মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 595

আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেবে ইবি

0
EB123

ইবি প্রতিনিধি

আগের নিয়মেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অটোপাস হওয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপরে থাকা ২০ নম্বর বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টরাও সভায় অংশ নেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আট অনুষদ, ৩৪ বিভাগ ও সংশ্লিষ্ট উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বাংলা বিভাগ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিল। তা গৃহীত হয়নি। এদিকে এবারের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে নেওয়ার পরামর্শ দিয়েছে সিংহভাগ বিভাগ। এইচএসসি পরীক্ষায় অটোপাস হওয়ায় ফলাফলের ওপরে থাকা ২০ নম্বর বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে বিভাগগুলো। অর্থাৎ ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন, ২০ নম্বরের লিখিত ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপরে ২০ নম্বর রাখার পরামর্শ দিয়েছেন বিভাগীয় সভাপতিরা। এছাড়া ভর্তি পরীক্ষার কমিটি গঠনের ক্ষেত্রে কোর-কমিটিতে উপাচার্য মনোনীত সদস্য না দেওয়া, কমিটির সদস্য বাড়ানোসহ বিভাগীয় সভাপতিরা বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, আগের নিয়মে ভর্তি পরীক্ষা প্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাকি নিয়মাবলী নির্ধারণ করা হবে। সভায় কেবল বাংলা বিভাগ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছে। তবে তা গৃহীত হয়নি।

বিরোধী নেতাদের সম্মান দিয়ে কথা বলতেন বঙ্গবন্ধু – রাষ্ট্রপতি

0
PRESIDENT-DROHO-9P10
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে স্পিকার বিব্রত হতেন, কিন্তু বঙ্গবন্ধু হতেন না। উদার না হলে গণতান্ত্রিক মনোভাবাপন্ন না হলে এটা ভাবাই যেত না।

বিশেষ অধিবেশন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে সংসদকে। দেশের বিশিষ্ট ব্যক্তিরা অধিবেশন দেখার আমন্ত্রণ পান এবং অনেকে যোগও দেন।

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, যৌবন, শিক্ষা, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পর সরকারসহ বিভিন্ন ঐতিহাসিক তথ্যের ওপর আলোকপাত করেন।

রাষ্ট্রপতি বলেন, বিরোধী দলের প্রতি বঙ্গবন্ধুর আলাদা একটা মনোযোগ ছিল। রাজনৈতিক মতাদর্শের যত অমিলই থাকুক না কেন বঙ্গবন্ধু কখনো বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে কিছু বলতেন না বরং তাদের যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। রাজনৈতিক শিষ্টাচার তার জীবনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল।

তিনি বলেন, কোভিড-১৯ এর থাবায় গোটাবিশ্ব আজ বিপর্যস্ত। ইতোমধ্যে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও প্রায় পাঁচ কোটি। এখনও মৃত্যু ও আক্রান্তের মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে শত শত মানুষ। বাংলাদেশেও করোনায় কেড়ে নিয়েছে ছয় হাজারের অধিক অমূল্য প্রাণ।

রাষ্ট্রপতি বলেন, আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান রেখেছেন এবং আমৃত্যু বাংলাদেশের শুভাকাক্সক্ষী হিসেবে ভূমিকা পালন করেছেন। করোনাকালে আমরা আরও হারিয়েছি সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, বেগম সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও বেশ কয়েকজন সংসদ সদস্যসহ অনেক রাজনৈতিক নেতাকে।

এছাড়া হারিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকসহ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক ব্যক্তিকে। আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

তিনি আরও বলেন, ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী কিন্তু অধিকার আদায়ে আপসহীন। মাত্র ১৪ বছর বয়সে ব্রিটিশবিরোধী সভা-সমাবেশে অংশ নেন তিনি। গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ চালাতে গড়ে তোলেন ‘মুসলিম সেবা সমিতি’। ১৯৩৮ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়েই তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি ও জনসেবা যুগপৎভাবে চলতে থাকে। ১৯৪৬ সালে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর বঙ্গবন্ধু কলকাতা থেকে ঢাকা আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। অবিভক্ত বাংলার রাজনীতি থেকে পূর্ববাংলার রাজনীতিতে মনোনিবেশ করেন। দেশবিভাগের কিছুদিন পরই তরুণ নেতা শেখ মুজিব বুঝতে পেরেছিলেন, ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্তি পেলেও বাঙালি নতুন করে পশ্চিমাদের শোষণের কবলে পড়েছে। পশ্চিমা শাসকগোষ্ঠী প্রথম আঘাত হানে বাঙালির মায়ের ভাষা ‘বাংলা’র ওপর। ঘোষণা দেয় ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’। বাংলা ভাষার দাবিতে ধর্মঘট পালনকালে ১৯৪৮ সালের ১১ মার্চ শেখ মুজিব সচিবালয় গেট থেকে গ্রেফতার হন। অর্থাৎ পাকিস্তান কায়েম হওয়ার আট মাসের মধ্যেই তিনি কারাবরণ করেন।

১৯৪৯ সালে ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সহযোগিতা ও সমর্থন দেয়ার অভিযোগে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। মুচলেকা দিয়ে অনেকে ছাত্রত্ব ফিরে পেলেও তিনি সে পথে পা বাড়াননি, তিনি ছিলেন আপসহীন। যেখানেই অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন দেখেছেন সেখানেই তিনি প্রতিবাদে নেমে পড়েছেন। জীবনে কখনো নীতি-আদর্শের সঙ্গে আপস করেননি। ভাষার দাবিতে সারাদেশে আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বঙ্গবন্ধু ১৯৫২ সালের জানুয়ারি মাসে আটকাবস্থায় হাসপাতালে থেকেই ছাত্রনেতাদের সাথে গোপনে বৈঠক করে একুশে ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা দিবস’ পালন এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম ও কারাভোগের মধ্য দিয়েই শেখ মুজিব বাঙালির অধিকার আদায়ের পথে এগিয়ে চলেন। ১৯৫৩ সালের ৯ জুলাই তিনি ৩৩ বছর বয়সে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালের ১৪ নভেম্বর আওয়ামী মুসলিম লীগের বিশেষ কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেন এবং ১৯৫৪ সালের ১০ মার্চ যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে গোপালগঞ্জ থেকে প্রথমবারের মতো আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৪ সালের ১৫ মে যুক্তফ্রন্ট সরকারের সমবায়, ঋণ ও গ্রামীণ পুনর্গঠন বিষয়কমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৪ সালের ৩০ মে কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার ভেঙে দেয় এবং অন্য রাজনীতিবিদদের সাথে বঙ্গবন্ধু গ্রেফতার হন।

আবদুল হামিদ বলেন, ১৯৫৫ সালের ৫ জুন বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের হয়ে গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তান গণপরিষদে ভাষণদানকালে ‘পূর্ব পাকিস্তান’ নামের বিরোধিতা করে ‘পূর্ববাংলা’ করার আহ্বান জানান। একই ভাষণে আঞ্চলিক ও স্বায়ত্তশাসনেরও দাবি জানান। ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর জোট সরকারের শিল্প-বাণিজ্য-শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন এবং ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করেন। ১৯৫৭ সালের ৩০ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। দলের প্রতি বঙ্গবন্ধুর কতটা আনুগত্য, আন্তরিকতা ও টান ছিল মন্ত্রিপরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ তার প্রকৃষ্ট উদাহরণ। ক্ষমতা বা কোনো কিছু চাওয়া-পাওয়া বঙ্গবন্ধুকে তার লক্ষ্য ও আদর্শ থেকে কখনো বিচ্যুত করতে পারেনি- এটাও তার একটি বড় প্রমাণ।

১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু দুই বছর কারাভোগ করেন এবং ১৯৬৪ সালে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরোধিতা করে আবারও গ্রেফতার হন। কিন্তু কোনো কিছুই শেখ মুজিবকে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন থেকে দূরে রাখতে পারেনি। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে ঐতিহাসিক ৬ দফা উত্থাপনের পর প্রথম তিন মাসেই পাকিস্তানের সামরিক সরকার তাকে আটবার গ্রেফতার করে। জেল থেকে বের হয়েই বঙ্গবন্ধু ৬ দফার সমর্থনে জনমত সৃষ্টির লক্ষ্যে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। জেল-জুলুম কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। যদিও সামরিক সরকার ৬ দফা নিয়ে জনমত গঠন প্রক্রিয়া ব্যাহত করতে অধিকাংশ সময় বঙ্গবন্ধুকে কারান্তরীণ রাখে।

রাষ্ট্রপতি হামিদ আরও বলেন, বাঙালির অধিকার আদায়ের সংগ্রামকে প্রতিহত করতে সামরিক সরকার কারান্তরীণ অবস্থায় বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালির বিরুদ্ধে ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ শীর্ষক মামলা দায়ের করে, যা ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ নামে পরিচিত। সামরিক সরকারের এহেন অগণতান্ত্রিক, নিপীড়ন ও নির্যাতনমূলক কর্মকা-ের বিরুদ্ধে পূর্ববাংলার জনগণ রুখে দাঁড়ায়। আন্দোলন তীবব্র থেকে তীব্রতর হয়ে ছড়িয়ে পড়ে সারাদেশে। দেশব্যাপী সৃষ্টি হয় গণঅভ্যুত্থান। প্রবল গণআন্দোলনের মুখে পাকিস্তান সামরিক শাসক ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলায় আটক শেখ মুজিবসহ অন্য বন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো ছাত্র-জনতার সংবর্ধনায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়। এই সমাবেশেই তিনি ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

হোয়াটসঅ্যাপের মেসেজ মুছবে স্বয়ংক্রিয়ভাবে

0
WHATSAPP 9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ। ইতিমধ্যে এমন মেসেজ পাঠানোর সুবিধার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে নতুন ফিচার যুক্ত হচ্ছে।

ফিচারটি এলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আলোচিত এ ফিচারটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন। এ মাসেই অ্যান্ড্রয়েড, আইওএসসহ সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার করলে সাত দিন পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এই ফিচার ব্যবহার করতে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে ‘কন্টাক্ট নেম’ এ চাপ দিয়ে ধরলেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশন আসবে। সেখান থেকে ‘কন্টিনিউ’ অপশনটি ক্লিক করে ‘অন’ বাটন সিলেক্ট করতে হবে।

প্রতিটি গ্রুপে গিয়ে আলাদাভাবে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা।

গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এটি চালু করতে পারবেন। তবে এখনই সব ব্যবহারকারী সুবিধাটি পাবেন না। সবার জন্য হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার চালু হওয়ার পর কন্টাক্ট সেকশনে এ সম্পর্কিত অপশন পাওয়া যাবে।

বাইডেন এক বছরও টিকবেন না : কঙ্গনা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিতর্কিত মন্তব্যে সব সময় আলোচনায় থাকতে পছন্দ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের।

নিজ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বসহ, রাজনীতি ও ধর্মীয় বিষয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে তার জুড়ি নেই।

এবার কঙ্গনার চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। ইতিমধ্যে বাইডেনকে ‘গজনি’ সম্বোধন করে টুইট করেছেন কঙ্গনা।

তিনি লিখেছেন, ‘গজনি বাইডেনের ডেটা প্রতি পাঁচ মিনিটেই ক্র্যাশ করে। যা ওষধুই দেয়া হোক, এক বছরের বেশি টিকবে না। তাই খুবই স্পষ্ট যে কমলা হ্যারিসই এই শো চালাবেন।’

এরপর সদ্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসা করলেন তিনি।

কঙ্গনা বলেন, ‘একজন নারী মাথাচাড়া দিলে, তিনি অন্যদেরও টেনে তুলতে সাহায্য করেন। এই ঐতিহাসিক দিনের জন্য অনেক অভিনন্দন।’

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘গজনি’ ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। ছবিতে দেখা গেছে, প্রতিপক্ষের দেয়া আঘাতে একজন বিজনেস আইকনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগের কথা ভুলে যেত সে।

কঙ্গনা কেন বাইডেনের সঙ্গে ছবির সেই চরিত্রের সঙ্গে তুলনা করলেন সে বিষয়ে নেটিজেনদের ধারণা তিনি বাইডেনের বয়সের দিকে ইঙ্গিত করেছেন।

শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের স্মরণ সভা

0
Shailkupa Upazilla ChairmanDROHO-9-P7

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন (সোনা)’র স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্মরণ সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস, সাবেক সভাপতি জাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার একেএম লুৎফর রহমান, হাকিমপুর ইউনিয়ন কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হবিবর রহমান প্রমুখ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা।

যানবাহনে এলইডি লাইট ব্যবহারের ফলে দুর্ঘটনা বাড়ছে

0
LED-LIGHT-DROHO9-P-7

পাবনা প্রতিনিধি

যানবাহনে এলইডি লাইটের ব্যবহারে সন্ধ্যা নামলেই সড়কে চলাচল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাড়ছে দুর্ঘটনা।

সম্প্রতি সড়কে চলাচল কারী অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তীব্র আলোর এলইডি লাইট ব্যবহারের প্রবনতা বেড়েই চলেছে। কোন আইনের তোয়াক্কা না করে তীব্র গতির এ আলোর বাতি ব্যবহারের ফলে বিপরিত দিক থেকে ছোট আলোর গাড়ির চালকদের পরতে হচ্ছে বিপাকে। ফলে নিত্য দিনই ঘটছে দুর্ঘটনা। কেউ জীবন হারাচ্ছে, আবার কেউ পঙ্গু হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঈশ্বরদীর রেল গেট এলাকার এক মোটরসাইকেল চালক জানান, ট্রাফিক আইনে মোটরসাইকেলসহ সবধরনের ইঞ্জিন চালিত যানবাহনের হেড লাইটে সিংহভাগ অংশ কালো রং দিয়ে ঢেঁকে রাখা বাধ্যতামূলক। কিন্তু সে আইনের বালাই নেই। উল্টো করে এক মোটরসাইকেলে তীব্র গতির ৩/৪টিও লাইট ব্যবহার করা হচ্ছে।

খোকসার মোস্তফা আজাদ মারা গেছেন

0
MUSTOFA-AZA-DROHO-9P-3
মোস্তফা আজাদ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ বাধ্যক জনিত রোগে মারা গেছে (ইন্না…… উন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, প্রগোতিশীল চেতনায় উদ্বুদ্ধ মোস্তফা আজাদ (আজাদ সাহেব) দীর্ঘ দিন ধরে শরীরের নানা জটিল সমস্য নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। সোমবার ভোর ৫টার পরের সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। আজ (সোমবার) সন্ধায় মালিগ্রাম কবর স্থানে জানাযার নামাজের পর মা বাবার কবরের পাশে তার দাফন অনুষ্ঠিত হবে।

তিনি জানিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদের মৃত্যুতে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, খোকসা পৌরসভার পক্ষ থেকে মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, খোকসা প্রেসক্লাব, বাজারের ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে মোস্তফা আজাদ দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ছিলেন প্রবীন ব্যবসায়ী। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বুধবার বাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এ শোকপালনের সময় নির্দ্ধারণ হয়নি বলে জানান ব্যবসায়ীনেতা আব্দুর রাজ্জাক জানান।

যশোরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

0
JASOR-DROHO-9-11-2020-P-2

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় এক কৃষককে কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে উপজেলার দক্ষিণ কয়েরপাড়ার একটি ধান ক্ষেত থেকে পিকুল হোসেন (৩০) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে এই গ্রামের সাখাওয়াতের ছেলে।

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব কৃষক হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিকুল জমি থেকে ধান কাটার উদ্যেশ্যে রবিবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তারা বাড়ির কাছাকাছি ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট বাবদ ফি নেওয়া যাবে না

0
sakendry-droho-9-p-1

দ্রোহ অনলাইন ডেস্ক

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নে অ্যাসাইনমেন্ট বাবদ কোনো ফি আদায় না করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।

আবার মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে টিউশন ফি আদায় করবে, সে বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছেন।

রবিবার তিনি বলেন, শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়ন করতে যে অ্যাসাইনেমন্ট নেওয়া হচ্ছে সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলে দেওয়া হয়েছে। টিউশন ফি আদায় করা নিয়ে শিগগিরই একটি নির্দেশনা দেয়া হবে।

করোনা মহামারীর মধ্যে এবার বার্ষিক পরীক্ষা না নিয়েই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে তোলা হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি।

সেই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। যার উত্তর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক অনুসরণ করে লিখতে বলা হয়েছে।

এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের ঘাটতিগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসে তা পূরণের চেষ্টা করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছেন।

ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা আগামী শিক্ষাবর্ষে থাকছে না

0
DHAKA UN 8 P14
প্রিতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকছে না। তবে তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

রবিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান,কলা ও ব্যবসা) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে। এটি কার্যকর হবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদের বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কীভাবে ‘চ’ ইউনিট এবং ‘ঘ’ ইউনিটকে শুধু ক,খ,গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে।

মূলত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘খ’ ইউনিট এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘গ’ ইউনিটের মাধ্যমে ভর্তি হয়ে আসছে। এ তিন ইউনিটে পরীক্ষার পর অনুষ্ঠিত হতো সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। যেটির মাধ্যমে তিনটি বিভাগের শিক্ষার্থীরা কেবল বিভাগ পরিবর্তনের জন্যই পরীক্ষা দিতেন। এক্ষেত্রে অনেকে বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকের বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতেন। আবার ব্যবসা থেকে মানবিকে আসার জন্য পরীক্ষা দিতেন।

‘ঘ’ ইউনিটের মোট আসনের মধ্যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ১ হাজার ১৫২টি, ব্যবসায় শিক্ষা অনুষদে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ৪১০টি ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৫৩টি।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...