সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 581

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ২৯ মার্চ শবেবরাত

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের আকাশে কোথাও রবিবার সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

আরবি শাবান মাসের ১৫তম রাতে শবেবরাত পালিত হয়। সে হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ ।

শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পূণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটান।

সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ঢাকার জেলা প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মুহ. আছাদুর রহমান, মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

ঢাবিতে ফের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যান্ত্রিক গোলযোগের কারণে দুই দিন বন্ধ থাকার পর রবিবার রাত আটটা থেকে আবারও শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান (২০২০-২০২১) প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া।

ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব ঘোষিত সময়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ প্রায় শেষ। আশা করছি, নির্ধারিত সময়ে ভর্তির কার্যক্রম শুরু হবে।

আরে আগে গত ৮ মার্চ ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ভর্তির আবদেন প্রক্রিয়া উদ্বোধন করার পর থেকে যান্ত্রিক গোলযোগের মুখোমুখি হন আবেদন করতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের জন্য ওই দিন সাময়িক বন্ধ করে দেয়া হয়। পর দিন (৯ মার্চ) আবারও ওয়েবসাইটটি খুলে দেয়া হলেও তা ত্রুটিমুক্ত ছিল না।

ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd)ভিজিট করলে দেখা যায়, আবেদনকারীদের তখনো নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনো একটি নির্দেশনায় ক্লিক করলে লোড হতে সময় নিচ্ছিল অনেক বেশি। কখনো কখনো ওয়েবসাইটে প্রবেশ না করেই টাইম আউট দেখাচ্ছিল।

এই সমস্যা আরও তীব্রতর হলে ১১ মার্চ অনলাইন ভর্তি কমিটির সভা শেষে দুপুর পৌনে একটায় সাময়িকভাবে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, যান্ত্রিক গোলযোগ দূর করতে যুক্ত হচ্ছে আরও দুটি ওয়েবসাইট। এখনো পর্যন্ত এক লাখ পাঁচ হাজারের ওপরে আবেদন জমা পড়েছে। আবেদন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রয়োজনে আবেদন ও টাকা জমা দেয়ার সময় বাড়ানো হবে বলে জানান অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমান।

সমন্বিত ৬ ব্যাংকের পরীক্ষার সূচি প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সমন্বিত ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সহকারী প্রোগ্রামার’ (২০১৯ সালভিত্তিক) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ৭৬টি পদের এ পরীক্ষা ১৮ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হবে রাজধানীর তিনটি কেন্দ্রে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

রাজধানী ঢাকার ১৩, নাজিমুদ্দিন রোড, বংশালের আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ১০০১ থেকে ৩০০০ পর্যন্ত রোলের প্রার্থীরা, ১২ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ৩০০১ থেকে ৫২০০ পর্যন্ত রোলের প্রার্থীরা, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলী, ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজে ৫২০১ থেকে ৭৫৩৬ পর্যন্ত রোল নম্বরের প্রার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (যঃঃঢ়ং://বৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ) আপলোড করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর আগপর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিএসসি জানিয়েছে, সামাজিক দূরত্বে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে বিএসসি।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ইব্রাহিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত ইব্রাহিম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে ইব্রাহিম মোটর সাইকেলের পিছনের সিটে বসে কিছু কাঠ নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে কাতলামারী এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে সদরপুর আমতলার সন্নিকটে একটি ট্রাকের সাথে কাঠ বেধে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ইব্রাহিম। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাফিজ সড়ক দুর্ঘনায় আহত শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুরে তামাক ক্ষেত থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেল’র পাশ্ববর্তী একটি তামাক ক্ষেত থেকে রঙ্গিলা খাতুন (৩৬) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রঙ্গিলা খাতুন কুষ্টিয়ার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী রঙ্গিলা খাতুন শনিবার বিকালে মাঠে তার ছাগল আনতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন রবিবার সকালে প্রতিবেশি আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে তামাক ক্ষেতের মধ্যে রঙ্গিলা খাতুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম জানান, রঙ্গিলার সাথে কারো কোন শক্রতা ছিলো না। আমরা বেশ সুখে ছিলাম। পারিবারিক ভাবেও কোন কলহ-বিবাদ ছিলো না। তবে কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশ ইতোমধ্যে এই হত্যা রহস্য উদঘাটনে মাঠে নেমেছে।

কুষ্টিয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে যুবককে মারপিটের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিদ্ধারিত চাঁদা না পেয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ এনে এজাহার দিয়েছেন শহরের চৌড়হাস ক্যানালপাড়ার বাসিন্দা রিপন বিশ^াস (৩৫)। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক।

এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চৌড়হাস গ্রামের ক্যানালপাড়ার রিপন বিশ্বাস চৌড়হাস-কুমারখালী রুটে মাহেন্দ্র পরিবহন স্ট্যান্ডের স্টাটার হিসেবে কর্মরত। প্রতিদিন মাহেন্দ্র কাউন্টার থেকে স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর নেতৃত্বাধীন চাঁদাবাজ একটি গ্রুপ প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছে। গত শুক্রবার এক হাজার টাকার স্থলে ৮শ টাকা দিতে গেলে কাউন্সিলর বাবু তাকে নিজ অফিস কক্ষে আটকে রেখে বুকে শর্টগান চেপে ধরে। সেখানে উপস্থিত অন্যান্য চাঁদাবাজ সন্ত্রাসীদের দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে।

অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু। তিনি বলেন, রিপন বিশ্বাস একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। মাদক ব্যবসাতে বাধা সৃষ্টি করায় সে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোপুরি দুর্নীতি মুক্ত করা দুরূহ : দুদক চেয়ারম্যান

0
মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, পুরোপুরি দুর্নীতি মুক্ত করা খুবই দুরূহ কাজ। তাই দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করবো আমরা।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো শোষণ মুক্ত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তীতে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে দুদক।

এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন।

এ সময় দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ যন্ত্রশিল্পী নিহত

0
প্রতিকী ছবি

খোকসার পাপ্পুসহ আহত ৬ জন

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন খোকসা পাপ্পুসহ আরো ৬ জন।

শনিবার ভোরে মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস ও লরির সংঘর্ষে তারা নিহত হন বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)।

এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই ইসহাক জানান, হতাহতরা সবাই একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। সোনাপাহাড় এলাকায় একটি লরি ইউ টার্ন করতে গিয়ে সামনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সঙ্গীত ও যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস মিরসরাই স্টেশনের অফিসার জসীম উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পার্থ প্রতীম মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে স্থানীয় মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত বিউটি ও লুৎফরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেতার টেলিভিশন সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের জানান, নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।

ঝিনাইদহে ইউপি সদস্যর বাড়ি থেকে পিস্তল উদ্ধার

0
ইউপি সদস্য নজরুল ইসলাম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এক মেম্বরের বাড়ি থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বলুহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৯ এমএম বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করে। ইউপি সদস্য নজরুল কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। এই সময়ে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিবিড় ভাবে তদন্ত চলছে।

মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রোহান প্রামাণিক (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রোহান উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সামসুল প্রামাণিকের ছেলে। সে বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচা উজির উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে চার মাইল থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের গোবিন্দপুর নামক স্থানে পৌছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...