কুমারখালীতে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
293

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি জলাশয় থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

সোমবার বিকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের জলাশয় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে রেলওয়ের ইজারাকৃত জলাশয়ের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে জানান। পরবর্তীতে ইজারাদার পুলিশকে জানালে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

এ সময় তাঁর পড়নে কালো রঙের ট্রাউজার ও কালো রংয়ের টি শার্ট ছিল। জলাশয়ের পাড়ে কালো রঙের একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা হত্যার পর হত্যাকারীরা মরদেহটি জলাশয়ের মধ্যে ফেলে রেখে যায়। সেই সাথে নজর এড়াতে কলমিলতা ও কচুরিপানা দিয়ে মরদেহটি ঢেকে রেখে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের মরদেহটি রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card