যশোর প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এক সমাবেশে বলেন ‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় তার জমিও রেজিস্ট্রি করতে পারেননি।
বুধবার দুপুরে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে যশোরের মণিরামপুরে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী এ অভিযোগ করলেন।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি এখানে একটি অফিস দেখছি। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এ তথ্য কি সঠিক?
প্রতিমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গেলাম। সেখানে ‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি হয়নি।
এ সমাবেশে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন।






