বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ

0
36

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপির অফিসে এ হামলার ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় বিএনপি দুই নেতার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো বলছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনতাজের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

রবিবার রাতে পিয়ারপুর গ্রামের মোঃ ফুরকান কসাই (৫৫), এছেম (৫০) ও ফিরোজ (৪৮) সহ মুনতাজের ৮-১০ জন কর্মী-সমর্থক দলীয় কার্যালয় ও সংলগ্ন চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ৮-১০ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে কার্যালয়টি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলায় আহত পিয়ারপুর এলাকার রহমত মন্ডলের ছেলে মো. ফুরকান কসাই, হাজেদ্দিনের ছেলে মো. এছেম এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল করিম বিশ্বাস ও মনিরুজ্জামান মুনতাজের মধ্যে বিরোধের জের ধরেই রবিবার রাতে বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মনিরুজ্জামান মুনতাজ বলেন, এই হামলার সাথে জহুরুল করিম বিশ্বাস ও তার লোকজন সরাসরি যুক্ত। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা (মুনতাজ ও তার লোকজন) নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন জানান, পিয়ারপুর গ্রামে আধিপত্য বিস্তার বা পূর্ব বিরোধের জেরে একটি হামলার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে দুইটি ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে কয়েকজন নাম উঠে এসেছে।

Share this news as a Photo Card