শৈলকুপায় পরকীয়ার জেরে চাচাকে কুপিয়ে হত্যা

0
206

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই চাচাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকুড়াডাঙ্গা বিলের মাঠে লাল্টু মোল্লা (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। নিহত যুবক ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লাল্টু বাজার থেকে বাড়ি ফিরছিল। সে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌঁছলে আপন ভাতিজারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর খানেক আগে পরকীয়া প্রেমের টানে লাল্টু তার বড় ভাবি রিভা’কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এ নিয়ে পরিবারে বিরোধ শুরু হয়। লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। পরকীয়া প্রেম ও বিয়ের বিরোধের সূত্রধরে ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে হত্যা করে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card