বিয়ের আসর থেকে পালালেন বর, জরিমানা গুনলেন দুলাভাই

0
260

কুষ্টিয়া প্রতিনিধি

কনের বয়স ১৪। বিয়ের জন্য অপ্রাপ্ত বয়স্ক। তারই বিয়ে উপলক্ষে বাড়িতে বর ও বরযাত্রীদের খানাপিনায় ব্যস্ত কনের বাড়ির লোকজন। এর মধ্যে গাড়ি নিয়ে উপস্থিতি ম্যাজিস্ট্রেট। খাওয়া ফেলে দ্রুত পালিয়ে গেলেন বর ও অন্যান্যরা। তবে বরের দুলাভাইকে আটকের পর পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে এঘটনা ঘটে। ভুয়া কাগজ তৈরী করে বাল্য বিয়ে বৈধ করতে গিয়ে জরিমান গুনলেন বরের দুলাভাই ওবাইদুল ইসলাম (৪০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আদালতের ভূয়া কাগজপত্রাদি তৈরি করে উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিপ্লবর (২১) সাথে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর কথিত বাল্য বিয়ে হয়। যা দেশের আইনে অবৈধ।

আরো জানা গেছে, শুক্রবার বরযাত্রী নিয়ে বরপ কথিত বিয়ের কনে নিতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। বরের দুলাভাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এছাড়া বাল্য বিয়ে বন্ধে মুচলেকা নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ভূয়া কাগজপত্রাদি তৈরি করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনুষ্ঠান করে বাল্য বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ ও বিয়ের আসর পন্ড করা হয়েছে। অবৈধভাবে কাজে সহযোগিতার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card