কুমারখালীতে জেল জরিমানা ক্ষোভে শ্রমিকদল নেতার গাড়িতে আগুন

0
22

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিকদল নেতার ৩০ লাখ টাকা মূল্যের এক্সাভেটরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার গভীর রাতে জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই শ্রমিকদল নেতার নাম আইয়ুব আলী মন্ডল ( ৪৯)। তিনি জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর গ্রামের মৃত লোয়াই মন্ডলের ছেলে। এঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

সোমবার ( ২৫ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মানদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদের পাশেই রাখা রয়েছে একটি মাটি ও বালুকাটা যন্ত্র এক্সাভেটর। যন্ত্রটির ওপরের যন্ত্রাংশে আগুনে পোড়া ক্ষত।

এ সময় শ্রমিকদল নেতার ছেলে অন্তু মন্ডল জানান, রাত ৩টার এক্সাভেটরে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ছুটে এসে স্থানীয়দের সহযোগীতায় পানি ঢেলে আগুন নিভানো হয়। আগুনে গাড়ির ব্যাটারি, ইঞ্জিন, কাভার, পাম্প মেশিনসহ বিভিন্ন যন্ত্র পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, চর মহেন্দ্রপুর গ্রামের রিয়াজ খানের ছেলে শরিফুল খান (৩৫) ও মোহন শেখের ছেলে মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে চরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে।

রবিবার দুপুরে সেখানে ম্যাজিস্ট্রেট অভিযান করে দুই লাখ টাকা জরিমানা এবং দুজনকে জেল দিয়েছেন। ওদের ( শরিফুল ও মাসুদ) ধারণা এঘটনায় তিনি জড়িত। সেই সন্দেহে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সাভেটরে আগুন লাগিয়েছে।

তিনি বলেন, আগুনে মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, দুপুরে প্রশাসনের অভিযান দেখলাম। রাতে আগুন দেখা গেল। কারা কি করছে তা জানা নেই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ও মাসুদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ভেকু পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতেমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে দুই লাখ জরিমানা এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। এর সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই।

Share this news as a Photo Card