কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী।
মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রত্যেকের হাতে নগদ ৩০০টাকা করে তুলে দেন সাইপ্রাস প্রবাসী আব্দুস সামাদ পাখি। তার উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা।
এ দিন সকালে কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় – এলংগীপাড়া প্রবাসীর বাড়ির ভিতরে বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে যান নানাবয়সি নারী – পুরুষ। তাদের হাতে একটি করে হলুদ খাম ধরিয়ে দিচ্ছেন প্রবাসী আব্দুস সামাদ পাখি।
এ সময় বয়োজ্যেষ্ঠ আম্বিয়া খাতুন বলেন, ‘আমার বেটাপুত নেই। পরের বাড়ি কাম ( কাজ) করে খাই। কয়দিন আগে এক্সিডেন্ট ( দুর্ঘটনা) করে বাম হাতটা ভাঙে গেছে। পাখি ৩০০ টাকা উপহার দিছে। কয়ডা ওষুধ কিনে খাবো। ‘
শারীরিক প্রতিবন্ধী আব্বাস শেখ (৬৫) বলেন, আমরা গরীব মানুষ। কোনোমতে দিন যায় রাত আসে। পাখি মাঝে মধ্যে আমাদের চাল দেয়, শাড়ী – কাপুড়, টাকা দেয়। এতে আমরা খুব খুশি। এটাই কিডা কার দেয় বলেন?
প্রবাসী আব্দুস সামাদ পাখি বলেন, ‘ মানুষকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগে। সাধ্যমত সব সময় অসহায়দের পাশে দাঁড়ানোর টেষ্টা করে আসছি। এবার ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অন্তত দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০০ টাকা করে উপহার প্রদান করা হয়েছে।।






