সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

0
51

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখোলীতে পৃথক সাপের কামড়ে কৃষকসহ দুজনের মৃতু্যু হয়েছে। সাপের কামড়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও এন্টিভেনম দেওয়ার সময় পাননি চিকিৎসকরা।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)।

কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান প্রামানিক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, তার চাচা বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিস্কার করছিলেন। এ সময় রাসেল ভাইপার কামড় দেয়। কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। পরে চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩০ মিনিট পর তার মৃত্যু হয়।

অন্যদিকে দৌলতপুরের গবরগাড়ার কালু ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – কুমারখালীতে ১৬ জেলে পেল বকনা বাছুর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, একজনের রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও তার মৃত্যু রাসেল ভাইপার সাপের কামে হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেরি করে হাসপাতালে আনায় কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।