ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

0
1

স্টাফ রিপোর্টার

রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে হামলা চালায়। বৃদ্ধ পিতা, স্ত্রী-সন্তানের সামনেই নিজের উঠানেই প্রায় ২৫ মিনিট ধরে তাকে পেটানো হয়। সামান্য কয়েক পয়েন্ট জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ভাড়া করা দুর্বৃত্তরা এ হামলা করে বলে অভিযোগ করেন আহতের পরিবার।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে রায়পুর গ্রামে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মুরগীর ব্যবসায়ী উজ্জল মোল্লা (৪০) এর উপর দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কাপড়ে মুখ ঢাকা ১০/১২ জন দুর্বৃত্ত মুরগীর ব্যবসায়ীর উজলের বাড়িতে হানা দিয়ে তার বৃদ্ধ বাবা মোবারক মোল্লাকে জিম্মি করে। তাকে দিয়ে ছেলেকে (উজ্জলকে) ঘুম থেকে ডেকে তোলে। সে ঘরের দরজা খুলে বাইরে এলেই দুর্বৃত্তরা হামলা চালায়। বাড়ি উঠোনেই প্রায় ২০/২৫ মিনিট ধরে পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর স্ত্রী সন্তানদের ঘরে আটকে রাখে। এক পর্যায়ে ঘরে ঢুকে গৃহিনী আকলিমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। এ ছাড়া ব্যবসার পূজির কয়েক হাজার টাকাও নিয়ে গেছে। পরে বন্দুকের গুলি ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা চলে যায়। বাড়িতে আহত ব্যবসায়ীকে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত ৪টার দিকে শরীরের অবস্থার অবনতি হলে তাকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন আহত ব্যবসায়ী উজ্জল জানান, বাড়ির সীমানার কয়েক পয়েন্ট জমি নিয়ে প্রতিবেশী লিয়াকত আলী জোয়াদ্দারের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ তাকে হুমকী ধামকী দিয়ে আসছিলো। তাদের ভাড়া করা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। রাতের আধাঁরে ঘুম থেকে ডেকে তুলে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে চেয়েছিলো।

আহত ব্যবসায়ী আরও জানান, সন্ত্রাসীরা প্রথমে তার বৃদ্ধ বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাবার ডাকে সারা দিয়ে তিনি ঘর থেকে বাইরে এলেই সন্ত্রাসীরা তাকে ঘিরে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয় অস্ত্র ছিলো। তার উপর হামলার কারন বলেনি সন্ত্রাসীরা।

আকলিমা খাতুন জানান, তিনি স্বামীকে রক্ষার জন্য ঘর থেকে বেড়িয়ে এসে ছিলেন কিন্তু সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে নিয়ে আটকায়। এসময় এক সন্ত্রাসী বিছানার নিচে থেকে টাকা ও তার গলার চেইন ছিড়ে নেয়। সন্ত্রাসীরা তার ১২ বছরের মেয়েকেও গুলি করার ভয় দেখায়।

আকলিমা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ভাড়াকরা সন্ত্রাসীদের তিনি চিনেছেন। তার স্বামীর উপর হামলা কারীদের বিরুদ্ধে মামলাও করবেন।

প্রতিপক্ষ লিয়াকত আলী জোয়াদ্দারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি।

খোকসা থানা ওসি তদন্ত মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেন নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।