কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আশীতিপর বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এলাকাবাসী তার মরদেহ উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে ভাসতে দেখে তা তুলে কিনারায় আনে। পরবর্তীতে এলাকাবাসী ভেড়ামারা থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খারুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি ডোবা পুকুরের মাঝখানে তারা একটি মৃতদেহ ভাসতে দেখে। পরবর্তীতে স্থানীয়রা মৃতদেহটিকে কিনারায় আনে। নিহতের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়াও তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারাতেই পড়েছিল। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা জরুরী সেবা ৯৯৯ ও ভেড়ামারা থানায় বিষয়টি জানায়।
স্থানীয়রা আরও জানান, মৃত বৃদ্ধার ৩ ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতন। ছেলের বউদের সাথে মতনৈক্য হলে মাঝে মধ্যেই তিনি অন্যত্র গিয়ে থাকতন।
বৃদ্ধার মেয়ে মোছাঃ ফুলজান খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার লাশ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কিভাবে সম্ভব হল? কিছুই বুঝতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত চায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






