কুষ্টিয়াি প্রতিনিধি
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃদ্ধা সুফিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে হামের উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবণতি হলে শনিবার দিনগত রাতে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরের গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।






