কুষ্টিয়ায় গুজবে হাসপাতাল ভাংচুর করলো মৃতের স্বজনরা

0
189

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পানিতে ডুবে মৃত এক শিশু মর্গে নড়েচড়ে ওঠার গুজবে হাসপাতালের জরুরি বিভাগ ভাংচুর করেছে মৃতের স্বজনেরা।

শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া এলাকায় হামিম নামের আট বছর বয়সী একটি শিশু খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। মৃত হামিম উপজেলার জয়নাবাদ চরপাড়া এলাকার হারুনের ছেলে।

এলাকাবাসী ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার-নিরীক্ষার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ময়না তদন্তের জন্য শিশুটিকে মর্গে পাঠানোর পর সেখানে শিশুটি হঠাৎ নড়েচড়ে উঠেছে এবং জীবিত আছে বলে স্বজনরা হৈচৈ শুরু করে।

পরে পূনরায় শিশুটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তব্যরত চিকিৎসকরা পুনরায় শিশুটির ইসিজি করেন এবং শিশুটির মৃত্যুও বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, তিনি নিজে শিশুটিকে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান। সেখানে শিশুটির পেটে চাপ দিলে পানি বের হওয়ায় শিশুটির স্বজনরা মনে করেন শিশুটি জীবিত আছে। পরে শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা শিশুটির ইসিজি করেছি এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card