সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 671

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ছাড়াল

0
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও ভারতে মৃত্যুর সংখ্যা বাড়ার মধ্য দিয়ে শনিবার বিশ্বজুড়ে

পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় রোববার সকালে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৪৯৯ জনে।
একই সময় বিশ্বব্যাপী মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ২ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৫৮ জন।
১ লাখ ৭৬ হাজার ৩৪৮টি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এ তালিকার শীর্ষে আছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫০ জনের। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৬০ হাজার ২৫৪ জনের।

৫৬ হাজার ৭০৬টি মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত।

শুক্রবার পর্যন্ত আগের দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে করা রয়টাসের হিসাব অনুযায়ী, কোভিড-১৯ এ গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৯০০ জন মারা যাচ্ছেন।
এই হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে ২৪৬ জনের আর প্রতি ১৫ সেকেন্ডে একজনের।

৫ অগাস্ট বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছিল, এরপর আরও এক লাখ মৃত্যু যোগ হতে লাগলো আরও ১৭ দিন। এই হিসাবে বিশ্বজুড়ে মৃত্যুর হার স্থিতিশীল আছে, কারণ মৃত্যুর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে পৌঁছতেও একই সময় লেগেছিল।

৫৬ লাখ ৪৫ হাজার ৬৯৭ জন করোনাভাইরাস আক্রান্ত নিয়ে এ তালিকায়ও বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর আছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স জানিয়েছে, লকডাউন তুলে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারলেও বছরের পরবর্তী মাসগুলোতে এখানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ড. মাইক রায়ান জানিয়েছেন, মেক্সিকোতে পরীক্ষার সংখ্যা কম হওয়াতে দেশটির সরকারি তথ্যে কোভিড-১৯ মহামারীর প্রকৃত চিত্র প্রকাশ পায়নি। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা ডব্লিউএইচও-র।

করোনাভাইরাসজনিত বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। ৩০ অগাস্ট থেকে দেশটির সরকারি কর্মচারীরা দপ্তরে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন বলে জনশক্তি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ পার হয়েছে বলে জানিয়েছে। তবে জুলাইতে সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এখন কমতে শুরু করেছে বলে জানিয়েছে তারা।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটেছে বলে জানা গেছে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামিন পেয়েছেন

0
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্কুলের ভবন নির্মান সংক্রান্ত বিরোধ ও সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সবাই জামিন পেয়েছেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারসহ ১০ জনকে আসামী করে মামালাটি দায়ের করেন সেনা কর্মকর্তার ভাই আরিফ রহমান তপু।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার মামলার আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু সাঈদ নিশ্চিত করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন। এই মামলাটি একটি রাজনৈতিক মামলা বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সম্প্রসারন ও নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত ভবনটি সেনা কর্মকর্তা আতিকুর রহমানের খরিদিয় জমিসহ সাবেক ইউপি সদস্য টেন্টুর কয়েক শতক জমি স্কুলের সীমানায় চলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠক হয়। এক পর্যায়ে বুধবার সকালে প্রতিপক্ষের লোকেরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন মামলার বাদি।

মামলার বাদী আরিফ রহমান তপু জানান, তার ভাই সেনা কার্মকর্তার খরিদ করা জমিতে স্কুল কর্তৃপক্ষ পাকা ঘর নির্মান করার উদ্যোগ নেয়। এতে সে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ তার বাড়িতে হামলা করে। এ ছাড়া তাদের জীবনের নিরাপত্তার সার্থেই তিনি খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তার ফোনটি ডাইভাট করা থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু জানান, দুই বছর আগে গ্রাম্য শালিসে এই জমি সংক্রান্ত রায় হয়। কিন্তু সেনা কর্মকর্তা সে রায় প্রত্যাক্ষান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে কথা বলার জন্য গিয়েছিল। এ ঘটনার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কোন সর্ম্পক নেই। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যরা আদালত থেকে জামিন নিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার গড়াই তীরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

0
কুষ্টিয়ার গড়াই তীরে তৈরি দৃষ্টিনন্দন পার্কেরি নির্মান কাজ পরিদর্শন করছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বড়বাজার এলাকায় গড়াই নদীর তীর সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব পার্ক তৈরি করছে জেলা পরিষদ। প্রায় ২০ একর জায়গার ওপর এ পার্ক তৈরির কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। ইতিমধ্যে পার্কের বাইরে এক হাজার নারিকেল গাছ লাগানো হয়েছে। আর ভিতরে বড় এলাকা জুড়ে সবেমাত্র লাগানো হয়েছে দেশি-বিদেশি নানা জাতের বৃক্ষ ও ফুলের গাছ।

জেলা পরিষদ পার্ক নামে উদ্যান তৈরির কাজ চলছে পুরোদমে। পার্ক চালু হলে এখানকার দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ সবার চোখ জুড়াবে। বাইরে থেকে দর্শনার্থীদের জন্যও এটি উন্মুক্ত থাকবে।

জেলা পরিষদ সূত্র জানিয়েছে, পরিবেশের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ উদ্যানের আলোকে একটি দৃষ্টিনন্দন পার্ক তৈরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার আলোকে কুষ্টিয়া জেলা পরিষদ বড়বাজার এলাকায় গড়াই নদীর তীরে জায়গা নির্ধারণ করে। সেখানে বালু ভরাটের পর প্রায় ২০ একর জায়গা জুড়ে প্রাচীর দেওয়া হয়। ৪ বছর আগে মাহবুবউল আলম হানিফ পার্কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়া জেলা পরিষদ তাদের নিজস্ব তহবিলের অর্থ দিয়েও কাজ করছে। সাংসদ নিজেই ঢাকার একটি ফার্ম থেকে পার্কের জন্য নকশা তৈরি করেছেন।

কুষ্টিয়ার নির্মানাধীন পার্ক

সরেজমিন গিয়ে দেখা গেছে, গড়াই নদীর তীর ঘেঁষেই পুরোদমে চলছে পার্কটির নির্মাণ কাজ। বাইরে নদী পাড়ে লাগনো হয়েছে আম গাছ। এছাড়া চারপাশে রোপন করা হয়েছে নারিকেল গাছের চারা। পার্কটির জন্য ২০ একরের বেশি জায়গা নির্ধারণ করে প্রাচীরের পাশাপাশি দুটি প্রবেশদ্বারও রয়েছে। ভিতরে নানা অংশ জুড়ে পাকা দৃষ্টিনন্দন গোলচত্বর তৈরি করা হয়েছে। পুরো এলাকার জন্য ভিতরে রয়েছে পাকা সড়ক। ইট,পাথরের ঢালাইয়ের গোল চত্বরেও রোপন করা হয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ ও ফুলের গাছ।

জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী মেজবাহুর রহমান বলেন, রাত-দিন কাজ চলছে। ভিতরে এখনো যেসব অংশে কাজ বাকি আছে সেখানে ঢালাইয়ের কাজ চলছে। আর বাইরের যে অংশে বালু ভরাট করা রয়েছে সেখানেও গাড়ি পার্কিংসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, পার্কে ইতিমধ্যে ৬ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে অর্ধলক্ষাধিক দেশি-বিদেশি নানা জাতের গাছের চারা রোপন করা হবে। পাশাপাশি ফুলের চারাও রোপন করা হচ্ছে। নদী তীরে লাগানো হয়েছে নানা জাতের আমের গাছ। সেগুলো বড় হয়েছে। কয়েক সপ্তাহ আগে পার্কটির অন্যতম পরিকল্পনাকারি মাহবুবউল আলম এমপি মহোদয় গাছ লাগানোসহ সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন করেন বলে জানান তিনি।

জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম বলেন, পার্কটি মূলত উদ্যান। বাণিজ্যিক বিষয় মাথায় নিয়ে পার্ক তৈরি করা হচ্ছে না। মূলত সবুজ একটি পার্ক নির্মাণ করতেই আমাদের নেতা মাহবুবউল আলম এমপির পরিকল্পনায় আমরা কাজটি বাস্তবায়ন করছি। ইতিমধ্যে ৬ কোটি টাকার বেশি খরচ হয়েছে। পার্কটির পূর্ণরুপ পেতে আরও কয়েক বছর সময় লাগবে। এরপর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পূর্ণরুপ পেলে মনে হবে শহরের বুকে একখন্ড সবুজ নগরী।

খোকসায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ দলের মাদক অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি মোড়ে অবস্থিত সরদার ফার্মেসি এন্ড সরদার মোবাইল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্লাস্টিক জারে ভরা ১৫০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড, নগদ ৮ হাজার ৮ শত টাকা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরহাদ (৩৬) পিতাঃ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান অপর জন হলেন একই উপজেলার ওসমানপুরের টোকন শেখ (২৭),পিতা-মৃত আফজাল শেখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ফরহাদ উপজেলার কালীবাড়ি রোডে অবস্থিত তার নিজস্ব সরদার ফার্মেসিতে বসে ইয়াবা বিক্রি করে আসছে। এলাকার উঠতি বয়সের যুবকেরা সন্ধ্যায় এসে ভীড় জমায় তার দোকানে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী ফরহাদের নামে খোকসা থানায় মাদক বিক্রির অভিযোগ থাকলেও তার মুক্তিযোদ্ধা বাবা এবং বোন উর্দ্ধতন সরকারী কর্মকর্তা (এ.ডি.সি) হবার কারনে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেড়িয়ে গেছে। তার বিরুদ্ধে পুলিশ হয়রানির অভিযোগও পাওয়া যায়।

তবে শনিবার সন্ধ্যায় চতুর এই মাদক ব্যবসায়ীর আর শেষ রক্ষা হয়নি। র‌্যাব-১২ উদ্ধারকৃত আলামতসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়ার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের খোকসা থানায় সোর্পদ করা হয়েছে।

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি হামলা পাল্টা হামলা-আহত ২৫

0
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বসতভিটা ভাংচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়দের ভাষ্য মতে, ভাওয়াল গ্রামে বেশ কয়েকদিন ধরে গ্রাম্য দল পক্ষ-বিপক্ষ নিয়ে চরম উত্তেজনা চলছিল। এরই জের ধরে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বারের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বারের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের সমর্থকেরা দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন।

আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বার বলেন, আমার সমর্থক আজিজুরের বাড়িতে বিএনপির ইসরাইল, কালাম, বালাম ইয়াছিনসহ বেশ কিছু লোকজন হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বর বলেন, আমি এই সংঘর্ষের বিষয়ে কিছুই জানি না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদীতে হোটেলে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নরসিংদী শহরের একটি হোটেলে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন এক গৃহবধূ। শহরের বাজিরমোড় এলাকার হোটেল আল মামুনে শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্বামী রিপন মিয়া তার স্ত্রী রেশমী বেগমকে (৩৫)কে হত্যা করে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের রিপন তার স্ত্রী রেশমীকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন।

হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছে, রিপনের হোটেল কক্ষ থেকে প্রচুর রক্ত বের হতে থাকলে পাশের কক্ষের বাসিন্দারা চেঁচিয়ে ওঠেন। তখন রেশমীকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে গ্রেপ্তার করে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রিপন বলেছে, দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন কৌশলে রেশমীকে চিকিৎসার নাম করে নরসিংদীতে নিয়ে আসা হয়। রিপনের পাশাপাশি আল মামুন হোটেলের মালিক বাহাদুরকেও গ্রেপ্তার করা হয়েছে।

কথায় চিড়ে ভিজবে না মানুষ বুঝে গেছে-রিজভী

0
Rizvi-Dro-15-7-p-185
বিএনপি নেতা রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় দোষি সাব্যস্ত করে আদালত যাবজ্জীন কারাদন্ডে দন্ডিত করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে।

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের দলীয় নেতারা দিশেহারা হয়ে ২১ আগস্ট হামলায় বিএনপিকে জড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কথায় চিড়ে ভিজবে না। মানুষ যা বোঝার তা বুঝে গেছে। আপনি ক্ষমতা দিয়ে, দুঃশাসন দিয়ে এসব কথা বলছেন।

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতে তারেকসহ বিএনপির অন্য নেতাদের আসামি করা হয়।
অপরদিকে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, শেখ হাসিনাকে খুনের এই চক্রান্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব জড়িত ছিল।

শনিবার এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আওয়ামী লীগ নেতাদের কথার জবাবে বলেন, তারা কাল থেকে ২১ অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার করছে। অল্পস্বল্প নয়, কোরাস গাইছেন। একটা কথা আছে, হঠাৎ যদি একটা গরিব মানুষ অনেক টাকা পেয়ে যায়, সে ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে যায়।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা এত ক্ষমতা পেয়েছেন, এখন দিশেহারা হয়ে গেছে। কী করবে তারা? এজন্য এখন একটু হাফ পাগল হয়ে গেছে, আবোল-তাবোল কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে ফাঁসাতে একুশে অগাস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফল বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল হচ্ছে ২১ আগস্ট বোমা হামলা এবং তারপরে বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে, সেজন্য তারা ক্ষমতায় এসে ওই মাস্টার প্ল্যান অনুযায়ী তা বাস্তবায়নের জন্য তাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়েছে বলেও জানান তিনি।

করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পীএসআই টুটুল

0
এস আই টুটুল

দ্রোহ বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। বিষয়টি শিল্পী নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার গণমাধমকে তিনি বলেন, করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা দেই। তিনদিন আগে রিপোর্ট হাতে পেয়েছি। সেটা পজিটিভ। বাসাতেই আইসোলেশনে আছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি।

তিনি আরও বলেন, আমি পরীক্ষা দিচ্ছি বলা যায়। জানি না মহান আল্লাহ আমাকে এই পরীক্ষায় পাস করাবেন কি না। সবার কাছে দোয়া চাই। কখনও যদি মনের অজান্তে কারও কাছে অপরাধ করে থাকি, আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।

প্রসঙ্গত, ’৯০ দশকে ব্যান্ডদল এলআরবি’র মাধ্যমে পরিচিতি পান এসআই টুটুল। সেই পরিচিতি একসময় তাকে জনপ্রিয় করে তোলে। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। সফলতা আসে সেখানেও। কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে দুই দশক কাজ করছেন। দুই বছর আগে কাজে বিরতি দিয়ে আমেরিকায় দীর্ঘ সময় কাটিয়েছেন।

পরীমনির সংসারে ফাটল

0
পরীমনির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

৯ মার্চ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নির্মাতা কামরুজ্জামান রনির বিয়ে হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ভেঙে গিয়েছে তাদের সাজানো সংসার! যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি পরীমনি কিংবা রনি।

জানা যায়, বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও তাদের সংসারের কোনো খোঁজ নেই। নানা সময়ে ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি। শুধু তাই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

এদিকে কামরুজ্জামান রনি বলছেন, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই। এবারের ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কুরবানি দিয়েছেন পরীমনি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন। কিন্তু সে সময়ও তার পাশে ছিলেন না তার স্বামী কামরুজ্জামান রনি।

ত্বকের যত্নে বরফ

0
Coll-dro-22-p-12
প্রতিকী ছবি

বিউটিশিয়ান শারমিন কোচি

শরীরের কোথাও ব্যথা পেলে আমরা সাধারণত বরফ ব্যবহার করি। তবে ত্বক উপযোগী উপাদান বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

ত্বকে বরফ ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। বরফ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, বাড়তি তেল শুষে নেয়, ব্রণ কমায় এবং উন্মুক্ত লোমকূপের সমস্যাও দূর করে। এ ছাড়া ত্বক সতেজ রাখার পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব কমায়।

আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন-

গ্রিন টির বরফ

গরম পানিতে দুটি টি ব্যাগ ফুটিয়ে ঠান্ডা করে তা বরফের ট্রেতে রেফ্রিজারেটরে রাখুন। ত্বকে আলতোভাবে এই বরফ ঘষে নিন। বরফ ত্বক সতেজ রাখে ও গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক সুরক্ষিত ও সুন্দর রাখতে সহায়তা করে।

লেবু ও শসার বরফ
শসা ব্লেন্ড করে এতে লেবুর রস মিশিয়ে বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এই বরফ ব্যবহার ত্বক সতেজ করবে। এটি ত্বকের ক্লান্তিভাব দূর করে এবং লেবুর প্রাকৃতিক সিট্রিক এ্যাসিড ত্বককে ব্রণ থেকে রক্ষা করে।

গোলাপজলের বরফ
এক কাপ গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে বরফ করে নিয়মিত ত্বকে ব্যবহার করুন। এতে ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে এবং বাড়তি তেল শুষে নেয়। গোলাপজল সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...