লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

0
82

দ্রোহ অনলাইন ডেস্ক

গতবছর জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

গতবছর ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর হামলা চালানো হয় দেশের থানা-ফাঁড়ি, পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব। পুলিশের গাড়ি পোড়ানোসহ লুট করা হয় অস্ত্র-গুলি।

সে সময় লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। অনেক অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে এবং ছিনতাই-ডাকাতির মত কর্মকাÐে সেসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বলে খবর আসছে।
সবশেষ হিসাব অনুযায়ী, এখনো এক হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ৫৭ হাজার ৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে পারেনি পুলিশ।

নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ‘সমস্যা থাকবে না’।

সবার সহযোগিতায় একটা ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সুযোগে ‘নিয়োগ বাণিজ্যও’ বেড়ে গেছে।

নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপদেষ্টার চেয়ারে বসার পর ‘বন্ধু-বান্ধব ও আত্মীয়র সংখ্যা বেড়ে গেছে’ মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরা কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারে তথ্য দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যদি আমরা দুর্নীতি করি তাহলে লিখে দিয়েন। তবে ভুল তথ্য দিয়ে রিপোর্টিং না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে সেটা আর উদ্ধার হয় না।

আরও পড়ুন –নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন – এ রকম খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন