প্রেমিকাকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় প্রেমিক আটক

0
202

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ায় প্রেমিক আলামিন হোসেনকে (২৪) আটক করেছে র‌্যাব সদস্যরা।

রবিবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।

কুষ্টিয়ার র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী আলাউদ্দিন নগর এলাকার যুবক আলামিন হোসেন প্রেমের অভিনয় করে আসছিল।

গত ৬ মার্চ রাতে আলামিন হোসেন ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও নাকিব। এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ইমন তার মোবাইলে ভিডিও করে রাখে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ওই স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ভিডিও গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

আরো পড়ুন – খোকসা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষকের কান্ড

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর দাদী বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা করেন।

Share this news as a Photo Card