ঝিনাইদহে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
163

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সিকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সম্মেলন করেছেন আহতের পরিবার।

শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন ওই মুক্তিযোদ্ধার পরিবার। আহত মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত বক্তব্য পাঠ করেন। এ বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতিকের পে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালি করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারপিট করেন। এ ঘটনায় তার ডান হাতে আঘাত লাগে। পরে তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন। আহত বীর মুক্তিযোদ্ধা তাহাজুদ্দিন মুন্সি আসামীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা দাবী করেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মন্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card