রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 642

নাটোরে সুদের চাপে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

0
স্বেচ্ছাসেবক লীগ নেতা

নাটোর প্রতিনিধি

সুদের টাকার চাপ সইতে না পেরে নাটোরের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মঘাতী হয়েছেন।

তিনি ঘোড়াগাছার বাসিন্দা এবং একই এলাকার একজন মুদি ব্যবসায়ী ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ বুলবুল (৪৬) আত্মহত্যা করেছেন।

রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শহরতলীর ঘোড়াগাছা গ্রামের হোসেন আলীর স্ত্রী সুদ কারবারি মর্জিনা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নেন বুলবুল। সুদসহ প্রায় তিন লাখ টাকা পরিশোধ করেন। তারপরও এক লাখ টাকা দাবি করে অত্যাচার চালিয়ে আসছিলেন মর্জিনা।

শনিবার রাত ১০ টার দিকে মর্জিনা লোকজন দিয়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর উলঙ্গ করে মারপিট করে দুটি ফাঁকা চেকে স্বাক্ষর নেন। সুদের টাকার চাপ সইতে না পেরে বুলবুল রবিবার ভোরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মত্যার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নাটোর এনে গাড়িখানা কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ আহম্মেদ বুলবুলের ভাগ্নে সোহাগ জানান, তার মামা মৃত্যুর আগে ব্যক্তিগত ডায়েরিতে সুদ ব্যবসায়ী মর্জিনা বেগমের অত্যাচার-নির্যাতনের কথা লিখে গেছেন।

এ ব্যাপারে মর্জিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার শেষ কোথায়? সাড়ে পাঁচ মাস ধরে বসে আছে অধিরআগ্রহে এবং ধৈর্যচ্যুতি ঘটছে তাদের। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে কেউকেউ।’ এমন হাতাশাময় আকুতি ১৪ লাখ পরীক্ষার্থীর অভিভাবকদের। তবে করোনায় ভয়ও তাদের পিছু ছাড়ছে না। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি করোনার ভয়ে জোরালো হচ্ছে না। সবাই সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় করছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখনো পরীক্ষা গ্রহণ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে। ‘জেড’ আকৃতিতে শিক্ষার্থীদের বসিয়ে পরীক্ষা নিলে কতগুলো শ্রেণিকক্ষ প্রয়োজন হতে পারে সে ব্যাপারে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। যদিও এভাবে পরীক্ষা নেওয়া হবে কি না সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্কুল খোলার ১৫ দিন পর পরীক্ষা শুরু হবে। করোনা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। এ ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই।

আত্ম সমালোচনা

0
অধ্যাপক ড.মুন্সী মুর্তজা আলী লোক প্রশাসন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।

ড.মুন্সী মুর্তজা আলী

সমালোচনা ভাল না খারাপ? নিশ্চয়ই খারাপ। তবে সবক্ষেত্রেই নয়। যদি কোন ব্যক্তির আড়ালে অযৌক্তিক ও অন্যায় সমালোচনা করা হয়; এটা খারাপ। তবে সমালোচনা করা ভাল। যদি তা নিজেকে বা অন্যকে শুধরানোর জন্য করা হয়। অন্যকে শুধরানোর জন্য সমালোচনা করতে হলে, তার সামনে করতে হয়। যাতে সে নিজেকে শুধরাতে পারে। অগোচরে সমালোচনা করলে তো সে আর নিজেকে শুধরাতে পারে না। কিন্তু আমরা কখনোই মানুষের সামনে তার সমালোচনা করি না। তার অগোচরেই সমালোচনা করি। মজার বিষয় হলো, যে আমাদের সামনে সমালোচনা করে, তাকে আমরা শত্রু মনে করি। আর যে আমাদের অগোচরে সমালোচনা করি, আমরা না জেনে ও না বুঝে কখনো কখনো তাকে আমরা বন্ধু মনে করি। মূলত আমরা উল্টোটা করি। আসলে প্রকৃত বিষয়টা হলো, যে আমাদের সামনে সমালোচনা করে; সেই আমাদের প্রকৃত বন্ধু বা শুভাকাঙ্খী। আর যে আমাদের অগোচরে সমালোচনা করে; সে আমাদের প্রকৃত বন্ধু নয়। অথচ এভাবে আমরা কখনোই ভাবি না।

যৌক্তিক ও ন্যায়সঙ্গত সমালোচনা করা ভাল। তবে তা সমালোচিত ব্যক্তির সম্মুখে করতে হবে কিংবা তাকে মেসেজ দিতে হবে। কিন্তু আমরা যেটা করি সেটা হলো; আমরা নিজেকে শুধরাই না। নিজের দোষ দেখি না। নিজের সমালোচনা করি না। শুধু অন্যের দোষ ধরি। অন্যকে শুধরাতে বলি ও অন্যদের সমালোচনা করি। আরও যেটা খারাপ কাজ করি সেটা হলো, অন্যের দোষগুলো তাদের অগোচরে সবার কাছে বলে বেলায়। অথচ আমাদের উচিত কেউ দোষ করলে তার উপস্থিতিতে সমালোচনা করা। তার দোষটা ধরিয়ে দেওয়া। তাকে সতর্ক করা। নিজের বড় দোষকে দোষ মনে করিনা। আর দোষ মনে করলেও সেটাকে ছোট ও ঠুনকো বিষয় মনে করি। আর অন্যের ছোট দোষকে বড় করে দেখে তাদের সমালোচনা করে বেড়ায়। এসব করে কেউ কেউ আবার মজাও পায়। এটা খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক। কখনো কখনো আমরা নিজের দোষ ঢাকার জন্য অন্যকে মিছে সমালোচনা করি। এটা গর্হিত কাজ। ভুল করলে চুপ থাকি। আর অন্যের ভুলে সোচ্চার না হই। নিজের দোষ ঢাকতে অন্যের অযথা সমালোচনা করা অন্যায় ও অনৈতিক।

এজন্য যেটা করা উচিত তা হলো; নিজের সমালোচনা বেশী বেশী করা। অন্যের সমালোচনা শুধু কম কম করাই নয়। তাদের অগোচরে সমালোচনা না করা। বরং তাদের সম্মুখ সমালোচনা করে তাদের দোষটা ধরিয়ে দেওয়া।

তাই আসুন আমরা গঠনমুলক সমালোচনা করি। নিজের দোষগুলো বিশ্লেষণ করে দেখি, আমাদের কি কি দোষ আছে। সেগুলো শুধরাই। এরপর অন্যকে শুধরাতে বলি। আগে আত্মসমালোচনা। নিজেকে শুধরানো। তারপর পরের দোষ নিয়ে বেশী টানাটানি না করে, তাদের ভুলগুলো ধরিয়ে দিই। তবে পরচর্চা নয়।

অধ্যাপক
ড.মুন্সী মুর্তজা আলী
লোক প্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা-৫ আসনে সালাউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে শেখ রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন।

রবিবার রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে জরুরী সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ আসনটি খালি হয়। ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঈশ্বরদীতে প্রেমিকার বাড়িতে প্রেমিক খুন

0
kHUN-DRO-17-7-P-25
প্রতিকী ছবি

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে প্রেমিকার কাছে রেখে আসা মোবাইল ফোন আনতে গিয়ে খুন হয়েছে এক প্রেমিক।

রবিবার পৌর এলাকার সাঁড়া গোপালপুরের মতি মোল্লার মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হৃদয় মাহমুদ (১৮) উপজেলার মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে। সে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাঁড়াগোপালপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ে খাদিজা খাতুনের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। এই সুবাদে শনিবার রাতে হৃদয় তার প্রেমিকার বাড়িতে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেলে সে পালিয়ে যায়। তবে তার মোবাইল ফোনটি প্রেমিকার কাছে রয়ে যায়।

রবিবার দুপুরে ফোনটি আনতে ফের প্রেমিকার বাড়িতে গেলে খাদিজার ভাই আনিছ ও খালাতো ভাই সজিব তাকে মারধর করে। এক পর্যায়ে হৃদয়জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা জানান, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়।

নিহতের বাবা বলেন, ‘রবিবার দুপুর ১টার দিকে হৃদয়ের ফোনে কল দিলে অন্য একজন রিসিভ করে, সে সময় হৃদয়ের আর্তচিৎকার শুনেছি। তারপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।’

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসীর উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যালের ২য় পর্ব অনুষ্ঠিত

0
দ্রোহ আয়োজিত ফোক গানের ২য় পর্বের অংশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপণায় উদযাপিত হলো ফোক ফেস্টিভ্যালের ২য় পর্ব। ফোক গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন শিল্পী কৌশিক জোয়ার্দ্দার।

শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ফোক ফেস্টিভ্যালের সঞ্চালনের দায়িত্বে ছিলেন অনুশ্রী আশরাফি এবং সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাঁশি বাদক এবং ফোক শিল্পী কৌশিক জোয়ার্দ্দার।

শিল্পী তার দরাজ কন্ঠদ্বারা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন প্রায় একঘন্টারও বেশি সময়। তিনি পরিবেশন করেন, বারি সিদ্দিকীর জনপ্রিয় গান সোয়াচাঁন পাখি, পূবালী বাতাসে, লালন এর গান আমার আঁধার ঘরে জ¦লছে বাঁতি এর মতন জনপ্রিয় অসংখ্য গান। তবলায় ছিলেন প্রদীপ কর্মকার।

সপ্তাহের প্রতি শনিবারে ভার্চুয়াল ভাবে রাত ৯ টায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, প্রেস ক্লাবের সভাপতি মুনসী লিটন, দ্রোহের সম্পাদক তমা মুনসী, ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, ফাহিম শাওন, সংস্কৃত ও বিনোদন বিভাগের সুমন বিশ্বাস, নাহিদুজ্জামান শয়ন।

ভাঙ্গায় নদীতে নিখোঁজের পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মরা কুমার নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পরে সোরহাব মোল্লা (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল।

রবিবার সন্ধ্যায় উপজেলার চৌধুরীকান্দা গ্রামে মরা কুমার নদীতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে মরদেহটি উদ্ধার করা হয়। সোরহাব মোল্লা একই গ্রামের প্রয়াত মুনসুর হক মোল্লার ছেলে।

ভাঙ্গা ফায়ার স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক বলেন, সোরহাব ও তার স্ত্রী বাড়ির পাশে নদীর ঘাটে নদীতে গোসল করতে যান। তার স্ত্রীর গোসল শেষে বাড়িতে চলে যান। কিন্তু প্রায় ৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও সোরহাব বাড়িতে না ফিরলে পুনরায় নদীতে এসে তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে সোরহাবের নিখোঁজের ঘটনার বিষয়ে এলাকায় জানাজানি হলে, ভাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টাব্যাপী নদীতে খোঁজাখুঁজির পরে সন্ধ্যায় সোরহাবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

করোনা ভাইরাসে আক্রান্ত সিমেওনে

0
ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। আপাতত নিজ বাসায় সেলফ-আইসোলেশনে থাকবেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।

শুক্রবার মাদ্রিদের দলটির সব সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়। পরদিন এক বিবৃতি দিয়ে সিমেওনের আক্রান্ত হওয়ার কথা জানায় ক্লাবটি। কোনো ধরনের উপসর্গ কোচের ছিল না বলে বিবৃতিতে জানায় তারা।

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্লাবের একজন খেলোয়াড়ের পজিটিভ ফল আসায় সেগোভিয়ায় প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্প সংক্ষিপ্ত করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এবার সেমিওনে ছাড়া আর কারো পজিটিভ আসেনি। আগামী মঙ্গলবার আরও একবার দলটির মূল দলের খেলোয়াড়দের পরীক্ষা করানো হতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগ খেলা আতলেতিকোকে দেরিতে লা লিগায় যোগ দেওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর গ্রানাদা ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে দলটি। নিজেদের প্রথম ম্যাচে ডাগ-আউটে সিমেওনে থাকতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

সিমেওনে থাকতে পারবেন না কাদিসের বিপক্ষে বুধবারের প্রীতি ম্যাচে। সেই ম্যাচে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নেলসন ভিভাস।

অন্ধকারে ঢিল ছুড়বেন নাঃ কাদের

0
OBIDUL-KADER-DRO-23-6
ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।

‘সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপিকে বাদ পড়া ৮২ হাজার রোগীর তালিকা দিতে বলেন।

তিনি রবিবার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক। তিনি বলেন, ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

এ সময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, ‘৭৫-পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহানা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি বলেন, শেখ রেহানা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহানা কখনও পাদপ্রদীপের আলোয় আসেননি।

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্যমতে, এবার তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ লাখ শিক্ষার্থীর কাছ থেকে কলেজে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসা পত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রমাণ্য সনদ দাখিল করতে হবে।

এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী, মফস্বলের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বসাকুল্যে এক হাজার টাকা, জেলা সদরে দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে । মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...