রাতের আধাঁরে মাদ্রাসার নৈশ প্রহরি নিয়োগ পরীক্ষা

0
15

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের আঁধারে নৈশ প্রহরী নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নৈশ প্রহরি নিয়োগের বিতর্কিত পরীক্ষা শুরু করা হয়। এ সময় স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করে। ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে অবরুদ্ধ করে রাখেন।

এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসা সুপার রুহুল আমিন গোপনে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই রাতের আধারে কথিত নিয়োগ পরীক্ষা শুরু করেন। এ পরীক্ষায় ১২ জনের অংশ নেওয়ার কথা থাকলেও কক্ষে মাত্র তিনজনকে পাওয়া যায়।

ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া ওই নারী একটি ব্যক্তিগত গাড়িতে পরিবারসহ সন্ধ্যার পর মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে।

মাদ্রাসা সুপার রুহুল আমিন বিলম্বে পরীক্ষা শুরুর কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, দিনের পরীক্ষা রাতে নেওয়ার খবর জানাজানি হলে গ্রামবাসী মাদ্রাসায় জড়ো হয়ে তা বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়।