ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে এসব কৃষক পরিবার মুক্তি পেয়েছেন। সরকারের এই ছাড়ের আওতায় জেলার কৃষকদের প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি ঋণ মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, সরকারের নির্দেশনা বাস্তবায়নে দ্রæত পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো। সুবিধাভোগীদের বড় অংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের কৃষক নাছির বিশ্বাস বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি আর দুর্যোগের কারণে ছোট এই ঋণটুকু পরিশোধ করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল।
ঝিনাইদহ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, জেলার ৪ হাজার ২৩০ জন কৃষকের অনুকূলে ৩ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মওকুফ করা হয়েছে।
ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিলিনা আক্তার জানান, তাদের শাখার ২৯০ জন কৃষকের ২১ লাখ ৮৩ হাজার টাকা মওকুফ হয়েছে।
অন্যদিকে জনতা ব্যাংকের কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, ৩১ জন কৃষকের ২ লাখ ৮৬ হাজার টাকার ঋণ পরিশোধের বাধ্যবাধকতা আর নেই।
ঝিনাইদহ অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখার কর্মকর্তা নাজমুস সায়াদাত বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এতে প্রান্তিক কৃষকদের মনোবল বাড়বে। ব্যাংকগুলো দ্রæত এই সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সরকারের এই সিদ্ধান্তকে কৃষিবান্ধব ও যুগান্তকারী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঝিনাইদহের নিভৃত পল্লীর হাজারো কৃষকের ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।






