কুষ্টিয়ায় দুদকের মামলায় সস্ত্রীক জামিন পেলেন উপজেলা চেয়ারম্যান

0
185
সংগৃহীত ছবি

আদালত প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তাঁর স্ত্রী শিক্ষক শাম্মী আক্তার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে হাজির হয়ে আবেদন করলে তাদের অন্তর্র্বতীকালীন জামিন দেন বিচারক রুহুল আমিন।

দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন মামলার আসামি সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তাঁর স্ত্রী শাম্মী আক্তার আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ তাদের পক্ষে জামিন শুনানী করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, শুনানি শেষে বিচারক দু’জনকে জামিন দিয়েছেন। আদালতে প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।

গত ১২ মার্চ ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী শাম্মী আক্তারের নামে মামলা করে দুদক। একই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে আসামি হন আতা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

Share this news as a Photo Card