কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন| মঙ্গলবার (২৪ জুন) বিকালে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়|
জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন| পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন| জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন| এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়|
পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে| এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্ময় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে| পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে |






