কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই যুদ্ধের স্মৃতিচারণ, আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে কথিত অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও পোস্টের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট।
লিখিত অভিযোগে এস এম সুইট উল্লেখ করেন, জুলাই যুদ্ধে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই যুদ্ধ, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য ও বক্তব্য দিয়ে জনমনে বিভ্রানিত ও ক্ষোভের সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ‘শান্তা ফারজানা’ নামে এক ব্যক্তি জুলাই যুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকান্ড শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত হেনেছে।
এ ছাড়া অভিযোগে বলা হয়, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই যুদ্ধকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তাঁর বক্তব্যে জুলাই যুদ্ধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
একই অভিযোগে উল্লেখ করা হয়, মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন, যা নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকান্ডেও জুলাই যুদ্ধের চেতনা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এস এম সুইট তাঁর আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগ দাখিলের পর এস এম সুইট বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আমি সামনে থেকে রাজপথে ছিলাম। আমার অনেক ভাই-বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। জুলাই মাস এলেই সেই স্মৃতি আমাকে আবেগাপ্লুত করে। এরপরও কেউ যদি জুলাই আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেন, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই যারা জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। প্রশাসন দ্রæত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। ঊর্ধ্বতনদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।






