কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

0
189
নিহত শ্রমিকের লাশবাহী এ্যাম্বুলেন্স ঘিরে সাথি শ্রমিকদের আহজারি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিদ্যুতের লাইন বন্ধ করে উন্নয়ন কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকরা। কিন্তু নির্দ্ধারিত সময়ের আগে চালু করে দেওয়া হয় বিদ্যুৎ। আর এতেই ঘটে বিপত্তি। বিদ্যুতায়িত হয়ে একজন শ্রমিক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আহত হেডমিস্ত্রি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকে কুমারখালী পৌরসভার খোকনমোড় এলাকার এদুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যানের নাম মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আর আহত হেডমিস্ত্রি একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)।

জানা গেছে, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) পৌরসভার খোকনমোড় এলাকায় বিদ্যুত লাইনের উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। উন্নয়ন কাজের জন্য বেলা দুইটা পর্যন্ত বিদ্যুত লাইন বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী রাজু হোসেন। এ নিয়ে শ্রমিকদের একাধিকবার মুঠোফোনে রাজুর সাথে কথা হয়েছিল। কিন্তু বেলা দেড়টার দিকে লাইন চালু হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঠিকাদারের শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তারা খোকনমোড়ে কাজ করছিলেন। রাজু স্যারের সাথে তাদের বারবার কথা হচ্ছিল। দুইটা পর্যন্ত লাইন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হলে দুর্ঘটনায় মানিক মারা যায় এবং হেডমিস্ত্রি আহত হন।

ঠিকাদার ময়েজ উদ্দিন বলেন, তিনি অন্য সাইডের কাজে ছিলেন। লাইন বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই লাইন চালু হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

কুমারখালী ওজোপাডিকোলি’র প্রকৌশলী মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, বিদ্যুত অফিস দুইটার পরিবর্তে দেড়টার দিকে লাইন চালু করায় এদুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Share this news as a Photo Card