কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের ১১৫ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ফুঁসে উঠেছে ছাত্র-জনতা। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে কালেক্টরেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতা।
রবিবার বেলা ১১টায় কালেক্টারেট চত্বরের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নফাঁসের ঘটনায় কুষ্টিয়ার প্রশাসনিক কাঠামোতে গভীর দুর্নীতির সংস্কৃতি প্রকাশ পেয়েছে। তারা প্রশ্ন তোলেন,প্রশাসনের শীর্ষ পর্যায়েই যখন দুর্নীতি আশ্রয় পায় তখন সাধারণ মানুষের ভরসা কোথায় থাকবে?
বক্তারা দুর্নীতিবাজদের কোনো ছাড় না দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
বক্তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, আপনাদের বেতন আমাদের কষ্টের টাকায় অতএব চোখে ধুলো দেওয়া বন্ধ করুন, সরল পথে চলুন।
তারা বলেন, ২৪-এ আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও দেবো কিন্তু দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভকারীরা অবিলম্বে ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষা বাতিল ও ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ও ন্যায্য পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানান। পাশাপাশি পূর্বের নিয়োগ কমিটি বাতিল করে নতুন স্বচ্ছ নিয়োগ কমিটি করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ও দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য রাখেন মোস্তুাফিজুর রহমান, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, মোস্তাফিজুর রহমান পলাশ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও ইমরান প্রমুখ বক্তব্য রাখেন ।






