কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

0
257
দুঘটনা কবলিত বাস ও ট্রাক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় মটর সাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হন। অন্যদিকে এদিন দুপুরে ভেড়ামারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের পোশাক কেনার জন্য গার্মেন্টেস কর্মী মারুফ মটর সাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়ার খাজানগর এলাকায় পৌঁছানোর পর সেখানে একটি ইজিবাইকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারও অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহত মারুফ মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।

এদিকে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। নিহত বাবু (৪৫) নড়াইল জেলার চর বালিয়াডাঙ্গা গ্রামের আবুল খালেক শেখের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক বাবু নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Share this news as a Photo Card