বুধবার, নভেম্বর ১৮, ২০২৬.
Home Blog Page 10

খোকসায় ট্রাকের সাথে সংঘর্ষে নছিমন চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সাথে স্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। দুই দিনের ব্যবধানে একই সড়কে আবারও অবৈধ নছিমন চালকের মৃত্যুর ঘটনা ঘটলো।

রবিবার সাকাল ৮টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের সামনে ট্রাকের সাথে নছিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলেই নছিমনের চালক মুন্না (৩০) নিহত হয়। সে আলমডাঙ্গার মুন্সীগঞ্জে পশুর হাটা এলাকার মোতালেব হোসেনের ছেলে। স্থানীয়রা ঘাতক ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২১৩৯) আটক করলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নছিমন গাড়িটি রাজবাড়ীর পাংশার দিকে যাচ্ছিলো। সামনে থেকে আসা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে সড়কে সৃষ্টি হওয়া ডিবিতে বাড়ি খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সামনে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টার আগেই নছিমন চালক মুন্না মারা যায়। তারা ট্রাকের চাকায় থেতলে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। এবং ঘাতক ট্রাকটি আটক করে। ততক্ষনে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ফায়ার ব্রিগেড ও থানা পুলিশ আসে।

নিহত মুন্নাদের নছিমনের বহরে থাকা আর এক নছিম চালক রাজন জানান, তারা কয়েকটি গাড়ি এক সাথে মহাজনের পাটকাঠি আনতে পাংশা উপজেলার মাছপাড়ায় যাচ্ছিলাম। রোর্ডের ডিবিতে বাড়ি খেয়ে মুন্না নছিমন ট্রাকের সামনে আছরে পরে দুর্ঘটনা ঘটে।

খোকসা থানা পুলিশের এসআই হাবিবুল নিহত নছিমন চালকের পরিচয় নিশ্চিত করেন। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ফায়ার ব্রিগেডের কর্মীরা মৃতদেহ প্যাকেট করেছেন। পরে হাওয়ে পুলিশের কাছে মৃতদেহ ও ঘাতক ট্রাকটি হস্তান্তর করেছেন।

গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের ইচ্ছা সরকারের নেই : তথ্য উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো কোনও গণতান্ত্রিক সরকারের পথ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনও লাভ নেই। এ ধরনের কাজ স্বৈরাচারী সরকারই করে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলেও বর্তমান সরকার তা আগের সরকারের মতো অপব্যবহার করবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সুরক্ষা আইনটি এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে, চূড়ান্তভাবে পাস বা কার্যকর হয়নি। ফলে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ছাড়া ক্ষমতা এককভাবে দখলে রেখে গণমাধ্যমের ওপরও আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। বর্তমান সরকারের এমন কোনও অভিপ্রায় নেই। এই সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চায়।

এই সরকার হাসিনা সরকার হবে না মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার আগামী দিনেও সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে চায়।

অনলাইন মাধ্যমে ‘ডিসইনফরমেশন’ বা অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, অপতথ্য তৈরি ও প্রচার রোধে কার্যকর আইনি বিধান থাকা জরুরি। অতীতে অপতথ্য ও গুজব ছড়িয়ে দাঙ্গা বাধানোর ঘটনাও ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধের জন্য প্রস্তাবিত ১০ বছরের সাজাকে তিনি অতিরিক্ত মনে করেন না।

তবে আইনটির চূড়ান্ত রূপ যাই হোক না কেন, তা প্রয়োগের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

আর কত দিন এ ধরনের খেলা চলবে, প্রশ্ন জামায়াত আমিরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়। এবার ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

জামায়াত আমির বলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিলো।

তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা। আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নিউ ইয়র্কে আমিরাতের মিশনে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

তিনি বলেন, ‘‘বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সাথে আরব আমিরাতের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন।”

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রেস সচিব নাজমুল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বৈঠকে উপস্থিত ছিলেন।

কলাগাছের ভেলা বাইচ দেখতে উপচে পড়া ভিড়

0

কুষ্টিয়া প্রতিনিধি

নৌকা বাইচ সচরাচর দেখা গেলেও কলাগাছের ভেলায় চড়ে বাইচ প্রতিযোগিতা সচরাচর চোখে পড়ে না। এমনই এক ব্যতিক্রমী ও আনন্দদায়ক আয়োজনের সাক্ষী হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া খাল। চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে বড়ুরিয়া খালে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আকর্ষণীয় এই কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে খালের দুই পাড়ে উপচে পড়া ভিড় জমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ সব বয়সের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজক সূত্রে জানা যায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মানুষকে সুস্থ বিনোদন দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। যার প্রতিটিতে ৪ জন করে মাঝি অংশ নেন।

শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘ঝঙ্কার এক্সপ্রেস’ ও ‘তামিম ডেকোরেটর’ মুখোমুখি হয়। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝঙ্কার এক্সপ্রেস। এছাড়া তৃতীয় নির্ধারণী খেলায় ‘গ্রাম বাংলা এক্সপ্রেস’ তৃতীয় এবং ‘ভাই ভাই এক্সপ্রেস’ চতুর্থ স্থান অধিকার করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসী ছাগল এবং রানার্স আপ দলকে একটি ছোট খাসী ছাগল পুরস্কার দেওয়া হয়।

এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে দেশি মোরগ প্রদান করা হয়।

খেলা দেখতে আসা সেলিনা বেগম নামের এক দর্শক বলেন, আগে নৌকা বাইচ দেখেছি, কিন্তু কখনো এমন ভেলা বাইচ দেখিনি। আজ এসে খুব ভালো লাগল। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, সেও খেলা দেখে দারুণ খুশি।

ষাটোর্ধ মো. আক্তারুজ্জামান আনন্দ প্রকাশ করে বলেন, “আমাদের গ্রামে এই প্রথম এমন কলাগাছের ভেলার বাইচ হলো। আমরা সবাই দারুণ আনন্দ পেয়েছি। চাই এমন আয়োজন প্রতিবছর নিয়মিত হোক।

বাইচ আয়োজক কমিটির সদস্য আবু কাউসার অপু বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন সুস্থ বিনোদন থেকে বঞ্চিত। তাই তাদের একটু আনন্দ দিতেই আমরা এই ব্যতিক্রমী কলাগাছের ভেলা বাইচের আয়োজন করেছি। এলাকার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখব।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আওতায় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস.এম. রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জামিউল ইসলাম, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ আহম্মেদ আজমল সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযানের অংশ হিসেবে কমলাপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র সংঘর্ষে নিহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের দাবি, সকালে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এসময় মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে (দেশীয় অস্ত্র) ফালা ছুড়ে মারা হয়। ফালাটি হালিমের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল গ্রুপের সাথে ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের ধরে শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ফালার আঘাতে নিহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির করায় জামায়াত আমিরসহ আটক-৮ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,শুক্রবার দিনগত সাড়ে ১২টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়,হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন থানায় আসেন। তারা আটক হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

এক পর্যায়ে চিথলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩) কে তদবির কারী হিসেবে পুলিশ তাদের আটক করে। পরে মুচলেকা দিয়ে তারা থানা থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর দুই দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃ’ত্যু হয়েছে।

শনিবার সকাল ৮ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

স্বজনরা জানায়, গত দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে রাবেয়া। আজ সকালে ট্রেনে ঢাকায় ফিরতে বাড়ি থেকে রওনা হন। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, ওই নারীকে বারবার নিষেধ করেছিলাম ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে উঠতে। কিন্তু সে নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। স্টেশনের অনেকেই তাকে নিষেধ করেছিল। কিন্তু সে নিষেধ শোনেনি।

মাবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। আর এ কারণে এই দুর্ঘ’টনা ঘটে। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেন। আমরা খুব দ্রুত তাকে উ’দ্ধা’র করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথিমধ্যে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে ওই নারী দুই পা কাটা পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার করা হয়েছিল। শুনেছেন পথে ওই নারী মারা গেছেন।

চুরির অপবাদে যুবককে মাথার চুল কেটে নির্যাতন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অপবাদে রুহুল হোসেন (২০) নামে এক যুবককে আটকে রেখে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রুহুল হোসেন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, মারধরের একপর্যায়ে রুহুলের একটি পা ভেঙে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।

দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক নজরুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুহুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তার একটি পা ভেঙে গেছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আহত অবস্থায় থাকায় ওই সময় পুলিশ তাকে নিয়ে মামলার প্রক্রিয়ায় যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আমি বর্তমানে দৌলতপুরে নেই, কুষ্টিয়ায় এসেছি। এ কারণে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানি না।

তবে মোবাইল ফোন চুরির অভিযোগের সত্যতা এবং যুবককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...