কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।
এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম ষাটোর্ধ মো.আইয়ুব আলী । ১৯৯৪ সাল থেকে সেখানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদে অন্তত ৪৫ বছর ধরে ইমামতি পেশায় কিন্তু এবছরই প্রথমবার ঈদ উপহার পেলেন। তিনি খুশি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সমাজে চরমভাবে অবহেলিত ইমাম, খতিব, মুয়াজ্জিনরা।
সত্তোর্ধ মো. আবু দাউদ কুমারখালী থানা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন। তিনি বলেন, নগদ টাকা, বস্ত্র, খাবারসহ ১১ ধরনের ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের কল্যাণে সকলেও এগিয়ে আসা উচিৎ।
শুধু আইয়ুব বা দাউদ নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩৪টি মসজিদের ৮৭ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার করে টাকা, একটি লুঙ্গী, এক কেজি করে সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান, দুধসহ ১১ পদের খাবার প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও নাট্যকর লিটন আব্বাস।
যুবদল নেতা আতিকুর রহমান সবুজ বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কিন্তু তাদেরকে যথাযতভাবে মূল্যায়ন করা হয়নি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের সম্মানিত করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজনের আশ্বাস দেন তিনি।






