কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারীদের ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল মো: আলী উজ্জামানের উপর হামলা করেছে মাদক কারবারিরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে এই ঘটনা ঘটে।
ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে একটি অভিযান চালায়।
সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারী মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি হামলা চালায়। এসময় পুলিশের কনস্টেবল মো: আলী উজ্জামান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারীরা হামলা চালায়। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






