কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী সস্ত্রীক ও সার্ভেয়ারের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0
284
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সস্ত্রীক এবং সার্ভেয়ারের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-পরিচালক নীল কমল পাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা ও তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় আসামী কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম (৫৫) ও তার স্ত্রী কামরুন্নাহার (৪৫) এবং অপর মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুন (৪৩) কে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ৩৬ লক্ষ ২ হাজার ৬৪১ টাকা ৩০ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫২ লাখ ১৯ হাজার ৫৭৩ টাকা ২৯ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী কামরুন্নাহার তাঁর স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তা প্রদান করেছেন। একইভাবে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুন তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫২ লক্ষ ৭৩ হাজার ১৯৩ টাকা ৮৫ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূণ ৭২ লক্ষ ৩২ হাজার ২৪৮ টাকা ৮০ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন।

Share this news as a Photo Card