কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির করায় জামায়াত আমিরসহ আটক-৮ জন

0
35

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,শুক্রবার দিনগত সাড়ে ১২টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়,হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন থানায় আসেন। তারা আটক হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

এক পর্যায়ে চিথলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩) কে তদবির কারী হিসেবে পুলিশ তাদের আটক করে। পরে মুচলেকা দিয়ে তারা থানা থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর দুই দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card