ঈদের সপ্তাহ জুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

0
36

দ্রোহ ডেস্ক

পবিত্র ঈদুল আযহার ছুটির শুরুতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। ঈদের সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনসহ আগামী সাত দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে।

সোমবার দুপুর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বেলা ১২টা থেকে ১টার মধ্যে শুধু ঢাকাতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদের মতে কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

ঈদ উপলক্ষে সোমবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। এরই মধ্যে অনেক মানুষ কর্মস্থল ছেড়ে গ্রামের পথে রওনা হয়েছেন। বৃষ্টির কারণে যাত্রাপথে দুর্ভোগ তৈরি হলেও প্রচন্ড গরমের মধ্যে এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তিও ফিরিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের আগের দিন বুধবার সারা দেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার বৃষ্টির প্রবণতা আরও জোরদার হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিনই দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট ও উপকূলীয় অঞ্চলে মে মাসের শেষ দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে আপাতত নতুন করে বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Share this news as a Photo Card