কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল শুরু

0
182

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে এলপিজি গ্যাস বাহী ট্রাকটি ক্রেন দিয়ে অপসারণ করার পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও পাবনা থেকে আসা ক্রেনের চালকসহ কর্মীরা মহাসড়কটি সচল করতে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গ্যাস বাহী ট্রাকটি সরাতে সক্ষম হয়।

রবিবার মোংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী বেক্সিমকো ফার্মার ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে নাটোর যাচ্ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ফলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তর ও দণিবঙ্গের ৩২ জেলার মানুষের একমাত্র যোগাযোগের মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মহাসড়কটি বন্ধ থাকার কারণে উভয় পাশে কয়েক হাজার ট্রাক ও পণ্যবাহী গাড়ী আটকে পড়েছিল। প্রায় ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Share this news as a Photo Card