ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

0
225

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মেহেদী হাসানের ৩ দিন পর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তিনি ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ রাতেই ঘাতক আকরাম হোসেনকে আটক করেছে। তবে তার ভাই সাদ্দাম হোসেন পলাতক। আটক আকরাম হোসেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

নিহত মেহেদীর স্ত্রী আকলিমা আক্তার জানান, রাত ১২টার দিকে মেহেদীর খাওয়া শেষের দিকে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুণ পরই তিনি জানতে পারেন প্রতিবেশী আকরামের বাড়িতে পড়ে আছে তার স্বামী। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার চান।

নিহত মেহেদীর মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্ট প্রস্তুত। তিন দিন পরেই তার ছেলে মালয়েশিয়া চলে যাবে। নিহতের মা বলেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাদ্দাম ও আকরাম তার ছেলেকে হত্যা করেছে। তিনি ছেলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কি কারণে হত্যা করা হয়েছে তদন্তর পর বেরিয়ে আসবে।

Share this news as a Photo Card