বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 195

উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্বরুপপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।

ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস নামজারি, দাখিলা কাটা ও মিসকেস নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আছেন। নামজারীর জন্য অনলাইনে আবেদন করা হলেও প্রতিবেদন নিতে কেস প্রতি তাকে ৪ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে থাকেন। টাকা না দিলে প্রতিবেদন দিতে নানা টালবাহানা করেন বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন।

অভিযুক্ত এ কর্মকর্তা ভুক্তভোগীদের নামজারী কেস মঞ্জুর হলে ডিসিআরের জন্য অতিরিক্ত টাকা দাবী করেন। সব থেকে বেশী ভোগান হোল্ডিং নম্বরের দেওয়ার ক্ষেত্রে।

স্বরুপপুর ইউনিয়নের কোশাডাঙ্গা গ্রামের আবু বক্কর অভিযোগ করেন, তার পিতা আবরুজ আলী ও মা আরজু বানুর হুদা কুশাডাঙ্গা মৌজার ৩৬০৪ নং দাগে ৫৩ শতক ধানী জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গেলে অতিরিক্ত টাকা না দেয়া পর্যন্ত তাকে খাজনার রশিদ দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, তার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে ১০২ টাকার দাখিলা দিয়েছে।

একই গ্রামের আনোয়ার হোসেন অবিযোগ করেন, ভূমি উন্নয়ন করের ৮০ টাকার দাখিলা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে।

একই অভিযোগ করেন কুসুমপুর গ্রামের ইদু ফকিরের ছেলে আবুল কাসেম। তার কুসুমপুর মৌজার ৮৬৪ খতিয়ানে ৭৬ ও ৪৫৭ নং দাগে ধানী ও ডাঙ্গা জমির ৭২ শতক জমির নামজারি ও ভূমি কর পরিশোধ জন্য ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের কাছে গেলে তিনি পাঁচ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি অবশেষে সাড়ে ৪ হাজার টাকায় রফা করেছেন বলে জানান।

আরও পড়ুন – ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যা

স্বরুপপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, এ সব অভিযোগ সত্য নয়। তিনি বলেন, জমির মালকরা খুশি হয়ে যা দেন তার বাইরে আমি একট টাকাও গ্রহন করি না। এখন মানুষ যদি খুশি হয়ে বেশি টাকা দেয় তাহলে আমরা কি করার আছে।

মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন জানান, এবিষয়ে ভূক্তিভোগীরা তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি নিজে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন দুর্নীতি করে কেউ পার পাবেন না।

ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কলেজ ছাত্রের নাম রুবেল হোসেন (২২)। তিনি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ছাত্রাবাসে থাকতেন তিনি।

পুলিশ সুত্রে জানা গেছে, রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃৃত্যু হয়েছে।

নিহত রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাত্রাবাসের সঙ্গী আনিসুর রহমান জানান, তিন তলায় তিনটি রুমে আমরা ৯ জন থাকতাম। রুবেলের রুমে তিনজন থাকতো।

আরও পড়ুন –কলকাতায় দেখা মিলল আসাদুজ্জামান খান কামালের

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুবেল পড়ে আছে। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

তিনি আরও বলেন, বিকাল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখেছি। সন্ধ্যার পরে এক সাথে ছাত্রাবাসের খরচের হিসাব করেছি। তবে এই ঘটনা কিভাবে, কারা ঘটিয়েছে সেটা জানি না।

কামরুল হাসান শুভ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করছি হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। তার দুই হাত, দুই পা সাদা রশি ও মুখ লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘটনার পর পুলিশের সাথে ভবনের তিনতলায় গেলে ওই রুমের বারান্দায় একই রঙের রশি টানানো থাকতে দেখেছি। তিনি দাবি করেন এটা একটা হত্যাকান্ড। কে বা কারা তাকে হত্যা করেছে। রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রবাসে গিয়ে দেখা যায়, রুবেলের সাথে একই রুমে থাকা হৃদয় ও রাইসুলসহ অন্যান্যদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। এ সময় বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা।

মাহিম নামের স্থানীয় এক যুবক জানান,ঘটনার পরেই আমরা ছাত্রাবাসের ছেলেদের কাছে ঘটনা কি হয়েছে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কিছু জানে না বলছে। তবে চারতলা ভবনের ছাদ বন্ধ থাকে। বাড়ির মালিক ছাড়া ছাদের চাবি ছাত্রাবাসের এক ছেলের কাছে থাকে জানতে পেরেছি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানতে পারবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, আশঙ্কাজনক অবস্থায়
রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলকাতায় দেখা মিলল আসাদুজ্জামান খান কামালের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কলকাতার একটি পার্কে দেখা মিলেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে।

এ ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি; দ্রæত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন – হাসিনার ৪০০ কোটির সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।

এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে পালিযে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

হাসিনার ৪০০ কোটির সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পদত্যাগের পর পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর আলম। সুধা সদনে খাওয়ার পানি সরবরাহ ছিল তার কাজ। এ কারণে তার নাম হয় ‘পানি জাহাঙ্গীর’। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, বিভিন্ন চাকরিতে নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর।

মঙ্গলবার (১ অক্টোবর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। যার মধ্যে ধানমন্ডিতে ২ হাজার ৩৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট, ১টি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন ৭৩ লাখ টাকা এবং ব্যাংকে ১ কোটি ১৭ লাখ টাকার তথ্য পাওয়া যায়।

প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি টকার সম্পদ। বাগিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার সম্পদসহ গাড়ি-বাড়ির মালিক হয়েছেন বলে জানা যায়। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

গত ১৪ জুলাই গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানাল এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি।’

এ ছাড়া জাহাঙ্গীরের নামে নিজ এলাকায় ৪ কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান, মিরপুরে ৭ তলা ভবন ও দুটি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটখিলে পৈতৃক ভিটায় চারতলা বাড়ি রয়েছে বলে জানা যায়। পাশাপাশি তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদীর হরিনারায়ণপুর এলাকায়। এর ১৯টি ফ্ল্যাটের মধ্যে ১৮টি ভাড়া দেওয়া আছে।

আরও পড়ুন – বিমসটেক সম্মেলনে মোদী-ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে

অস্থাবর সম্পদ হিসাবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংকের গচ্ছিত মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ডিপিএস ২ লাখ ৭৫ হাজার টাকা, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার তথ্য পাওয়া যায়।

জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানতে পেরেছে সিআইডি।

বিমসটেক সম্মেলনে মোদী-ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে।

মঙ্গলবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এ সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বাচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ, আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছেন তার আগেরদিন চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন – ৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

তিনি বলেন, ‘কমনওয়েলথে (সাক্ষাৎ) হবে না (২১-২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানীর আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন)। ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী। তিনি যাবেন ব্রিকস সম্মেলনে। কারণ, ব্রিকস তাদের জন্য গুরত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না (কমনওয়েলথ সম্মেলনে)।’

তৌহিদ হোসেন বলেন, ‘হয়তো একটা সম্ভাবনা আছে আগামী মাসে। বিমসটেকের সম্মেলনে হবে। প্রত্যাশিত, এখনো তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে, সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে। এছাড়া, আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে তা সমাধানের চেষ্টা করবো।’

৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশে আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশে ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন বরে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের করের তেকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ ভাবেই মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।

আরও পড়ুন – শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে পাহাড়ি ছাত্ররা

কাদের সিদ্দিকী আরও বলেন, এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে পাহাড়ি ছাত্ররা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেরে ইন্সট্রাক্টর (বিল্ডিং মেইনটেন্যান্স) ও বিভাগীয় প্রধান নিহত শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা প্রশাসক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন।

সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজও ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষককে হত্যা করা হয়।

আরও পড়ুন – বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

এদিকে, শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। আহত হয়েছেন ১৫-২০ জন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও পুরো শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এরপর অশান্ত হয়ে ওঠে পাহাড়। যার জেরে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি) ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাটে সাজীদ নিহত হয়। সে কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে। বাজার থেকে বাড়ি ফেরার পথে সে বজ্রপাতের শিকার হয়।

আরও পড়ুন – অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড

ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ী যাচ্ছিলো। সে সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজীদ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই কিশোরকে ৫ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় এ অভিযান চালিয়ে কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের মো. রঞ্জুর ছেলে মো. তুর্য (১৮) ও মো. হাবিলের ছেলে মো. জিন্নাহ শেখ (১৮)।

আরও পড়ুন – চাকরির বয়স সীমার আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার আশ্বাস

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত বলেন, অবৈধভাবে গড়াই নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

চাকরির বয়স সীমার আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার আশ্বাস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে গেলে এ আশ্বাস দেন তিনি। সাক্ষাৎ শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সমন্বয়ক রাসেল।

সমন্বয়ক রাসেল বলেন, আমাদের দাবির পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা। দাবি বাস্তবায়নে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ জার্নি করে এসেছেন। এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা আলোচনা হয়েছে আমাদের। আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে মোবাইলে আমাদের কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, ‘চাইলেই আজকে প্রজ্ঞাপন নিতে পারেন। কিন্তু এটার একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যেই হবে।’

আরও পড়ুন – ক্রসফায়ারে নিহতের পরিবার ৫ বছর পর মামলা করলো

আগামীকাল জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে। মূলত দাবি বাস্তবায়নের জন্য আলোচনা হবে। এ আলোচনার প্রতিবেদন সাতদিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন সমন্বয়ক রাসেল।

এ সমন্বয়ক আরও বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি পূর্ণ সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। এটি যৌক্তিক। দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, এখনই আমাদের আন্দোলন স্থগিত নয়। এখান থেকে আমরা সরে শাহবাগে যাবো, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো পরবর্তী আন্দোলন কি হবে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...