র ও পথচারী মিলে কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী, একজন পথচারী ও বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নগরীর মুরাদনগরে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুকে গুলিবিদ্ধ রফিক নামের এক জনের অবস্থা আশঙ্কা জনক। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফারুক (৩২) ও ওয়াসিম (২২)। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার বয়স ২৪। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতারে পাঠানো হয়েছে।

রংপুর শহরের লালবাগ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলকারীদের মধ্যে মাঝমাঝে উত্তাপ বাড়ছে। তাদের দূরত্ব রয়েছে ২০০ গজের মধ্যে।

ঝিনাইদহে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে হেলমেট পরে ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায়। পুলিশের সহায়তায় এ হামলায় কমপক্ষে ১২ আন্দোলন কারী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জের মাহিন, স্টেডিয়ামপাড়ার শারমিন সুলতানা, সাথি খাতুন, আবু হুরাইরা, এলমা খাতুন, সাইদুর রহমান, রিহান ও আবু সাইদের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে মাহিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শারমিন সুলতানা জানান, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করার জন্য তারা শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হতে থাকেন। এ সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি-সোটা নিয়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠি ও লোহার রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। এ সময় ভাংচুর করে মাইক। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল করতে করতে শহরে চলে আসে। হামলায় তাদের ১২ জন শিক্ষার্থী আহত হন বলে তারা দাবী করেন। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

শিক্ষার্থী মাহিন অভিযোগ করেন, পুলিশ প্রহরায় ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালালেও পুলিশ তাদের কিছুই বলেনি। বরং তাদের সহায়তা করেছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আল ইমরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। সে সময় ছাত্রলীগের নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

ঢাবি ক্যাম্পাস থেকে সরে গেলো পুলিশ

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। তবে, রাতে ক্যাম্পাস থেকে ফিরে গেছেন পুলিশ সদস্যরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে সরে যায় পুলিশ সদস্যরা।

দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে চাঁনখারপুল পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন ¯েøাগান দিচ্ছেন।

পুলিশকে অনুরোধ করে শিক্ষার্থীরা বলেন, তারা শহীদ মিনার প্রাঙ্গণে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এসময় পুলিশ তাদের অনুরোধ জানিয়ে এ রাতে শহীদ মিনারে যেতে নিষেধ করে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেন, এ মুহূর্তে পুলিশের অবস্থান ক্যাম্পাসে নেই। এ রাতে শিক্ষার্থীদের শহীদ মিনারে যাওয়া ঠিক হবে না। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

ঢাবিতে জরুরি বৈঠক : হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

সোমবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে হল প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেন এমন অনুরোধ ও নির্দেশনা দেন। পরে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক ’দালাল দালাল’ ‘ভুয়া ভুয়া’ ¯েøাগান দিতে দেখা যায়।

অন্যদিকে, রাত পৌনে ৮টার দিকে শহীদুল্লাহ হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, আমাদের হাতে সবকিছু নেই। আমাদের সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করবো। শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।

এদিকে, কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। বৈঠক শেষ ভিসি মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্টরা হলে অবস্থান করবেন, হলে বহিরাগত কাউকে থাকতে দেয়া হবে না।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার মধ্যে রয়েছে- (১) শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান (২) প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ (৩) হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না (৪) যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো পাশাপাশি (৫) সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে প্রায় ৩০ গজ দূরে একটি সাঁজোয়া যান (এপিসি) নিয়ে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...