হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ

0
21

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আহত জুলাই যোদ্ধারা।

শনিবার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পূনরায় বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেট হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধারা দুই দফা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহনে থাকা যাত্রী সাধারণ। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারসহ অন্যান্য দাবী মেনে নিলে আহত জুলাই যোদ্ধারা সড়ক থেকে সরে এসে অবরোধ তুলে নেন।

অবরোধ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আহত জুলাই যোদ্ধা কমিটির সভাপতি তাজমুল ইসলাম, সাধারন সম্পাদক তাইফ হাসান, কুমারখালী উপজেলা কমিটির সভাপতি আমির হামজা, সাধারন সম্পাদক মোঃ আবু হানিফ, কুষ্টিয়া জেলা জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক মনিরুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব নাজমুস সাকিব, আরিফুল ইসলাম প্রদীপ, আহত জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম ও এনসিপি নেতা রাসেল হোসেন, জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থী বাপ্পী প্রমুখ।